শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: দিনাজপুরে ইতালীয় নাগরিক ড. পিয়ারো পিজম (৫২)কে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ সকাল পৌনে ৮টার দিকে দিনাজপুরের মির্জাপুর বিআরটিসি বাস ডিপো এলাকায় ঘটেছে এ ঘটনা। তিনি শুইহারি ক্যাথলিক মিশন চার্চের ফাদার।
এ ঘটনার পর জেলা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খুব কাছে থেকে ড. পিয়ারোকে ঘাড়ের পেছনে গুলি করা হয়। গুলিটি ভেদ করে বিপরীত দিকে বের হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনি বাইসাইকেল যোগে সুইহারী আশ্রম থেকে সেন্ট ফিলিপস স্কুলে যাচ্ছিলেন। বিআরটিসি ডিপোর সামনে এলে দুর্বৃত্তদের আক্রমণের শিকার হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে তার অস্ত্রপচার সমপন্ন হয়েছে। তার অবস্থা বিবেচনা করে ঢাকায় স্থানান্তর করা হতে পারে বলে জানিয়েছেন দিনাজপুর পুলিশ সুপার মো. রুহুল আমিন।