নিউজ ডেস্ক: সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষা চেয়েছিলেন কি-না তা নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে।
গতকাল সরকারের একাধিক মন্ত্রী এ ইস্যুতে কথা বলেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে। তাদের দাবি, সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেছিলেন। তাদের পরিবারের সদস্যরা বিভ্রান্তি তৈরি করছেন।
অন্যদিকে, সালাউদ্দিন কাদের ও মুজাহিদের সঙ্গে সর্বশেষ সাক্ষাতের বরাতে তাদের পরিবারের সদস্যরা দাবি করছেন, তারা কোন ধরনের প্রাণভিক্ষা চাননি। সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই জামাল উদ্দিন কাদের চৌধুরী গতকাল রাউজানে এক সংবাদ সম্মেলনে বলেন, প্রাণভিক্ষার বিষয়ে সালাউদ্দিন কাদের আমাদের বলেছেন, আমি মার্সি চাই। তবে তা রাব্বুল আলামিনের কাছে, কোন বান্দার কাছে নয়।
তবে আইন সংশ্লিষ্টরা প্রশ্ন তুলেছেন সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ক্ষেত্রে আদৌ সংবিধানের ৪৯ অনুচ্ছেদ প্রযোজ্য কি-না? গত কয়েক বছর মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন করা হয়। কোন আবেদনেই নিজেদের পক্ষে আদেশ পাননি তারা। প্রতিটি ক্ষেত্রে যুক্তি এসেছে মানবতাবিরোধী অপরাধীদের ক্ষেত্রে সাংবিধানিক অধিকার প্রযোজ্য নয়।
এমনকি সুপ্রিম কোর্ট মানবতাবিরোধী অপরাধীদের রিভিউ আবেদন শুনলেও তা শুনছে সুপ্রিম কোর্টের অন্তর্নিহিত ক্ষমতাবলে। সেখানে স্পষ্ট করা হয়েছে, সাংবিধানিক অধিকার মানবতাবিরোধী অপরাধীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেও এ আইনে দণ্ডপ্রাপ্তদের প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনার বিধান সম্পর্কে কিছু বলা হয়নি।
এদিকে, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মৃত্যুদণ্ড মওকুফ চেয়ে প্রেসিডেন্টের কাছে আবেদন করলেও তাদের পরিবার বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে। সচিবালয়ে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই- উনারা যে দরখাস্ত করেছিলেন, তা সংবিধানের ৪৯ অনুচ্ছেদে প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহারের জন্য।
তিনি বলেন, সরকারের দায়িত্ব হচ্ছে সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করা। ক্ষমা না চাইলেও কিন্তু রায় কার্যকর করতে পারতাম। এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে অবান্তর একটা ইস্যু সৃষ্টি করার জন্য। প্রাণভিক্ষার আবেদন চাওয়া-না চাওয়া নিয়ে পরিবারের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য আসায় ওই আবেদন প্রকাশ করা হবে কিনা- এ প্রশ্নে আইনমন্ত্রী বলেন, প্রেসিডেন্টের অনুমতি ছাড়া ওই দরখাস্ত প্রকাশ করা যাবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে কোন জায়গায় ছোটাছুটি করতে কম যায় নি। বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছে। তার পার্টি চিফের বাসায় গিয়েছে, সব জায়গায় গিয়েছে। শাস্তি মওকুফ করার জন্য কিংবা একটা কৌশল বের করার জন্য সবরকম প্রচেষ্টা তারা করেছেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ফাঁসি কার্যকর হওয়ার আগে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষা চেয়েছেন। এর মাধ্যমে তারা অপরাধ স্বীকার করে নিয়েছিলেন। এ নিয়ে বিতর্কের সুযোগ নেই।
মন্ত্রী আরও বলেন, তাদের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেয়ার পর সরকার শুধু সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করেছে। এ দুটি রায় কার্যকর করতে আইনের সব ধাপ শেষ করা হয়েছে। আসামিরা আইনগত সব সুবিধা পেয়েছেন।