বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫১

হাকালুকিতে আসছে অতিথিরা: নিরাপত্তা নিয়ে শংকা

হাকালুকিতে আসছে অতিথিরা: নিরাপত্তা নিয়ে শংকা

এম. মছব্বির আলী: শীতের প্রকোপ যত বাড়ছে এশিয়ার সর্ববৃহৎ হাকালুকি হাওরে বাড়ছে অতিথি পাখির সংখ্যা। সুদুর সাইবেরিয়া ও হিমালয়ের পাদদেশ থেকে এরা আসে দেশের বৃহত্তম এই অতিথি পাখির সমাগমস্থলে।

অতিথি পাখির কলকাকলিতে পাল্টে যাচ্ছে ছোট বড় ২৩৮ টি বিল ও ১০টি নদী নিয়ে গঠিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হাকালুকি হাওরের চেহারা। তবে অতিথি পাখি শিকার বন্ধে মনিটরিং ব্যবস্থা চালু করা না হলে সংঘবদ্ধ শিকারী চক্র তৎপর হয়ে উঠতে পারে।

সরেজমিন গিয়ে দেখা যায়, ইতোমধ্যে বড় বড় দলে শীতপ্রধান দেশ রাশিয়া, সাইবেরিয়া, উত্তরমেরু, অস্টেলিয়া, মঙ্গোলিয়া, নেপাল, জিনজিয়াং ও ভারতসহ নানা দেশের হাজার হাজার অতিথি পাখি শীতপ্রবণ উত্তর মেরু থেকে নিজেদের বাঁচাতে দক্ষিণের নাতিশীতোষ্ণ অঞ্চল হাকালুকিতে এসেছে। হাওরের বিলগুলোতে অতিথি পাখির জলকেলি সৌন্দর্যের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। দিন দিন পাখিদের সংখ্যা বাড়ছে।

উপযুক্ত পরিবেশ আর নিরাপদ আশ্রয়ে এসব অতিথি পাখি নির্ভাবনায় মেতে উঠেছে খোশগল্প আর জলকেলিতে। বিলের পাড়ে কোথাও তারা জুটিবদ্ধভাবে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিচ্ছে। আবার কখনো চক্রাকারে উড়ে বেড়াচ্ছে মুক্ত আকাশজুড়ে। এসব অতিথি পাখির কলকাকলি আর কিচিরমিচির শব্দে হাওরের বিলগুলোতে মধুময় সুরের আবহ বিরাজ করছে। শীতের এই সময় হাওর তীরের মানুষের ঘুম ভাঙে পাখির কলকাকলিতে।

হাকালুকি হাওরের চকিয়া, কালাপানি, নাগুয়া, চাতলা, ফুটবিল, গৌরকুরী, বিলাইয়া, ধলিয়া, তুরল পোয়ালা, চিনাউরা, পলোভাঙ্গা, ধলিয়া, চাতলা, পিংলা ও হাওরখাল বিলে অতিথি পাখির পদচারণা বেশি থাকে বলে জানান হাওর পাড়ের বাসিন্দারা।

পরিবেশ অধিদপ্তর জানায়, প্রতিবছর থেকে এবার শীত বিলম্বিত হওয়ায় নভেম্বর মধ্য সময় থেকে পাখি আসতে শুরু করেছে। আবার মার্চের শেষদিকে আপন ঠিকানায় ফিরে যায়। খাদ্যের সন্ধ্যানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ছুটে আসে নানা প্রজাতির রঙ বেরঙ্গের অতিথি পাখির অবাঁধ বিচরনে অন্যরকম সৌন্দর্য ফুঠে উঠেছে হাওরের বিলগুলো।

অধিদপ্তরের পাখি বিশেষজ্ঞ বশির আহমদ জানান, প্রতিবছর প্রায় ২০০ প্রজাতির অতিথি পাখির মধ্যে সাধারণত ৫০-৫৩ প্রজাতির লক্ষাধিক পাখি ডানায় ভর করে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে এ অঞ্চলে আসে। হাকালুকি হাওরে যেসব পাখি আসে তার বেশির ভাগই বেয়ারের ভুতিহাঁস, প্রশান্ত শৈলবগা, ফুলুরি হাঁস, ধুপানি, লালমুড়ি, বামুনিয়া হাঁস, সিন্ধু ঈগল, বাড়িঘোরা, হুড হুড, সরালি, খঞ্জনা, পাতারিহাঁস, পাতিতারা, নোনাজোৎসা, গয়ার ইত্যাদি।

পাখি পর্যবেক্ষকরা মনে করেন, হাকালুকি হাওরে এক শ্রেণীর অসাধু পাখি শিকারীর বিষটোপ আর পাতানো ফাঁদে মারা পড়ে হাজার হাজার পাখি। ফলে প্রতি বছরই অতিথি পাখির সমাগম হ্রাস পাচ্ছে। বিপন্ন হয়ে পড়ে নানা প্রজাতির দেশি বিদেশী পাখি। এসব পাখি শিকারীদের বিরুদ্ধে যথাযথ কার্যকরী প্রদক্ষেপ না থাকার কারণেই এমন ঘটছে।

ক্রেল প্রকল্প কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান জানান, হাকালুকি হাওরে অতীতের তুলনায় পাখি শিকার অনেকটা কমেছে। তারপরও হাওর উন্নয়ন কাজে সম্পৃক্ত সকলের সম্মিলিত প্রচেষ্টায় অতিথি পাখিদের অবাদ বিচরণ নিশ্চিতকরণ করতে হবে। তার জন্য প্রশাসনকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026