শীর্ষবিন্দু নিউজ: সাবেক মেয়র লুৎফুর রহমান ও সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর অহিদ আহমদ এর মতবিরোধ অনেক আগেই বুঝতে পেরেছিলেন টাওয়ার হ্যামলেটস এর জনগণ। গত নির্বাচনে এর হিসেব পুরোটা সামনে চলে আসে যখন ইলেকশনের সময় অহিদ আহমদ হলিডেতে আমেরিকায় চলে যান।
আর ডেপুটি মেয়রের দায়িত্ব অহিদ আহমদ এর কাছ থেকে চলে যায় কাউন্সিলর ওলিউর রহমানের কাছে। নির্বাচনের ক্যাম্পেইনেও তেমন দেখা যায়নি অহিদ আহমদকে। এ নিয়ে অনেক বথাবার্তা চলছিল বাঙ্গালী পাড়া টাওয়ার হ্যামলেটসে পুরো নির্বাচন জুড়েই।
তাই এবার বিভিন্ন ইস্যুতে মতপার্থক্যের কারণে লুৎফুর রহমানের নেতৃত্বে গঠিত ইন্ডিপেনডেন্ট গ্রুপ ত্যাগ করেছেন সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর অহিদ আহমদ। সেই সাথে কাউন্সিলর শফিকুল হক। গ্রুপ ত্যাগ করলেও তারা স্বতন্ত্র কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করবেন। তবে তারা লেবার পার্টিতে ফিরছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চলতি বছরের এপ্রিলে ইলেকশন কোর্টের রায়ে সাবেক মেয়র লুৎফুর রহমানকে দোষি সাব্যস্ত করার পাশাপাশি রাজনৈতিক দল হিসাবে টাওয়ার হ্যামলেটস ফার্স্টের নিবন্ধনও বাতিল করা হয়। এরপর টাওয়ার হ্যামলেটস ফার্স্টের কাউন্সিলররা টাউন হলে ইন্ডিপেনডেন্ট গ্রুপ হিসেবে রয়েছেন।
২০১০ সালে মেয়র নির্বাচনকে কেন্দ্র করে সাবেক মেয়র লুৎফুর রহমানের সঙ্গে লেবার ত্যাগ করেন কাউন্সিলর অহিদ আহমদ। নির্বাচনের কিছু দিন পর লেবার ত্যাগ করে লুৎফুর টিমে যোগ দিয়েছিলেন কাউন্সিলর শফিকুল হক। এরপর ২০১৪ সালের নির্বাচনে টাওয়ার হ্যামলেটস ফার্স্টের প্রার্থী হিসাবে দুজনই পুনরায় কাউন্সিলর নির্বাচিত হন।
কাউন্সিলর অহিদ আহমদ সাবেক মেয়র লুৎফুর রহমানের প্রথম দফার ক্যাবিনেটে ডেপুটি মেয়র ও লিড মেম্বারের দায়িত্ব পালন করেন। ক্যাবিনেটে ছিলেন কাউন্সিলর শফিকুল হকও।