বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪১

বিশ্বের ক্ষমতাধর নারীর ব্যক্তিগত জীবন কেমন

বিশ্বের ক্ষমতাধর নারীর ব্যক্তিগত জীবন কেমন

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: তিনি সুপার মার্কেটে বাজার করেন৷ নাপিতের দোকানে অন্যদের পাশে বসে অপেক্ষা করেন৷ এমনকি সরকারি ভবন নয়, নিজের বাড়িতে থাকাই তাঁর পছন্দ৷ তিনি আর কেউ নন, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী জার্মান চ্যান্সেলার আঙ্গেলা মার্কেল৷ ২০১৫ সালে ফোর্বস ম্যাগাজিনের বিবেচনায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী আঙ্গেলা মার্কেল৷

উডো ভালৎস গত দশ বছর ধরে মার্কেলের চুল কাটেন৷ তাঁর কথায়, চ্যান্সেলার হওয়ার আগেও তিনি যেমন সেলুনে অন্যদের সঙ্গে বসতেন, এখনও তাই করেন৷ তাঁকে কোনও বিশেষ ছাড় দেওয়া হয় না৷ অর্থাৎ তিনিও অন্যদের মতো ৬৫ ইউরো দেন৷ একদম আগের মতো আছেন তিনি৷

বার্লিনের ‘মিউজিয়াম আইল্যান্ড’-এর একটি জাদুঘরের কাছে নিজস্ব, কিন্তু পুরানো একটা ফ্ল্যাটে থাকেন আঙ্গেলা মার্কেল ও তাঁর স্বামী ইওয়াখিম সাউয়ার৷ শুধু নিরাপত্তার জন্য দু’জন পুলিশ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে৷ এছাড়া কিন্তু সব কিছু আগের মতো আছে৷ এই যেমন, ছুটি পেলে আজও কাছের উকারমার্ক নামের ছোট্ট শহরে চলে যান দু’জনে৷ সেখানেই তিনি বড় হয়েছেন!

চ্যান্সেলার মার্কেল সাধারণ সুপার মার্কেটেই বাজার করতে যান৷ বিশেষ করে যেগুলো একটু বেশি সময় খোলা থাকে৷ বাজার করা সম্পর্কে আঙ্গেলা ম্যার্কেল একবার এক দোকানিকে বলেছিলেন, আমার এই অল্প অবসর সময়ে বাজার করার মতো সব কাজই করার চেষ্টা করি, যেমনটা আগে করতাম৷ অবশ্য যখন নিজে পারি না, তখন বাজারের লিস্ট তৈরি করে স্বামীর হাতে তুলে দিই৷

দোকানের একজন নারী কর্মী জানান, চ্যান্সেলার ম্যার্কেল অন্যান্য ক্রেতার মতোই কিছু খুঁজে না পেলে কোথায় কী রাখা আছে, তা সাধারণ গৃহিণীদের মতোই জানতে চান৷ তাঁর নিরাপত্তার জন্য দেহরক্ষী সঙ্গে না থাকলে কেউ হয়ত বুঝবেই না যে তিনিই আমাদের ‘অ্যাঞ্জি’৷ কর্মীটি আরও জানান, শত ব্যস্ততার মধ্যেও কিন্তু চ্যান্সেলারের মুখে হাসিটুকু লেগে থাকে, যা ভীষণ ভালো লাগে৷

জার্মান চ্যান্সেলার আঙ্গেলা মার্কেলের ভীষণ পছন্দ ফ্রেঞ্চ চিজ বা পনির, যা তিনি নিজেই কিনতে ভালোবাসেন৷ আর সেই কথাই গর্ব করে জানান ডিপার্টমেন্টাল স্টোরের একজন কর্মী৷ হাতে দামি ব্যাগ নেওয়ার চেয়ে ভালো খাওয়া-দাওয়া মার্কেলের কাছে বেশি গুরুত্বপূর্ণ৷ যখন তিনি রান্না করার সময় পান না, তখন স্বামী ইওয়াখিম সাউয়ারকে নিয়ে বার্লিনের ‘কাসামবালিস’ নামের একটি রেস্তোরাঁয় খেতে যান৷ দামি খাবারের চেয়ে অবশ্য ‘গ্রিক মিটবল’-এর মতো সাধারণ খাবারই বেশি পছন্দ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই নারীর৷

অন্যান্য রাজনীতিকদের মতো বিলাসিতা আঙ্গেলা মার্কেলের তেমন পছন্দ নয়৷ বরং সাধারণ জীবনযাপনই তাঁর বেশি ভালো লাগে৷ তাই তিনি যতটা সম্ভব সেভাবেই চলার চেষ্টা করেন স্বামীকে নিয়ে৷ আঙ্গেলা মার্কেল সময় সুযোগ পেলে স্বামীকে সঙ্গে নিয়ে হাঁটতে বের হন৷ শারীরিক এবং মানসিকভাবে ‘ফিট’ থাকতে মুক্ত বাতাসে হাঁটা-চলা যে ভীষণ জরুরি, সেটা তিনি যেন সকলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন৷ এই না হলে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী!




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026