চৌধুরী মুমতাজ আহমদ: বাংলাদেশ বিমানের সঙ্গে সিলেটের যোগ জন্মলগ্ন থেকেই। ১৯৭২ সালের ৪ঠা ফেব্রুয়ারি যখন অভ্যন্তরীণ রুটে বিমানের যাত্রা শুরু, সেই থেকে সঙ্গী সিলেট। ভারত থেকে নিয়ে আসা ম্যাকডোনেল ডগলাস ডিসি-৩ বিমানটি তখন ছুঁয়ে যেত সিলেটের রানওয়েও।
ওই বছরের ৪ঠা মার্চ বৃটিশ সরকারের কাছ থেকে পাওয়া বোয়িং-৭০৭ চার্টার্ড বিমান নিয়ে যখন আন্তর্জাতিক রুটে যাত্রা শুরু করে, সে সাফল্যের ভাগিদার হিসেবেও আছে সিলেটের নাম। ঢাকা-লন্ডন রুটের সাপ্তাহিক ফ্লাইটের বেশির ভাগ যাত্রীই ছিলেন সিলেটের বাসিন্দা। তারা সিলেট থেকে ঢাকা গিয়ে সঙ্গী হয়েছিলেন সাফল্যযাত্রায়। বাংলাদেশ বিমানের এমন মিতা সিলেট বারবারই বঞ্চনার শিকার হয়েছে। নামে আন্তর্জাতিক হলেও আন্তর্জাতিক বিমানবন্দরের পুরো মর্যাদা এখনও জুটেনি সিলেটের ওসমানী বিমানবন্দরের ভাগ্যে।
সিলেট থেকে উড়াল দিয়ে সরাসরি কোনো বিমান আন্তর্জাতিক গন্তব্যে যাচ্ছে না। অবশ্য আগে অজুহাত ছিল রিফুয়েলিং
স্টেশন না থাকার বিষয়টি। তবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রিফুয়েলিং স্টেশনের কাজ সম্পূর্ণ হলেও এখনও সিলেটে থেকে উড়ে যাচ্ছে না আন্তর্জাতিক ফ্লাইট। বিমানের কিছু অসাধু কর্মকর্তার যোগ বিয়োগের হিসেবের কারণেই এমনটি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক রুটে সিলেট থেকে সরাসরি ফ্লাইট না থাকায় বিমানকে প্রতি মাসে কয়েক কোটি টাকা গচ্চা দিতে হচ্ছে।
প্রবাসী অধ্যুষিত অঞ্চল হওয়ায় সিলেট থেকে অভ্যন্তরীণ রুটের চেয়ে আন্তর্জাতিক রুটেই যাত্রীর সংখ্যা বেশি। অভ্যন্তরীণ রুটের যাত্রী মূলত তারাই যারা ঢাকা থেকে ভিনদেশের ফ্লাইট ধরতে চান। তারা সিলেট হয়ে যন্ত্রণা সয়ে তবে চড়েন নিজ নিজ গন্তব্যের ফ্লাইট।
আবার অভ্যন্তরীণ রুটেও যাত্রীর সংখ্যা নেহায়েত কম নয়। কিন্তু আন্তর্জাতিক যাত্রীদের সংখ্যা বেশি থাকায় অভ্যন্তরীণ যাত্রীদের জন্য আর জায়গা থাকে না অভ্যন্তরীণ ফ্লাইটে। তখন তারা ধরেন বিকল্প পথ। যাত্রী হারালেও যেন বিমানের ঊর্ধ্বতন কর্তাদের এ নিয়ে মাথাব্যথা নেই।
যুক্তরাজ্য প্রবাসীরা সরাসরি গন্তব্যে যেতে না পারলেও কানেকটিং ফ্লাইটের সুবাদে অন্তত বিমানে চেপে সিলেটের মাটিতে নামতে পারছেন। যুক্তরাষ্ট্র ও কানাডার যাত্রী সে সুবিধাও পাচ্ছেন না। তারা আশায় ছিলেন অন্য কোনো আন্তর্জাতিক সংস্থার বিমানে চেপে না হয় অন্তত সরাসরি সিলেটে পৌঁছাতে পারবেন। কিন্তু সে আশায়ও যেন গুড়ে বালি।
সিলেটের প্রতি বিমানের বিমাতাসুলভের প্রভাব ফেলছে অন্যান্য এয়ারলাইনসের মনোভাবেও। ফ্লাই দুবাই নামের আন্তর্জাতিক বিমান সংস্থা সিলেট-দুবাই রুটে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নিলেও একটি ফ্লাইট সিলেটে আসার পর তাও থমকে যায়। রবি ও বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের বাকি ৫ দিন ওসমানী থেকে ফ্লাই দুবাইয়ের ফ্লাইট পরিচালনার কথা থাকলেও ২০১৫ সালের ১লা এপ্রিল উদ্বোধনী ফ্লাইটের পর আর এ বিমান সংস্থাটির আর কোনো ফ্লাইট নামেনি ওসমানী বিমানবন্দরে।
পরবর্তী সময়ে অন্য কোনো আন্তর্জাতিক বিমান সংস্থাও উদ্যোগী হয়নি। অনেকেরই অভিযোগ, নিজেদের স্বার্থেই বিমানের কিছু শীর্ষ কর্মকর্তা অন্যান্য আন্তর্জাতিক বিমান সংস্থাকে সিলেট থেকে ফ্লাইট পরিচালনায় নিরুৎসাহিত করছেন। অভিযোগ, নিজেদের স্বার্থেই এরা সিলেটের সঙ্গে ‘দুশমনি’ করছেন।
সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট থাকার জন্য অনেক দিন ধরেই ভোগান্তি পোহাচ্ছিলেন সিলেটের হজযাত্রীরা। অবশ্য অনেক দেন-দরবারের পর গেল হজ মৌসুমে সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইটের ব্যবস্থা করা হয়। তবে এর মধ্যেও হতাশার গল্প আছে। প্রথম দিকে সিলেট থেকে হজযাত্রীদের সরাসরি গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য ৪টি ফ্লাইটের ব্যবস্থা হলেও পরে দুটো ফ্লাইট কেটে নেয়া হয়।
আন্তর্জাতিক রুটে সরাসরি ফ্লাইট না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সিলেটের ব্যবসায়ীরাও। সিলেট থেকে প্রতি মাসে সাতকরা, সবজি, জারা লেবুসহ প্রায় ৩০ কোটি টাকার পণ্যসামগ্রী রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন প্রান্তে। ঢাকা হয়ে পণ্য রপ্তানির কারণে ব্যবসায়ীদের খরচ বেড়ে যায়। পাশাপাশি পণ্যের নষ্ট হওয়ারও আশঙ্কা থাকে। এ কারণে অনেক ব্যবসায়ী পণ্য রপ্তানিতে নিরুৎসাহিত হচ্ছেন। যার নেতিবাচক প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে।
আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত হওয়ার পর সিলেটের সবচেয়ে বড় পাওয়া ছিল সিলেট-লন্ডন রুটে নিয়মিত ফ্লাইট। তবে ২০১২ সালে কুয়াশার দোহাই দিয়ে বন্ধ করে দেয়া হয় সে ফ্লাইটটি। সাড়ে তিন বছরেও সে কুয়াশা কাটেনি। বিমানের কিছু কর্মকর্তাই এ কুয়াশা কাটতে দেননি বলে অভিযোগ রয়েছে। কারণ এর পেছনে রয়েছে তাদের বিশাল বাণিজ্যের গল্প। সিলেট থেকে সরাসরি ফ্লাইট লন্ডন যাত্রা করলে ‘ক্ষতি’র মুখে পড়বেন তারা। যাত্রীরা সরাসরি চলে গেলে তাদের ‘অতিথি’ হবেন কী করে?
সিলেট থেকে দূর দেশে যাওয়া যাত্রীদের অতিথি করতে তারা বিশাল আয়োজন রেখেছেন। বিমানের টাকায় অতিথি বানিয়ে কর্মকর্তার পকেটে পুরছেন কোটি কোটি টাকা। সরাসরি ফ্লাইট না থাকায় আন্তর্জাতিক যাত্রীদের ঢাকায় মধ্যবিরতি নিতে হয়। এ সময় তাদের বিমানের তত্ত্বাবধানে বিভিন্ন হোটেল-রেস্ট হাউসে রাখা হয়। আর এসব হোটেল-রেস্ট হাউসের সঙ্গে যোগ রয়েছে বিমানের কিছু প্রভাবশালী কর্মকর্তার।
মাঝপথে যাত্রীদের আটকে বিমানের ‘অতিথি’ করা হয়। তাদের জন্য মাথাপিছু বিমানের হোটেল বাবদ খরচ হয ২২ শ’ টাকা। মাসে এ হিসাবে শুধু সিলেটের যাত্রীদের জন্যই বিমানের বাড়তি খরচ হয় কোটি টাকারও বেশি। আর যাত্রীদের বাড়তি পাওনা হচ্ছে ভোগান্তিটাও।
বাংলাদেশ ট্রাভেল এজেন্ট সমিতির (আটাব) সিলেট অঞ্চলের সভাপতি আবদুল জব্বার জলিল মানবজমিনকে বলেন, বাংলাদেশ বিমানে কর্মরত সিলেটবিদ্বেষী একটি মহলের নিজস্ব স্বার্থের কারণেই সব ধরনের সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হচ্ছে না।
তিনি বলেন, এ নিয়ে তারা অনেক জায়গায় আবেদন-নিবেদন করেছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না। তিনি অভিযোগ করেন, পেছনে কোটি টাকার ব্যবসা থাকায় প্রভাবশালী মহলেরও প্রশ্রয় পাচ্ছে ওই অসাধু চক্রটি।