শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কোম্পানি নির্ধারিত সময়ের বাইরে কেউ কাজ রেখে নামাজ আদায় করতে গেলেই চাকরিচ্যুত করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের একটি কোম্পানি। এ কোম্পানিটির নাম এরিয়েন কোম্পানি। সেখানে চাকরি করেন ৫৩ জন মুসলিম। তাদের উদ্দেশে নতুন করে পরিবর্তন করা হয়েছে নামাজবিষয়ক নীতি।
এর আগে সেখানে কর্মরত মুসলিমরা এক শিফটে দু’বার নামাজ আদায় করতে পারতেন। কিন্তু নতুন নীতির অধীনে তারা শুধু দুপুরের খাওয়ার বিরতির সময় নামাজ আদায় করতে পারবেন। এর বাইরে গিয়ে দিনে দু’বার যদি ৫ মিনিট করে নামাজের বিরতি নেন কোনো কর্মী তাহলে তাকে চাকরি থেকে বহিষ্কার করা হবে। এ খবর দিয়েছে লন্ডনের ডেইলি মেইল।
এতে বলা হয়েছে, কোম্পানির এমন সিদ্ধান্তে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কিন্তু ওই কোম্পানিতে
কর্মরত অন্যরা পরিবর্তিত নীতি মেনে নিতে সম্মতি দিয়েছে। বাকিরা অর্থাৎ মুসলিমদের এ নীতি মেনে নিতে হবে না হয় তাদেরকে চাকরি ছেড়ে যেতে হবে।
ওই কোম্পানিটি উইসকনসিনের ব্রিলিয়নভিত্তিক। তারা গত বৃহস্পতিবার নীতিতে পরিবর্তন এনেছে। এর এক প্রতিনিধি ডব্লিউবে টিভিতে বলেছেন, প্রডাকশনের জন্য কারখানায় অনির্ধারিত ব্রেক বা বিরতি অনুমোদিত নয়। শনিবার এরিয়েন কোম্পানির প্রতি মুসলিমদের যথাসময়ে বা পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী নামাজ আদায়ের সুযোগ দেয়ার জন্য আহ্বান জানিয়েছে দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (কেয়ার)। তারা সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আগের নীতি বহাল রাখার আহ্বান জানায়।
কোম্পানির এক মুখপাত্র বলেছেন, নির্ধারিত ব্রেক বা বিরতির সময় কর্মরতদের নির্ধারিত নামাজ আদায়ের ঘরে গিয়ে নামাজ আদায় করতে বলা হয়েছে। খাওয়ার সময় কেউ তো নামাজ আদায় করতে পারেন না। এ বিষয়ে গ্রিন বে মসজিদের ইমাম হাসান আবদি বলেছেন, কেউ যদি আপনাকে বলেন যে, তোমার বিরতির সময় নামাজ আদায় কর এবং সেই সময়টা যদি নামাজের সময় না হয় তাহলে কি হবে? তখন তো নামাজ আদায় করা অসম্ভব হয়ে পড়বে।
ইব্রাহিম মোহাম্মদ নামে এক কর্মী বলেছেন, তিনি যথাসময়ে নামাজ আদায় করতে গিয়েছিলেন বলে তাকে চাকরিচ্যুতির স্লিপ ধরিয়ে দেয়া হয়েছে। তারা যখন বলছে তখন নামাজ আদায় করতে হচ্ছে। তা না হলে সঙ্গে সঙ্গে চাকরিচ্যুতি। ওই কারখানায় কাজ করেন আদান হুর।
তিনি এমন পরিবর্তনে হতাশ। বলেন, আমি ৩৫ বছর ধরে আমেরিকায় বসবাস করছি। এ যাবৎ শুনিনি কোনো কোম্পানি তার কর্মীদের নামাজ আদায়ের জন্য ৫ মিনিট সময় দেয় না। এটা এক ধরনের অবমাননা। তিনি আরও বলেন, আমাকে নামাজের অনুমতি দিন, যাতে কাজে ফিরতে পারি। আমি যা ভালোবাসি আমাকে তা করতে দিন। কিন্তু আমাদেরকে তা করতে দেয়া হচ্ছে না।