শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৭

সিলেটে দেড় শতাধিক ব্যাটারিচালিত রিক্সা আটক

সিলেটে দেড় শতাধিক ব্যাটারিচালিত রিক্সা আটক

নিউজ ডেস্ক: সিলেটে জোরেসোরে শুরু হয়েছে ব্যাটারিচালিত রিক্সা আটক অভিযান। রোববার দুপুর সাড়ে ১২টা থেকে নগরীর সকল পয়েন্টে ব্যাটারিচালিত রিক্সা আটক শুরু করেছে ট্রাফিক পুলিশ। বেলা সাড়ে ৩টা পর্যন্ত অভিযানে দেড়শতাধিক অবৈধ ব্যাটারিচালিত রিক্সা আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিমের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ কমিশনার নিকোলিন চাকমা বলেন, উচ্চ আদালতে রিট খারিজ হওয়ার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান শুরু হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে উচ্চ আদালতে গত ১৯ জানুয়ারি খারিজ হওয়া রিট ১৩৯৯৬/১২’র নিষ্পত্তি সংক্রান্ত কাগজপত্র সিলেট রিক্সা মালিক সমাজ কল্যাণ সমিতির সভাপতি এমএএম শাহজাহান সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সিলেটের জেলা প্রশাসক ও সিলেট সিটি করপোরেশনে রোববার দুপুরে হস্তান্তর করেন। এ সময় লিখিত আবেদনে উল্লেখ করা হয়, আদালত রিট আবেদনের রুল জারি করলেও কোথাও ব্যাটারিচালিত রিক্সা চলাচলের অনুমতি দেননি। রিট খারিজ হওয়ায় বর্তমানে ব্যাটারিচালিত রিক্সা উচ্ছেদে কোনো বাধা নেই।

সিলেট রিক্সা মালিক সমাজ কল্যাণ সমিতির সভাপতির প্রধান উপদেষ্ঠা সহিদুল হোসেন আহমদ মামুন বলেন বলেন, আমরা রিট খারিজ সংক্রান্ত কাগজপত্র প্রশাসনের কাছে হস্তান্তর করেছি। রিট ব্যাটারিচালিত রিক্সা চলাচলের অনুমতি নয়।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, সিলেট নগরীতে ব্যাটারিচালিত রিক্সা চলাচল বন্ধে এসএমপির সহায়তায় সিসিক অভিযান চালাবে।

গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এসএম মজিবুর রহমানের যৌথ বেঞ্চ শুনানি শেষে সিলেট ব্যাটারি চালিত রিক্সা মালিক সমিতির রিট খারিজ করে দেন। এরপর থেকে রোববার অভিযান শুরু করে এসএমপির ট্রাফিক বিভাগ।

উল্লেখ্য গত বছরের ২১ মে প্রাক বাজেট আলোচনায় সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ব্যাটারিচালিত রিক্সার বিরুদ্ধে অভিযানের নির্দেশ দেন। এর আগে ২০১৪ সালের ৭ নভেম্বর সিলেট সফরকালে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের নিজে অভিযান চালিয়ে ১০টি অটোরিক্সা আটক করে এই যানটি নিষিদ্ধ করেছিলেন। এছাড়াও সিসিকের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীও ব্যাটারিচালিত রিক্সার বিরুদ্ধে ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026