নিউজ ডেস্ক: মোহাম্মদ মাসুদ। জীবন যুদ্ধে সংগ্রামী এক যুবক। থাকেন নগরীর মেজরটিলা এলাকায়। মাত্র ৭ বছর বয়সেই টাইফয়েডে মাসুদের দুই পা বিকল হয়ে যায়।
দরিদ্র পরিবারে জন্ম নেওয়া মাসুদ এর পরও থেমে থাকেননি। ঝাঁপিয়ে পড়েন জীবন যুদ্ধে। ভিক্ষাবৃত্তিতে না ঝুঁকে তিনি নানা শ্রমনির্ভর পেশায় জীবন নির্বাহের চেষ্টা করে যাচ্ছেন। দীর্ঘদিন তিনি এমসি কলেজে আইসক্রিম বিক্রি করতেন। আইসক্রিম বিক্রি ভাল না হওয়ায় পেশা পরিবর্তন করেন ।
মাসুদ এখন ব্যাটারি চালিত রিক্সা চালান। নিজের জমানো পুঁজি দিয়েই মাসুদ বিশেষভাবে তৈরী ব্যাটারী চালিত রিক্সা ক্রয় করেছেন। এখন এই রিক্সাই তার জীবন সংগ্রামের অবলম্বন। যাত্রীরাও বেশ আনন্দ বোধ করেন মাসুদের রিক্সায় চড়ে।
নগরীতে ব্যাটারী চালিত রিক্সার চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও মাসুদের ব্যাপারে সহযোগিতা করছে প্রশাসন। নেত্রকোনা জেলার কালিজুড়ি থানার মৃত আব্দুল হকের পুত্র মাসুদ। বিয়ে করেছেন কয়েক বছর আগে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
আলাপকালে মাসুদ জানালেন, চলার পথে সবাই তাকে বেশ সহযোগিতা করছেন। এখন তার সন্তানদের মানুষ হিসেবে গড়ে তোলাই মাসুদের একমাত্র স্বপ্ন।