আন্তর্জাতিক নিউজ ডেস্ক: শিশু আশাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে সে রয়েছে একটি কমিউনিটি বন্দিশিবিরে। তবে তার অবস্থার উন্নতি হলেই নাউরু দ্বীপে ফেরত পাঠানো হবে বলে জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।
অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক মন্ত্রী পিটার ডাটন বলেন, বেবি আশার চিকিৎসা শেষ হলে তাকে নাউরুতে ফেরত পাঠানো হবে। তাকে নিয়ে যে আইনি জটিলতা র
য়েছে তার সমাধান করতে হবে।
শিশু আশাকে নিয়ে এরই মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। অস্ট্রেলিয়া থেকে দুই হাজার মাইল দূরে সমুদ্রের মধ্যে অবস্থিত দ্বীপ নাউরু। সেখানে শরণার্থী এক মায়ের গর্ভে তার জন্ম।
তবে অকস্মাৎ এক দুর্ঘটনায় সে মারাত্মক দগ্ধ হয়। তার চিকিৎসা দিতে নেয়া হয় ব্রিসবেনে লেডি সিলেনটো হাসপাতালে। এক বছর বয়সী এই শিশুটিকে ছাড়পত্র দিলেই পাঠানো হবে নাউরুতে, যা তার স্বাস্থ্যের জন্য উপযোগী নয়। এ জন্য চিকিৎসকরা তাকে ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানান। তাকে নাউরু দ্বীপে ফেরত পাঠানোর সিদ্ধান্ত বাতিল করার জন্য বিপুল সংখ্যক মানুষ এরই মধ্যে ওই হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন।
সরকার তাকে নাউরুতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে আসে। তার ঠাঁই হয় মায়ের সঙ্গে কমিউনিটি বন্দি শিবিরে। সেখানে অভিবাসন বিষয়ক এক কর্মকর্তা বর্তমানে তার পুরো পরিবারের দিকে নজরদারি করছে। তাদের চলাফেরা সীমিত করে দেয়া হয়েছে।