নিউজ ডেস্ক: আন্তর্জাতিক রুটের অনেক যাত্রী বিমান থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেক আগেই। এখন ব্যবসায়ীরাও একই পথে যাওয়ার কথা ভাবতে শুরু করেছেন। নিতান্ত অনন্যোপায় না হলে কেউ বিমানের যাত্রী হওয়ার কথা ভাবেন না। কারণ তাঁরা এখানে কাক্সিক্ষত সেবা পাচ্ছেন না। পৃথিবীকে ছোট করে আনার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করা রাষ্ট্রায়ত্ত এয়ারলাইনসটির পৃথিবী ছোট হতে শুরু করেছে অনেক আগে থেকেই। বিমানের যাত্রীসেবার মান প্রশ্নবিদ্ধ।
বিমানবন্দরে নামার পর যাত্রী হয়রানি নৈমিত্তিক ঘটনা। এর সঙ্গে লাগেজ নিয়ে বিড়ম্বনা তো আছেই। গ্রাউন্ড হ্যান্ডলিং ও কার্গো হ্যান্ডলিং সেবা দেওয়ার দায়িত্ব সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের। বাংলাদেশে এই সেবা দিচ্ছে বাংলাদেশ এয়ারলাইনস বা বিমান। আর সেবার নামে যা হচ্ছে তাকে বিড়ম্বনা কিংবা হয়রানি বললে অনেক কম বলা হবে। সেবার নামে চলছে অরাজকতা। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের নামে যাত্রী হয়রানির কথা সবারই কমবেশি জানা আছে।
বিমানবন্দর থেকে লাগেজ খোয়া যাওয়া কিংবা লাগেজ থেকে মালামাল উধাও হয়ে যাওয়ার খবর তো গণমাধ্যমে প্রায়ই আসছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুধু বিমান নয়, যেকোনো এয়ারলাইনসের যাত্রীদের প্রথম ও প্রধান চিন্তা হচ্ছে অক্ষত লাগেজ ফেরত পাওয়া। গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে যাত্রীদের অভিযোগ নিয়েও বিস্তর লেখালেখি হয়েছে। কিন্তু এই সেবার মান পরিবর্তিত হয়নি। সেবার নাম করে লাগেজ থেকে মূল্যবান মালামাল চুরিই যেন বিমানের লোডারদের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। বিমানের কার্গো হ্যান্ডলিং নিয়ে ব্যবসায়ীদের অসন্তোষও চূড়ান্ত পর্যায়ে গেছে।
কোনো বিকল্প যখন হাতে থাকে না তখনই ব্যবসায়ীরা বিমানে মালামাল আনেন বা রপ্তানি করে থাকেন। কিন্তু গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের লোডারদের কারণে হয়রানির শিকার হতে হয় তাঁদের। শাহজালাল বিমানবন্দরের কার্গো থেকে মাল ডেলিভারি নিতে দেড় থেকে দুই মাস সময় লেগে যায় বলে অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের।
এ সময় শত শত কোটি টাকার পণ্য খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হয় বলেও অভিযোগ আছে। কালের কণ্ঠ’র প্রতিবেদনে উঠে এসেছে কার্গো হ্যান্ডলিংয়ে এমনই নানা দুর্নীতির কথা। আসলে বিমান থেকে দুর্নীতির মূলোৎপাটন করতে না পারলে বিমানবন্দরকেও দুর্নীতিমুক্ত করা যাবে না। একটি চিহ্নিত মহল দীর্ঘদিন থেকে পরিকল্পিতভাবেই রাষ্ট্রায়ত্ত এই বিমান সংস্থাটিকে ধ্বংসের মুখে নিয়ে যেতে চাইছে। এ সত্যটি সবার কাছে পরিষ্কার হলেও বিমানকে দুর্নীতিমুক্ত করা যাচ্ছে না।
বিশেষজ্ঞ থেকে শুরু করে সংসদীয় কমিটি অনেকবার বিমানকে দুর্নীতিমুক্ত করার কথা বললেও বিমান রয়ে গেছে আগের অবস্থাতেই। গ্রাউন্ড কিংবা কার্গো হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা লোডারদের পেছনেও যে একটি শক্তিশালী গোষ্ঠী রয়েছে, তা স্পষ্ট। এই গোষ্ঠী থেকে বিমানকে উদ্ধার করতে না পারলে বিমানের উন্নতি হবে না।
বিমানকে যেমন ঢেলে সাজাতে হবে, তেমনি বিমানবন্দর ও সিভিল এভিয়েশন অথরিটিকেও নতুন করে গড়ে তুলতে হবে। শুধু পদ্ধতি পরিবর্তন করে কোনো প্রতিষ্ঠানের সেবার মান বাড়ানো সম্ভব নয়। প্রতিষ্ঠানের আন্তরিকতা আগে প্রমাণ করতে হবে। সেবার নামে নৈরাজ্য বন্ধ হবে, এটাই আমাদের প্রত্যাশা।