সালমা বেগম: পুরুষ নির্যাতন। এটা বদলে যাওয়া যুগের ঘটনা। প্রচারে কখনও সেভাবে আসে না। সংখ্যায়ও হয়তো খুব বেশি নয়। তবে ঘটনা ঘটছে। কখনও কখনও ঘরে নির্যাতনের শিকার হচ্ছেন পুরুষও। স্ত্রীর শারীরিক-মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন তারা। নারী ও শিশু নির্যাতন আইনের অপব্যবহারও হচ্ছে বহুক্ষেত্রে। এ আইনে দায়ের করা মামলার সিংহভাগই শেষ পর্যন্ত মিথ্যা মামলা হিসেবে প্রমাণিত হচ্ছে।
পুরুষ নির্যাতনের সঠিক কোন পরিসংখ্যান পাওয়া যায় না। ২০১৫ সালে স্ত্রীর নির্যাতনের শিকার ১৪ জন পুরুষ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কাছে আইনগত সহায়তা চেয়েছেন। তবে আইনি সহায়তা ছাড়াও মিউচুয়াল পরামর্শ চেয়েছেন অনেক পুরুষই। চলতি বছরের মার্চ পর্যন্ত সহায়তার জন্য এসেছেন তিন জন পুরুষ।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রজেক্ট অফিসার (লিগ্যাল) সালমা সুলতানা বলেন, পারিবারিকভাবে স্ত্রীর মাধ্যমে নির্যাতনের শিকার হয়ে অনেক পুরুষই আসেন সহায়তার জন্য। যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু নির্যাতন মামলার আসমি। শুধু তাই নয় শিক্ষিত সামাজিকভাবে উচ্চ পদে অবস্থানরত পুরুষরা স্ত্রী কর্তৃক মানসিক এবং কিছু ক্ষেত্রে শারীরিক নির্যাতনের শিকার হয়ে আমাদের কাছে পরামর্শের জন্য আসেন।
বাংলাদেশে পুরুষদের জন্য কোন ট্রাইব্যুনাল না থাকায় আইনি সহায়তা দিতে পারি না। তবে মিউচুয়ালি সমাধান দেয়ার চেষ্টা করি। আবার মধ্য ও উচ্চবিত্ত পুরুষদের ক্ষেত্রে দেখা যায় সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং সামাজিক মর্যাদার ভয়ে চুপ করে থাকেন।
বাংলাদেশের আইন অনুযায়ী ডিভোর্সেও পর পিতা সন্তানের জামানত পায় না। পুত্র সন্তান ৭ বছর এবং কন্যা সন্তান ১৮ বছর পর্যন্ত মায়ের কাছে থাকার নিয়ম আছে। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে নারী নির্যাতন মামলার ক্ষেত্রে মিথ্যা মামলার সংখ্যাই বেশি। আর অনেকেই হুমকির মধ্যে রেখে অন্যায় দাবি মানিয়ে নেন। যে কারণে সত্যিকার অর্থেই যারা নির্যাতিত হয় তারা ন্যায় বিচার পান না। এক্ষেত্রে সত্য-মিথ্যা যাচাই করে মামলা করা হলে এ অবস্থার উন্নতি করা যাবে।
কেস স্টাডি-১
২০০৫ সালে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। ঘরে ছয় বছরের কন্যা শিশু। পেশায় আইনজীবী স্বামীর অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীর অসহনশীলতা, পরিবারের সদস্যদের প্রতি অশোভনীয় ও বৈরী আচরণ, যখন তখন বাসা থেকে বের হয়ে যাওয়া, নিজের ইচ্ছামতো বাসায় ফিরে আসা এসব কারণে দাম্পত্য জীবন দুঃসহ হয়ে উঠে। শুধু তাই নয়, স্ত্রী ও তার দুই ভাই এসে একদিন তাকে মারধর করে। একপর্যায়ে তার চিৎকারে অন্য ফ্ল্যাটের লোকজন এসে তাকে উদ্ধার করেন।
এ বিষয়ে স্ত্রীর বাড়িতে শালিসের মাধ্যমে সুরাহা করতে চাইলে ব্যর্থ হন। সর্বশেষ পরিবারের সকল সদস্যের উপস্থিতিতে কুমিল্লার নিজ বাড়িতে পুনরায় শালিসের মাধ্যমে সুরাহার চেষ্টা করেন। উপস্থিত মজলিশে নিজ নিজ দোষ স্বীকারপূর্বক নিজেদের সংশোধনের জন্য তিন মাস সময় দেয়া হয়। পারিবারিক শালিসের সিদ্ধান্ত অনুযায়ী স্ত্রীকে নিয়ে শান্তিনগরের বাসায় ফিরেন তিনি। কিন্তু ঢাকায় ফেরার পরও পরিস্থিতি বদলায় না। স্ত্রী এবং স্ত্রীর পরিবারের সদস্যরা তাকে নানা হুমকি দিতে থাকেন।
এ অবস্থায় জীবনের শঙ্কা ও নিরাপত্তাহীনতার কারনে ২৩শে আগস্ট ২০১৪ থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। এক পর্যায়ে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে স্ত্রীকে তালাকের নোটিস দেন তিনি। এরইমধ্যে কন্যা এবং স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় স্ত্রী। স্বামী ফোনে যোগাযোগ করলে তাকে মেয়ের ক্ষতি করার হুমকি দেয়া হয়। বিভিন্নভাবে পরিচিতদের মাধ্যমে তিনি জানতে পারেন তার স্ত্রী মেয়েকে নিয়ে বিদেশে পাড়ি দেয়ার চেষ্টা করছেন। তিনি কন্যা শিশুর ভবিষ্যৎ নিশ্চিত করতে এবং তাকে ফিরে পেতে আইনি সহায়তার জন্য বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ধারস্থ হয়েছেন।
কেস স্টাডি-২
চার বছর হয়েছে আরিফ (আসল নাম নয়) ভালবেসে পারিবারিকভাবে বিয়ে করেছেন স্মৃতিকে (আসল নাম নয়)। বিয়ের পর থেকে স্মৃতিকে নিয়ে নিজের পরিবারের সঙ্গে লালবাগে থাকতেন তিনি। আরিফের অভিযোগ বিয়ের এক সপ্তাহ পর থেকেই স্মৃতির ব্যবহার খুব খরাপ হয়ে যায়। কথায় কথায় জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিতেন। শুধু তাই নয় খারাপ ভাষায় কথা বলতেন আরিফের অসুস্থ মায়ের সঙ্গে। স্ত্রীর অর্থনৈতিক চাহিদা পূরণ করতে রীতিমতো হিমশিম খেত আরিফ। বেশ কয়েকবার ঝগড়া করে পিতার বাসায় চলে যায় স্মৃতি। বায়না ধরেছিলেন আলাদা থাকবেন আরিফের সঙ্গে। বিয়ের এক বছর পর তাদের সন্তান হয়।
এরই মধ্যে আরিফ সৌদি আরব চলে যান। তখন তার স্ত্রী পিতার বাসায় ছিলেন। কিন্তু একবছর পর কাগজপত্রের ঝামেলার জন্য ফিরে আসতে হয় আরিফকে। তখন টাকার জন্য প্রতিনিয়ত ঝগড়া করতেন তার স্ত্রী। মাঝেমধ্যে খামছিও মারতেন ঝগড়ার একপর্যায়ে। তবে নারী নির্যাতনের মামলার ভয়ে কখনও স্ত্রীর গায়ে হাত তোলেননি আরিফ। স্ত্রীকে সামাল দিতে না পেরে শ্বশুর বাড়িতে ছিলেন ছয়মাস। কিন্তু স্ত্রী অপমান করে বের করে দিলে বন্ধুর সঙ্গে মেসে উঠেন তিনি।
চকবাজারের একটি পাইকারি দোকানে চাকরি করতেন আরিফ। স্ত্রীর সঙ্গে একসঙ্গে না থকলেও নিজের সন্তানের জন্য সাধ্যমতো টাকা পাঠাতেন তিনি। আরিফ তার স্ত্রীকে বুঝিয়ে বাসায় নিয়ে আসেন। বাসায় ফিরে ঝগড়া করে নিজেকে আঘাত করে থানায় আরিফ ও তার পরিবারের সবার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের মামলা করেন। ২৫ দিন জেলে থাকার পর জামিনে বের হয়ে আরিফ তার মায়ের সঙ্গে এসেছেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সহায়তার জন্য।