শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৮

কলকাতা নিয়ে প্রবল অস্বস্তিতে মমতা

কলকাতা নিয়ে প্রবল অস্বস্তিতে মমতা

পরিতোষ পাল: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় কলকাতার একাংশে ভোট হচ্ছে আজ। কলকাতার ১১টি আসনের মধ্যে ভোট হচ্ছে ৭টি আসনে। এগুলি অবশ্য সবই মধ্য ও উত্তর কলকাতার কেন্দ্র। তবে দিদি সহজেই শহরের মানুষের মধ্যে ক্ষোভ আঁচ করতে পেরেছেন। দলের মধ্যে অন্তদ্বন্দ্ব তো রয়েছে। এর উপর সিন্ডিকেট নিয়ে বিরোধীরা সোচ্চার।

সারদা দুর্নীতির ছায়া দীর্ঘ হয়ে দলের নেতাদের জড়িয়ে রেখেছে। এর উপর নারদা স্টিং অপারেশনে নেতা ও মন্ত্রীদের লোভাতুর হয়ে টাকার বান্ডিল নেওয়ার ছবি প্রকাশের পর শহুরে মানুষ যে বেশ অখুশি হয়ে রয়েছেন সেই খবর মমতার কানেও গিয়ে পৌঁছেছে। আর তাই নয়না বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে বেরিয়ে বৌবাজারের এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই টাকা নেবার খবর আগে জানলে তিনি অভিযুক্তদের প্রার্থী করার কথা দু’ বার ভাবতেন। আসলে তিনি বোঝাতে চেয়েছেন যে, দোষীদের তিনি প্রার্থী না করারই পক্ষে। কিন্তু তার এই ঘোষণা বুমেরাং হয়ে গিয়েছে। ফলে যারা টাকা নিয়েছেন বলে ছবিতে দেখা গেছে তারা কোন মুখে ভোটারদের মুখোমুখি হবেন ?

মমতার এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই বিরোধীরা চাপ বাড়িয়ে চলেছে। সিন্ডিকেটের কুফলই যে উত্তর কলকাতার ফ্লাইওভার বিপর্যয়ের মূলে এটাও মানুষ মনে মনে বিশ্বাস করে নিয়েছে। ফলে মমতার সৎ ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস, বিজেপি ও সিপিআইএমের নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী মমতার সরকারকে দুর্নীতির সরকার বলে চিহ্নিত করেছেন। এমনকি সরকার বদল হলে নারদ কান্ডে যুক্তদের জেলের ঘানি টানতে হবে বলেও আগাম জানিয়ে দিয়েছেন। এসব প্রচারের প্রভাব যে কলকাতার শহুরের মানুষের মনে প্রভাব ফেলবে সে বিষয়ে এক রকম নিশ্চিত রাজনৈতিক মহল। কলকাতার ১১টি আসনে গত বিধানসভা নির্বাচনে বামফ্রন্টকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস শহুরের মানুষের বামদের প্রতি বিরূপ মনোভাবকে সঙ্গী করেই।

কিন্তু মমতার ৫ বছরের শাসন বহু মানুষেরই মোহভঙ্গ করেছে। বাসে, ট্রামে, অফিস কাছারিতে কান পাতলেই এর আভাস পাওয়া যায়। আর তাই মানুষ গতবার বাম বিরোধীতার পথে হাটলেও এবার তারাই বামমুখী হচ্ছেন বলে মনে করছেন বাম রাজনৈতিক নেতৃবৃন্দ। সিপিআইএম-র রাজ্য কমিটির এক নেতা স্পষ্ট করেই জানিয়েছেন, মানুষ আবার প্রতিবাদ জানাতে শুরু করেছে। বামরা এবার অতিরিক্ত শক্তি হিসেবে পেয়েছে কংগ্রেসকে।

গতবার কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সঙ্গী হওয়ায় মমতার যে সুবিধা হয়েছিল এবার তা আর থাকছে না। বরং নতুন ভোট সমীকরণে তৃণমূলের অনেক নেতারই ভাগ্যে এবার শিকে ছিঁড়বে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। গত সাড়ে চার বছরে বামদের যে ছন্নছাড়া অবস্থা হয়েছিল তা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে। আর তাই প্রতিটি মিছিল ও সমাবেশে মানুষের ব্যাপক উপস্থিতি শাসক দলকে ভাবিয়ে তুলেছে। আর তাই কলকাতা নিয়ে প্রবল অস্বতিতে রয়েছেন মমতা। কলকাতার সব কটি আসনে বাম ও কংগ্রেস জোট আসন ভাগাভাগি করে নিয়েছে কোনও রকম মনোমালিন্য ছাড়াই।

এমনকি প্রচার ও মিছিলে দুই দলের জোড় মানিক উপস্থিতিও দেখবার মত। অন্যদিকে নারদ কান্ডে টাকা দেবার ছবিতে ধরা পড়েছেন কলকাতার বেশ কয়েকজন প্রার্থী । এদের মধ্যে মেয়র শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম বা সুব্রত মুখোপাধ্যায়ের মতো নেতারা মুখ পুড়িয়ে বসে রয়েছেন। আর ভবানীপুরের আসনে মমতার বিরুদ্ধে দীপা দাশমুনসির মতো জাঁদরেল কংগ্রেস নেতৃত্ব যেভাবে জয়ের লক্ষ্যে প্রাণাতিপাত করছেন তাও দেখার মতো।

দীপা নিজে এতটাই আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে যে তিনি তিনি নিজেকে আগুনপাখির সঙ্গে তুলনা করে ঘোষণা করে দিয়েছেন, ভবানীপুরে হারছেন হিটলার, জিতছেন আগুনপাখি। তিনি আরও বলেছেন, মমতার বিরুদ্ধে আমি প্রার্থী হওয়ায় বাম-কংগ্রেস জোটই এই কেন্দ্রে এগিয়ে। দীপা যদি সত্যি সত্যি মমতাকে হারিয়ে দিতে পারেন তাহলে তৃণমূল কংগ্রেস তৈরি হবে প্রবল সোরগোল, তা সামলানো দলনেত্রীর পক্ষে কঠিন হয়ে পড়বে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026