শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৮

জগন্নাথপুরের রানীগঞ্জ বাজারের বেহাল অবস্থা, চরম দুর্ভোগ

জগন্নাথপুরের রানীগঞ্জ বাজারের বেহাল অবস্থা, চরম দুর্ভোগ

মো: হুমায়ুন কবির: উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের প্রচীনতম ব্যবসা কেন্দ্র রানীগঞ্জ বাজারের প্রধান গলির ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ময়লা আবর্জনা আর বৃষ্টির পানি জমে খালে পরিণত হয়েছে। প্রায় ৫শ ফুট দৈর্ঘ্যর প্রধান গলির পুরো অংশই ময়লা পানিতে ডুবে থাকায় জনসাধারনের পাশাপাশি ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন।

এলজিইডি ও সড়ক জনপথ বিভাগের রশি টানাটানিতে বৃহৎ এ ব্যবসা কেন্দ্রের প্রবেশ মূখে যাতায়াত অনুপযোগী হওয়ায় দুর্ভোগের শিকার ব্যবসায়ীরা অসহায় হয়ে পড়েছেন। কুশিয়ারা নদীর তীরবর্তী রানীগঞ্জ বাজারটি শুধু ব্যবসা ক্ষেত্রে নয় মুক্তিযোদ্ধে অসংখ্য লোক এবাজারে পাক হানাদারদের হাতে নির্মমভাবে প্রান হারিয়েছেন। সেই সাথে শিক্ষা ক্ষেত্রেও রয়েছে সুনাম। কুশিয়ারা নদীর করাল গ্রাসে বাজারটির অর্ধেক অংশ নদী গর্ভে বিলীন হওয়ায় ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্থ হলেও বাজারটির ঐতিহ্যে রক্ষায় ব্যবসায়ী ও স্থানীয়রা সৌন্দর্য্য বর্ধনে সরকারের সহযোগিতায় কাজ করে যাচ্ছেন।

বাজারটির প্রধান গলির পূর্ব দিকে প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, পশ্চিম দিকে মাদ্রাসা, কলেজ ও ইউনিয়ন পরিষদ ভবন রয়েছে। ফলে প্রধান এ গলি দিয়ে জনসাধারনের পাশাপাশি শত শত শিক্ষার্থীরা ময়লা আবর্জনায় বেষ্টিত গলির পানিতে হাটু পর্যন্ত ভিজে যাতায়াত করতে হচ্ছে। এছাড়া কুশিয়ারা নদীতে সড়ক ও জনপথ বিভাগ ফেরী সার্ভিস চালু করার পর সব ধরনের যানবাহন গলি দিয়ে যাতায়াত করায় অসংখ্য খানা খন্দকের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে গলিটির নাজুক দশা ও যাতায়াতে অনুপযোগী হওয়ায় স্থানীয় প্রশাসন ব্যবস্থা না নেয়ায় জনসাধারন চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

বাজারের ময়লা, আবর্জনা ও জমে থাকা বৃষ্টির পানি নিস্কাশনে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার হলে জনসাধারন ও ব্যবসায়ীরা দুর্ভোগ থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি যানবাহন চলাচলে সুগম হবে। রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক জানান, ইতিপূর্বে বাজারের প্রধান গলিটি এলজিইডি বিভাগ কর্তৃক বাজার উন্নয়ন তহবিল থেকে নির্মান করা হয়। প্রায় বছর খানেক ধরে সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক ফেরি সার্ভিস চালুর পর থেকে গলি দিয়ে যানবাহন চলাচল করার কারনে গলিটি ক্ষতিগ্রস্থ হয়। গলিটির ড্রেনেজ ব্যবস্থা ও সংস্কার কাজের জন্য ইতো মধ্যে উপজেলা প্রশাসন ও সড়ক জনপথ বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে।

এদিকে দুর্ভোগের শিকার বাজারের ব্যবসীদের মধ্যে বাংলাদেশ পার্টিলাইজার এসোসিয়েশন জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ধনেশ চন্দ্র রায়, ভুষিমাল ব্যবসায়ী বিদ্যুত কুমার রায়, বান্ধব টেইলার্সের মালিক আব্দুন নূর, ইউনিয়ন আইন শৃংখলা কমিটির সদস্য শাহিন তালুকদারসহ বাজারের অসংখ্য ব্যবসায়ী তাদের দুর্ভোগের চিত্র তুলে ধরে জানান, বাজারের প্রধান গলিটির জীর্ন দশার এবং বৃষ্টির পানিতে ডুবে থাকায় ব্যবসা ক্ষেত্রে মন্দাদশা দেখা দিয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ীরা দ্রুত গলিটির ড্রেনেজ ব্যবস্থাসহ সংস্কার কাজ সম্পন্ন করনে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবী জানান।

রানীগঞ্জ বাজারের প্রধান গলির নাজুক দশার সংস্কার কাজের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমিন জানান, গলিটি আমাদের বিভাগের আওতায় না হওয়ায় কোন ধরনের সংস্কার কাজ করা সম্ভব হবেনা। ড্রেনেজ ব্যবস্থা চালু হলে সড়কটির খানা খন্দকের সংস্কারে তার দপ্তর থেকে সহযোগিতা আশ্বাস দেন।

জগন্নাথপুর উপজেলা এলজিইডি প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, বাজারের প্রধান গলিটি বর্তমানে এলজিইডি দপ্তরের আওতাধীন নয়। এদিকে রানীগঞ্জ ইউনিয়নের ভুক্তভোগী জনসাধারন, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা জরুরী ভিত্তিতে রানীগঞ্জ বাজারের প্রবেশ মূখ থেকে ফেরীঘাট পর্যন্ত গলিটির দ্রুত সংস্কার কাজ ও ড্রেনেজ ব্যবস্থা চালু করে দুর্ভোগ থেকে মুক্ত করনে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবী জানিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026