বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৯

ভিসা ছাড়াই সমগ্র ইউরোপ ভ্রমণের সুযোগ পাচ্ছে তুরস্কের নাগরিকরা

ভিসা ছাড়াই সমগ্র ইউরোপ ভ্রমণের সুযোগ পাচ্ছে তুরস্কের নাগরিকরা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইউরোপের অন্যান্য দেশের মতো তুরস্কেও ভিসা ছাড়াই ভ্রমণের অনুমোদন দেওয়ার কথা ভাবা হচ্ছে। তুরস্ক সেনজেন ভিসার আওতাভুক্ত হতে পারে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশেষ এক সূত্রের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।

শর্তসাপেক্ষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৬টি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পেতে যাচ্ছে তুরস্কের নাগরিকরা। আগামীকাল বুধবার বিষয়টির অনুমোদন দেবে ইইউ।

ওই সূত্র বলছে, গ্রিসের উদ্দেশে রওনা হওয়া অভিবাসনপ্রত্যাশীদের ফিরিয়ে নিতে তুরস্ক রাজি হওয়ার পর ইউরোপীয় কমিশন এই পদক্ষেপ নিল। তবে তুরস্ক সেনজেন ভিসা পাচ্ছে কি না, এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নয়। বিবিসির ইউরোপ-বিষয়ক সম্পাদক ক্যাটিয়া অ্যাডলার বলেন, ইইউ আশঙ্কা করছে সেনজেন ভিসা না দিলে তুরস্ক অভিবাসনপ্রত্যাশীদের ফেরত না-ও নিতে পারে।

বিবিসির খবরে বলা হয়, এজিয়ান অঞ্চল বা এজিয়ান সাগর পাড়ি দিয়ে যেসব অভিবাসনপ্রত্যাশী গ্রিসে প্রবেশ করেছে, তাদের ফেরত নিতে রাজি হয়েছে তুরস্ক। এরই অংশ হিসেবে দেশটিকে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ দিচ্ছে ইইউ। দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, ২০ মার্চ থেকে যেসব অভিবাসনপ্রত্যাশী গ্রিসে অবৈধভাবে প্রবেশ করেছে, তারা অভিবাসনের জন্য আবেদন না করলে কিংবা তাদের আবেদন প্রত্যাখ্যান করা হলে, তুরস্কে ফেরত পাঠানো হবে।

চুক্তি অনুযায়ী, একজন সিরীয় অভিবাসনপ্রত্যাশীকে তুরস্কে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে ইইউ বৈধভাবে আবেদন করা আরেকজন সিরীয়কে গ্রহণ করবে। কিছু মানবাধিকার সংগঠন তুরস্ক-ইইউ চুক্তির ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের মতে, অভিবাসনপ্রত্যাশীদের ফেরত যাওয়ার জন্য উপযুক্ত স্থান নয় তুরস্ক।

এ চুক্তির ব্যাপারে গত মাসে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেছিলেন, চুক্তির ফল আসতে শুরু করেছে। তিনি তুরস্ক সরকারের প্রশংসা করে বলেন, কীভাবে শরণার্থীদের সঙ্গে আচরণ করতে হয়, তার সর্বোৎকৃষ্ট নমুনা দেখিয়েছে তুরস্ক।

তুরস্ক ও উত্তর আফ্রিকা থেকে অসংখ্য অভিবাসনপ্রত্যাশী ইউরোপে যাচ্ছে। এতে ইইউভুক্ত দেশগুলোতে রাজনৈতিক সংকট দেখা গেছে। ইউরোপীয় কমিশন আগামীকাল বুধবার ইইউর নির্বাহী পরিষদে তুরস্ককে সেনজেন এলাকার আওতায় আনার সুপারিশ করবে।

তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু বলেন, ইউরোপীয় ইউনিয়নের সেনজেন ভিসা পাওয়া তুরস্কের জন্য খুব গুরুত্বপূর্ণ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026