এনামুল হক: অতিরিক্ত রিকশাভাড়ার যন্ত্রণা থেকে মুক্তি মিলছে না নগরবাসীর। সিলেট নগরবাসী আশা করেছিলেন সিটি কর্পোরেশন কর্তৃক রিকশাভাড়ার তালিকা নগরজুড়ে টানানো হলে কিছুটা মুক্তি মিলবে চলাচলকারী মানুষের। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ রিকশা ভাড়ার তালিকা ঠিকই প্রকাশ করেছে। কিন্তু মুক্তি মিলছে না মানুষের। উল্টো রিকশাচালক আর
যাত্রীদের কথা কাটাকাটির সাথে আরেকটি কথা যুক্ত হয়েছে। ‘ভাড়ার তালিকা আপনারা দেখেন, তালিকা আমরা পেট ভরে না’। এই বাক্যটি এখন নগরীর প্রায় পয়েন্টে দাঁড়ালেই রিকশাচালকদের মুখে শোনা যায়।
তবে সচেতন নগরবাসী মনে করছেন, শুধু ভাড়ার তালিকা প্রকাশ করেই দায়িত্ব শেষ করলে চলবে না। এটি বাস্তবায়নের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত। গতকাল সোমবার নগরীর বিভিন্ন পয়েন্টে এ রকম চিত্র দেখা গেছে। গতকাল দুপুর তখন ১২ টা। নগরীর চৌহাট্টা পয়েন্টে একজন অর্ধবয়স্ক মুরব্বি রিকাবীবাজার পয়েন্টে আসার জন্য রিকশা ডাকলেন। রিকশা চালক ২০ টাকা ভাড়া চাইলে রিকশায় না উঠে পায়ে হেঁটেই গন্তব্যে ছুটে যান। এ প্রতিবেদকের সাথে আলাপকালে ঐ পথচারী ক্ষুব্ধ কণ্ঠে বলেন, কি হলো ভাড়ার তালিকা দিয়ে। কেউ তো কিছু মানছে না।
বিকাল তখন ৩ টা। নগরীর রিকাবীবাজার পয়েন্ট হতে একজন ব্যবসায়ী কুয়ারপারে যাওয়ার জন্য রিকশা ডাকছেন। সেখানেও চালক ভাড়া ২০ টাকা চাইলে ঐ যাত্রী চালককে উদ্দেশ্য করে বলেন, পয়েন্টে ভাড়ার তালিকা দেখেন, রিকাবীবাজার হতে কুয়ারপার ১০ টাকা ভাড়া। এ সময় রিক্সা চালক যাত্রীকে উদ্দেশ্যে করে বলেন, ‘তালিকা আপনারা দেখেন, তালিকা দেইখা আমাগো পেট ভরে না’। এখন প্রতিদিন নগরীর বিভিন্ন পয়েন্টে যাত্রী ও রিক্সা চালকদের বাদানুবাদের দৃশ্য দেখা যায়।
পথচারীরা জানিয়েছেন, রিকশা ভাড়ার যে তালিকা নগরীতে প্রকাশ করা হয়েছে তা অধিকাংশ রিকশা চালক অবগত নয়।
নীলফামারি জেলার বাসিন্দা রিকশা চালক আব্দুল জলিল জানান, সিটি কর্পোরেশন রিকশা ভাড়ার যে তালিকা প্রকাশ করেছেন সে অনুযায়ী ভাড়া নিলে সারা দিনে ৩শ’ টাকাও আয় করা যাবে না। আর প্রতিদিন গড়ে ৮শ/১ হাজার টাকা আয় করতে না পারলে আমগোর জীবন চলে কেমনে। তিনি জানান, রিকশার মালিককে দিতে হয় দেড়শ টাকা, গ্যারেজভাড়া প্রতিদিন থাকা খাওয়া শেষে যদি ৩/৪শ টাকা জমিয়ে রাখা না যায় তাইলে বাড়িতে পাঠামো কি? তাই তালিকা দেখে কি আর জীবন চলে? এমন প্রশ্ন রাখেন রিকশা চালক জলিল।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট এর সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, রিকশা ভাড়ার তালিকা টানিয়েই দায় সেরেছে সিটি কর্পোরেশন। তালিকা প্রকাশ করলেই হবে না এটা বাস্তবায়নের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, ঢাকায় যেভাবে সিএনজির চলাচল মিটারে না চুক্তিতে এটি অভিযান চালানো হয় সিলেটেও এটি শুরু করতে পারে। পাশাপাশি সচেতনতা তৈরী করতে ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলিং করা প্রয়োজন।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব গতকাল সোমবার রাত ৯টা ৪০ মিনিটে দৈনিক জালালাবাদকে টেলিফোনে বলেন, আমরা তালিকা টানিয়ে দিয়েছি। এখন মানা না মানা যার যার বিষয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত কোন কাউন্সিলিং বা অভিযান চালানোর কোন পরিকল্পনা আমাদের নেই। তিনি বলেন, এটা খুব স্বাভাবিক বিষয়। বাংলাদেশে কে কয়টা আইন মানে?