আন্তর্জাতিক নিউজ ডেস্ক: গ্লোবাল ডে ফর প্যারেন্টস আজ। সারাবিশ্বে এই দিবসটি পালনের জন্য ঘোষিত হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে। ২০১২ সালে দিবসটি ঘোষিত হয়। এ সময় স্পষ্ট করা হয় যে পিতামাতা হল শিশুর নিরাপত্তা ও তত্ত্বাবধায়নের জন্য গুরুত্বপূর্ণ। সকল সমাজেই মা-বাবা হল সন্তানের প্রথম শিক্ষক।
সমাজবিজ্ঞানের ভাষায় ফার্স্ট সোশ্যালাইজিং এজেন্ট। সেই গুরুত্বকে অনুধাবন করে এবং তার পক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে একটি ক্যাম্পেইন হিসাবে এই দিন ঘোষণা। বিবিসি বাংলা জানাচ্ছে, বয়স্ক পিতামাতাকে দেখভাল না করলে সন্তানকে শাস্তির বিধান রেখে চীনের সাংহাইতে একটি আইন করা হচ্ছে, এ খবর জানা গেছে গতকালই। বাংলাদেশেও কয়েক বছর ধরেই এমন একটি আইন রয়েছে।
বিবিসি বলছে, নিঃসন্দেহে পিতামাতার দেখভাল করতে অনাগ্রহী সন্তানদের সংখ্যা বাড়ছে দেখেই এমন আইন করতে হচ্ছে। আবার, বাবা-মা দেখভাল করতে পারছে না বলে সন্তান বিগড়ে যাচ্ছে, এমন ঘটনাও দেখা যায়। সমাজবিজ্ঞানীরা বলছেন, পারিবারিক বন্ধন আলগা হয়ে যাবার কারণেই বাড়ছে এমন ঘটনার সংখ্যা।
এমন প্রেক্ষাপটে আজ পালিত হচ্ছে জাতিসংঘের গ্লোবাল ডে অব প্যারেন্টস। বাংলাদেশে পারিবারিক বন্ধনের চিত্রটা কেমন এমন প্রশ্নের জবাবে সমাজবিজ্ঞানী অধ্যাপক মাহবুবা নাসরীন বলেন শহর এলাকায় এখন একক পরিবার বেশি। আবার প্রতিবেশীদের সাথে সম্পর্কও বিচ্ছিন্ন হওয়ার মতো। তবে গ্রাম এলাকায় এখনো পারিবারিক বন্ধন আছে।
ওই সমাজবিজ্ঞানী বলেন, উন্নত দেশে প্রবীণদের দায়িত্ব রাষ্ট্রই নিয়ে থাকে। কিন্তু বাংলাদেশে তেমনটি না। তবে মানবিকতা বোধ যেহেতু কমে যাচ্ছে সেহেতেু এ ধরনের আইনের প্রয়োজন আছে।