শীর্ষবিন্দু নিউজ: একুশের ভাষা শহীদদের স্মরণে নির্মিত পূর্ব লন্ডনের আলতাব পার্কে শহীদ মিনারে বিশেষ নাম ফলক বসানো হয়েছে। শুক্রবার বিকালে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস আনুষ্ঠানিকভাবে এই নাম ফলকের উদ্বোধন করেন।
১৯৯৯ সালে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃত্বে মোট ৫৪টি বাংলাদেশী সংগঠনের আর্থিক সহযোগিতায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আলতাব আলী পার্কের শহীদ মিনারটি নির্মান করে। শহীদ মিনার নির্মানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাথে সহযোগিতাকারী সংগঠনগুলোর নাম এতে খোদাই করে লেখা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন লিড মেম্বার ফর কালচার কাউন্সিলার আসমা বেগম, শহীদ মিনার কমিটির জেনারেল সেক্রেটারী নুরুল ইসলামসহ দাতা সংগঠনের প্রতিনিধিরা। এসময় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি সুলতান শরীফ। আব্দুল আলী রউফ, আলতাফ হোসেন মুজাহিদ, মসুদ আহমদ, জামাল খান প্রমুখ।
ফলক উদ্বোধন করে মেয়র জন বিগস তার প্রতিক্রিয়ায় বলেন, এটি একটি অসমাপ্ত কাজ ছিল। আজ একে সম্পূর্ণ করতে পেরে আমি আনন্দিত। কারন এই শহীদ মিনারটি অনেক ব্যাক্তি এবং সংগঠনের সহযোগিতায় নির্মিত হয়েছে। এর মাধ্যমে তাদের অবদানকে আজ বিশেষ সম্মান জানানো হলো। আশা করি এটি অনুকরনীয় হয়ে থাকবে। ভালো কাজে আমাদেরকে উ্সাহিত করবে।