নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গ্রাহকের চাহিদা মেটাতে প্রস্তুতি নিতে শুরু করেছেন সিলেটের ব্যবসায়ীরা । ইতোমধ্যে ছয় রোজা পেরিয়ে গেছে। তাই নতুন কাপড় উঠাতে ব্যস্ত সময় পার করতে হচ্ছে ব্যবসায়ীদের। তবে ঈদ ঘনিয়ে আসার অপেক্ষায় রয়েছেন তারা। আবার এদিক থেকে একটু ব্যতিক্রম রয়েছে সিলেটের দর্জিপাড়া। অন্যান্য ব্যবসায়ীরা ঈদ ঘনিয়ে আসার অপেক্ষায় থাকলেও কাপড় সেলাইয়ের অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে দর্জি পাড়ায়।
সরেজমিন নগরীর বিভিন্ন অত্যাধুনিক মার্কেট, ফ্যাশন হাউজ, বিপনী বিতান ঘুরে দেখা যায়, শাড়ী, মেয়েদের রেডি জামা, পুরুষদের শার্ট, প্যান্ট, পাঞ্জাবীর দোকান ও বিভিন্ন ফ্যাশন হাউজগুলোতে ইতোমধ্যে দেশ বিদেশ থেকে কালেকশন করে গ্রাহকের চাহিদা মেটাতে প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা।
আলাপকালে তারা জানান, কালেকশনে তারা ছুটছেন ঢাকা আর কলকাতায়। এখন অলস সময় পার করলেও ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে বিকিকিনির ধুম পড়বে। অনেকটাই আশাবাদী বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা জানান, রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ, সাথে হরতাল অবরোধ না থাকায় অনেক প্রবাসীরাও দেশে আসছেন । তাই এবারের ঈদ বাজার কয়েক দিন পরই জমে উঠবে বলে জানান তারা ।
মার্কেট ঘুরে দেখা যায়, বরাবরের মতো বাজারে ভারতীয় কাপড়ের বাহারে সাজানো হচ্ছে ঈদ বাজার । বলিউডের তারকাদের বাহারী নামে নামকরণ করা হচ্ছে কাপড়ের। ইতোমধ্যে অত্যাধুনিক মার্কেটের সামেন গেইট নির্মাণ করে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। নগরীর আল হামরা, সিটি সেন্টার, ব্লু ওয়াটার, মিলেনিয়াম, কাকলীসহ মার্কেট গুলোতে দৃষ্টি নন্দন গেইট ও লাইটিং করা হচ্ছে।
নগরীর কয়েকটি মার্কেট এর আনরেডি কাপড়ের দোকান ঘুরে আলাপকালে বিক্রেতারা জানান, যারা আনরেডি কাপড় কিনে জামা সেলাই করেন তারা আগে ভাগেই কাপড় কিনে টেইলার্সের কাছে দিয়ে দিচ্ছেন। কারণ দর্জি পাড়ায় শুরু হয়ে গেছে সেলাইর ব্যস্ততা। অপরদিকে ফ্যাশন সচেতন তরুণীদের ভিড় বাড়ছে কসমেটিকস এর দোকানগুলোতে। নগরীর অত্যাধুনিক শপিং মল সিটি সেন্টার এর একটি বৃহৎ শাড়ী দোকানের বিক্রেতা শিপু বলেন, ঈদ কালেকশনের সকল প্রস্তুতি চলছে। এখন অলস সময় কাটলেও ঈদ ঘনিয়ে আসলে বিকিকিনির ধুম পড়বে বলে আশাবাদি তিনি।
আল হামরার ব্যাবসায়ী মোঃ লায়েছ জানান, আমরা ইতোমধ্যে অর্ডার দিতে শুরু করেছি । ২/১ দিনের মধ্যেই চালান এসে পৌছবে । তিনি জানান, ১০ রোজার আগেই ব্যাবসায়দের প্রস্ততি প্রায় শেষ হবে । এর পরই ক্রেতার অপেক্ষায় তাদেও সব চাহিদা মেটাতে ব্যাস্ত থাকবেন ব্যাবসায়ীরা।