শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: গত বৃহস্পতিবার অনুষ্ঠিত রেফারেন্ডামের ভোটাভুটিতে ৫২ শতাংশ ভোটে ব্রেক্সিট জয়ী হয়। শুক্রবার ফলাফল ঘোষণার পর পদত্যাগ করেন রিমেইন ক্যাম্পেইনে থাকা প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন। সোমবার পার্লামেন্টে এসে এমপিদের সামনে রেফারেন্ডামের ফলাফল নিয়ে কথা বলেন তিনি।
ইউরোপিয়ান ইউনিয়নে থাকা না থাকা নিয়ে রেফারেন্ডামের পর সোমবার বৃটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন বলেন, ইইউ থেকে বের হবার প্রক্রিয়া একটি বিশাল এবং কঠিন টাস্ক হবে বৃটিশ সিভিল সার্ভেন্টদের জন্যে। নতুন প্রধানমন্ত্রী এসে সেই প্রক্রিয়া শুরু করবেন বলে জানান প্রধানমন্ত্রী।
রেফারেন্ডামের এমন ফলাফল তিনি কামনা করেননি বলেও উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আরো বলেন, লিসবন চুক্তির ৫০ ধারা অনুযায়ী ইইউ থেকে বের হবার সব প্রস্তুতি কখন শুরু হবে তা নির্ভর করছে নতুন প্রধানমন্ত্রীর উপর। পার্লামেন্টে টোরি দলের অনেক এমপি প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরনের পদত্যাগের মর্মাহত হয়েছেন বলে উল্লেখ করে তাকে সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানান।
যদিও এর জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই। অন্যদিকে স্কটিশ ন্যাশলান পার্টির লিডার অব ওয়েস্ট মিনষ্টার জানান, ইইউতে থাকার পক্ষে ভোট দিয়েছেন স্কটিশ জনগণ। ভবিষ্যতে স্কটল্যান্ড ছোট্ট ইংল্যান্ডের সঙ্গে থাকবে না বলেও উল্লেখ করেন তিনি।
ওদিকে সোমবারের অধিবেশনে লেবার লিডার জেরেমি করবিন বলেন, রেফারেন্ডাম ক্যাম্পেইনে নেতিবাচক বিভক্তি ছিল। ছিল নানা উৎকন্ঠা। যদিও রেফারেন্ডামের ক্যাম্পেইনকে কেন্দ্র করে জেরেমি করবিনের লিডারশীপই এখন চ্যালেঞ্জের মুখে। পার্লামেন্টে বক্তব্যের সময় নিজ দলের এমপিদের বাধার শিকার হন তিনি।
এদিকে রেফারেন্ডামের পর শুক্রবার থেকে রোববার পর্যন্ত অনেকটা আড়ালেই ছিলেন চ্যান্সেলার জর্জ অসবোর্ন। তবে সোমবার সকালে এক বিবৃতিতে দেশের অর্থনীতি নিয়ে আশার কথা শুনান তিনি। যদিও দেশের অর্থনীতির ভবিষ্যত কোন দিকে যাবে তা নির্ভর করছে ব্রেক্সিট ক্যাম্পেইনারদের পরিককল্পনার উপর। ব্রেক্সিটের লিডার ও সাবেক লন্ডন মেয়র বরিস জনসন অবশ্য পার্লামেন্টে যাননি
তবে তিনি জানান, রেফারেন্ডামের আগে সাধারণ মানুষের মধ্যে একটা ভীতি ছিল। সেটা আস্তে আস্তে কেটে যাবে। ধীরে ধীরে অর্থনীতির চাকাও সচল হবে বলে মনে করেন তিনি।