শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আনন্দের উৎসবে মেতেছিলেন তাঁরা। রাতের আকাশজুড়ে ঝিকিয়ে উঠছিল আতশবাজির অগ্নিফুল। ঠিক এ সময় তেড়ে এল ঘাতক ট্রাক। উৎসবে যোগ দেওয়া মানুষের সব আনন্দে খড়্গ তুলে দেয় সেই ট্রাক। উৎসবের আনন্দ-রজনী নিমেষে পরিণত হয় আতঙ্কের রাতে। ঝরে যায় ৮৪ জন মানুষের প্রাণ।
গ
ত বৃহস্পতিবার রাতে ফ্রান্সের নিস নগরে বাস্তিল দিবস উপলক্ষে আয়োজিত আতশবাজির উৎসব এভাবে শোকের মাতমে পরিণত হয়। এ সময় এক চালক একটি ভারী ট্রাক দ্রুত গতিতে জনতার ওপর তুলে দেন। সাগরসৈকতের কাছে ওই অবকাশ যাপনকেন্দ্রের প্রায় দুই কিলোমিটার পর্যন্ত ট্রাকটি টেনে নিয়ে যান চালক। এতে এখন পর্যন্ত ৮৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বাস্তিল দুর্গ পতন দিবসে ফ্রান্সের নিস শহরে আতশবাজি দর্শনরত জনতার ওপর দ্রুতগতির ট্রাক তুলে এক হামলাকারীর হামলায় আহত হয়েছেন বহু লোক। স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
এএফপির খবরে জানানো হয়, উৎসবে আগত লোকজনের মধ্যে তাদের প্রতিবেদক রবার্ট হলোওয়ে ছিলেন। ট্রাকটি জনতার ওপর দিয়ে সবেগে যাওয়ার সময় উড়ে আসা টুকরা-টাকরা থেকে রক্ষা পেতে মুখ ঢাকতে হয় তাঁকে। হলোওয়ে বলেন, ‘এটা ছিল পুরোপুরি বিশৃঙ্খলা। লোকজনকে আঘাত করা হচ্ছে। চারপাশে উড়ছে ধ্বংসাবশেষের টুকরো। এসব থেকে মুখ বাঁচানোর চেষ্টা করতে হচ্ছিল।’
একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, প্রথমে তাঁরা ভেবেছিলেন ওই চালক হয়তো ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়েছেন। নাদের নামের ওই প্রত্যক্ষদর্শী বলেন, ট্রাকটি রাস্তায় ছিল। বহু লোককে পিষ্ট করে ট্রাকটি ঠিক আমার সামনে এসে থামে।
ভাঙা ভাঙা ইংরেজিতে নাদের বলেন, ট্রাকচালককে ওই সময় ভীত দেখাচ্ছিল। ট্রাকের নিচে একটি মেয়ে পিষ্ট হয়। আমার পাশে দাঁড়ানো এক ব্যক্তি মেয়েটির লাশ টেনে বের করে। তাঁর ভাষ্য, এ সময় চালক পুলিশকে গুলি করার চেষ্টা চালায়। এর আগেই গুলি ছুড়ে পুলিশ তাঁকে হত্যা করে।
নিসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সন্ত্রাস দমন শাখার তদন্তকারীরা হামলাকারী ট্রাকচালকের পরিচয় বের করার চেষ্টা করছে। পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে ওই হামলাকারী প্রকাশ্যে গুলি চালায়। হত্যায় ব্যবহার করা ২৫ টনের ট্রাকটির ভেতর থেকে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে নিসের স্থানীয় সংবাদপত্র নিস-মাতিনের খবরে বলা হয়, ট্রাকচালকের বয়স ৩১ বছর। তিনি তিউনিসীয় বংশোদ্ভূত।
ঘটনার বিষয়ে স্থানীয় পার্লামেন্টের সদস্য (এমপি) এরিক সিওত্তি ফ্রান্সের ইনফো রেডিওকে বলেন, এটা ছিল ভয়ঙ্কর দৃশ্য। ট্রাকটি কয়েকশ লোককে চাপা দিয়েছে।
স্থানীয় নেতা খ্রিশ্চিয়ান এসত্রোসি জানান, হামলায় নিহতের সংখ্যা ৭৭। তবে বিএফএম টেলিভিশন নিহতের সংখ্যা ৮০ বলে জানিয়েছে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, হামলায় বহু লোক নিহত হয়েছেন।
নিস-মাতিন জানায়, হামলায় বহু লোক আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৪২ জনের অবস্থা গুরুতর।
গত বছরের ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী শহর প্যারিসে ইসলামিক স্টেটের (আইএস) বন্দুকধারী ও আত্মঘাতী বোমা হামলাকারীদের হাতে ১৩০ জন নিহত হন। এর আট মাসের মধ্যে নিসে হামলার ঘটনা ঘটল।