শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৩

সোয়া দুই কোটি টাকার বেশি সম্পদশালীর ৭১% রাজধানীর: ৪ বছরে সম্পদশালী বেড়েছে ২.৫ গুণ

সোয়া দুই কোটি টাকার বেশি সম্পদশালীর ৭১% রাজধানীর: ৪ বছরে সম্পদশালী বেড়েছে ২.৫ গুণ

জাহাঙ্গীর শাহ: চার বছরের ব্যবধানে সোয়া দুই কোটি টাকার বেশি সম্পদধারী আড়াই গুণ বেড়েছে। এতে সারচার্জ আদায়ের পরিমাণও বেড়েছে। দেশে এখন ফ্ল্যাট, প্লট, গাড়িসহ সোয়া দুই কোটি টাকার বেশি সম্পদধারী আছেন প্রায় ১১ হাজার জন। তাঁদের মধ্যে ৭১ শতাংশই রাজধানীর করদাতা। চার বছর আগে এ সংখ্যা ছিল প্রায় সাড়ে চার হাজার। মূলত এ চার বছরে যাঁরা ফ্ল্যাট বা প্লট কিনেছেন, তাঁরাই তালিকায় ঢুকে গেছেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সূত্রে এ হালনাগাদ তথ্য পাওয়া গেছে। উল্লেখ্য, করদাতার আয়ের ওপর সারচার্জ আরোপ হয়। যে অর্থবছরে আয় হবে, এর পরের অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর কিংবা এনবিআরের দেওয়া বাড়তি সময়ে বার্ষিক আয়কর বিবরণীর সঙ্গে সারচার্জের অর্থ জমা দেন করদাতারা।

এ বিষয়ে জানতে চাইলে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, এটা একটি ভারসাম্যহীন ব্যবস্থা। যিনি ৩০ বছর আগে যে দামে বাড়ি কিনেছিলেন, এখনো সেই দাম দেখিয়ে সারচার্জ দিচ্ছেন না। আবার যিনি অভিজাত এলাকায় এখন একটি ফ্ল্যাট কিনেছেন, তাঁকে সারচার্জ দিতে হচ্ছে। অথচ বাড়ির মালিক বেশি সম্পদশালী।

তিনি মনে করেন, সারচার্জ নিয়ে এনবিআর শুধু একটি আইন করেছে; কিন্তু সম্পদের বাজারদর মূল্যমান নির্ধারণের কোনো উদ্যোগ নেই। সারচার্জ আরোপের ব্যবস্থা থেকে বেরিয়ে এসে এনবিআরের উচিত সম্পদ কর চালু করা। এতে প্রতিবছর সম্পদের বাজারদর অনুযায়ী কর দিতে হবে। এ ক্ষেত্রে করের হার কমানো হলে সম্পদ কর দিতে উৎসাহিত হবেন করদাতারা।

এনবিআর সূত্রমতে, ২০১৪-১৫ অর্থবছরের আয়ের হিসাবে সোয়া দুই কোটি টাকার সম্পদ রয়েছে এমন করদাতা ১০ হাজার ৯৩১ জন। তাঁরা সদ্য বিদায়ী অর্থবছরে (২০১৫-১৬) এ সম্পদ দেখিয়ে মোট করের ওপর সারচার্জ দিয়েছেন ২৫৪ কোটি ২৬ লাখ টাকা। তাঁদের মধ্যে ৭ হাজার ৭৪৪ জনই রাজধানীর বিভিন্ন কর অঞ্চলের করদাতা।

এনবিআর সূত্র বলছে, ২০১২-১৩ অর্থবছরের বাজেট ঘোষণার সময় দুই কোটি টাকার বেশি সম্পদধারীদের করের ওপর বিভিন্ন হারে সারচার্জ বসানো হয়। তাঁরা ২০১১-১২ অর্থবছরে যে আয় করেছেন, তার ওপর সারচার্জ দিয়েছেন। ওই বছরে মাত্র ৪ হাজার ৪৪৬ জন করদাতা ৬৫ কোটি টাকা সারচার্জ দিয়েছিলেন। পরের দুই অর্থবছরে সম্পদধারী যেমন বেড়েছে, তেমনি সারচার্জের পরিমাণও বেড়েছে। ২০১২-১৩ অর্থবছরের আয়ের বিপরীতে পরের বছর সারচার্জ দিয়েছেন ৫ হাজার ৬৬২ জন। সে বছর সারচার্জ পাওয়া গেছে ১০১ কোটি টাকা। পরের বছর সারচার্জ দিয়েছেন ১০ হাজার ১৫২ জন। সারচার্জের পরিমাণ ছিল ২০৪ কোটি টাকা।

তবে সারচার্জ আরোপে ফ্ল্যাট, প্লট, গাড়িসহ যাবতীয় সম্পদের মূল্য ধরা হয়, যখন ওই সম্পদ কেনা হয়েছিল সেই দামে। এর ফলে সম্পদের প্রকৃত মূল্য আড়ালে থাকছে। আবার অনেকে যে দামে সম্পদ কেনেন, নিবন্ধনের সময় কম দাম দেখান। এতেও প্রকৃত মূল্য আয়কর বিবরণীতে উঠে আসে না। রাজধানীর ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরার মতো অভিজাত এলাকায় থাকেন; দামি গাড়ি হাঁকান। কিন্তু তাঁদের অনেকের বার্ষিক আয়কর বিবরণীতে এমন সম্পদের প্রকৃত মূল্য উঠে আসে না। কেউ যদি দুই দশক আগে যে দামে জমি কিনেছেন, এখনো আয়কর বিবরণীতে ওই দাম দেখানো হয়। আবার অনেকে বাড়ি-গাড়ি ব্যবহার করেন, কিন্তু তা দেখান কোম্পানির নামে। এতে সম্পদ গোপনেই থেকে যায়। আবার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি-জমা, বাড়িসহ সম্পদের মূল্যমান তো নির্ধারণ করাই যায় না।

এ বিষয়ে জানতে চাইলে এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে সব কমিশনারেটকে বড় করদাতাদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। যাতে তাঁরা তাদের প্রকৃত সম্পদ দেখান; প্রকৃত মূল্যও ঘোষণা করেন। সম্পদের প্রকৃত মূল্য দেখালে কর ফাঁকি দেওয়ার প্রবণতা কমে যাবে।

ধানমন্ডিতে বেশি সম্পদশালী: রাজধানীর ধানমন্ডিতেই সবচেয়ে বেশি সম্পদশালী আছেন। ২০১৪-১৫ অর্থবছরের আয়ের হিসাবে ওই এলাকায় সোয়া দুই কোটি টাকার বেশি সম্পদ রয়েছে ৭৮৫ জনের। তাঁরা সবাই রাজধানীর কর অঞ্চল-৫-এর করদাতা। এরপরই কর অঞ্চল-৬ বা ধানমন্ডির একাংশ, কলাবাগান ও পান্থপথের বাসিন্দারা বেশি সম্পদের অধিকারী। ওই এলাকায় এমন করদাতার সংখ্যা ৭২২।

ব্যাংক, বিমা, বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিক এমন ৭০৬ জন বড় করদাতা বৃহৎ করদাতা ইউনিটে (এলটিইউ) কর দেন। তাঁদের তিন-চতুর্থাংশই সোয়া দুই কোটি টাকার বেশি সম্পদের মালিক। গতবার এলটিইউর ৫২৫ জন করদাতা ৪৭ কোটি ৬৭ লাখ সারচার্জ দিয়েছেন। কোনো একক কর অঞ্চলের হিসাবে এলটিইউ থেকে সবচেয়ে বেশি সারচার্জ এসেছে।

সারচার্জ দিয়েছেন এমন করদাতার সংখ্যা সবচেয়ে কম রংপুর বিভাগে। রংপুর কর অঞ্চলে মাত্র ৭৬ জন করদাতা সারচার্জ দিয়েছেন। অবশ্য ঢাকা ও চট্টগ্রামের বাইরে সারা দেশে মাত্র ১ হাজার ৪৩৯ জন করদাতার সম্পদের পরিমাণ সোয়া দুই কোটি টাকার বেশি, যা দেশের মোট সারচার্জ দিয়েছেন এমন করদাতার মাত্র ১৩ শতাংশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026