শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪২

হযরত শাহজালালের (র.) লাকড়ি তোড়া উৎসবে মানুষের ঢল

হযরত শাহজালালের (র.) লাকড়ি তোড়া উৎসবে মানুষের ঢল

নিউজ ডেস্ক: সিলেটে হযরত শাহজালালের (র.) ওরশ উপলক্ষে লাকড়ি তোড়া উৎসব সোমবার সম্পন্ন হয়েছে। এ সময় দরগা প্রাঙ্গনে মানুষের ঢল নেমেছিল।

এ উৎসবের ২১ দিন পর সংগৃহীত কাঠ হযরত শাহজালালের (রহ) বার্ষিক ওরশ শরীফের শিন্নি রান্নার কাজে ব্যবহার করা হবে। সাত শত ধরে হযরত শাহজালালের (রহ) ভক্তরা লাকড়ি তোড়া উৎসব ব্যাপক আয়োজনের মাধ্যমে পালন করে আসছেন। প্রতি বছর ২৬ শাওয়াল দিবসটি পালিত হয়।

সোমবার সকাল থেকে শাহজালাল (রহ) মাজার প্রাঙ্গনে মানুষের ঢল নামে। ঐতিহাসিক এ উৎসবকে ঘিরে হযরত শাহজালাল (রহ.) এর ভক্ত আশেকানরা বিভিন্ন স্থান থেকে সকাল থেকেই মিছিল সহকারে দরগাহ এলাকায় জমায়েত হতে থাকেন। বিচিত্র সাজে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় মাজারকে ঘিরে। বিভিন্ন জায়গা থেকে মানুষের স্রোত এসে এক হয়ে যায় মাজার প্রাঙ্গণে। জোহরের নামাজের পর বেজে ওঠে নাকাড়ার ধ্বনি। সেই সাথে ভক্তদের ঢল থেকে স্লোগান উঠে, শাহজালাল বাবা কী, জয়। লালে লাল, বাবা শাহজালাল। ৩৬০ আউলিয়া কী জয়।

তারপর সেই ভক্তদের ঢল নামে পথে। সবার লক্ষ্য শহরতলীর লাক্কাতুড়া চা বাগানের দিকে। চা বাগান সংলগ্ন একটি টিলা থেকে সংগ্রহ করা হয় জ্বালানি কাঠ ও লাকড়ি। পরে সেই লাকড়ি নিয়ে ভক্তরা ফিরে আসেন আবার মাজার প্রাঙ্গণে। এভাবেই উৎসবমুখর পরিবেশে পালন করা হয় লাকড়ি তোড়া উৎসব।

দিনটির আয়োজন প্রসঙ্গে শাহজালাল (রহ.) দরগাহের মোতাওয়াল্লি জানান, শাহজালাল ভক্তরা বিগত ৭০০ বছর ধরে পালন করছেন দিবসটি। ভক্ত আশেকানদের সংগ্রহ করা কাঠ ব্যবহার করা হবে শাহজালাল এর ওরসের শিরণীতে।

ইতিহাস থেকে জানা যায়, প্রায় ৭০০ বছর আগে সিলেট বিজয় দিবসের কয়েক দিন আগে ২৬ শাওয়ালের এই দিনে এক কাঠুরে আসেন হযরত শাহজালালের (রহ.) কাছে। কাঠুরে জানান, ঘরে তার বিবাহযোগ্য ৫ মেয়ে রয়েছে। সে কাঠুরে নিচু জাতের হওয়ায় কেউই তার মেয়েদের বিয়ে করতে চাইছে না। এ কথা শুনে শাহজালাল (রহ.) কাঠুরেকে সিলেট বিজয় দিবসে দরগায় আসার কথা বলেন।

পরবর্তী সিলেট বিজয় দিবসে সঙ্গী আউলিয়া, ভক্ত ও আশেকানরা এলে শাহজালাল (রহ.) সবাইকে নিয়ে লাক্কাতুড়া বাগানে গিয়ে কাঠ সংগ্রহ করেন। ফিরে এসে তিনি উপস্থিত ভক্তদের কাছে জানতে চান তারা আজ কী কাজ করেছে।

উত্তরে সবাই বলেন, তারা আজ কাঠুরিয়ার কাজ করেছে। এরপর শাহজালাল সবাইকে কাঠুরের দুঃখের কথা বললে উপস্থিত অনেক ভক্ত কাঠুরের মেয়েদের বিয়ে করার আগ্রহ প্রকাশ করেন। সেখান থেকে কাঠুরে তার মেয়েদের জন্য বর পছন্দ করেন। এ ঘটনার পর থেকে সাম্য ও শ্রেণী বৈষম্যবিরোধী দিবস হিসেবেও দিনটি পালন করেন ভক্তরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026