শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিপন্ন প্রাণিদের রক্ষায় তারকাদের নগ্ন হয়ে আন্দোলনে শরিক হওয়া নতুন কিছু নয়। এর আগে অনেক তারকাই সচেতনতা বাড়াতে অংশ নিয়েছেন নগ্ন ফটোশুটে।
এবারে লন্ডনের সাধারণ মানুষও যোগ দিয়েছেন এই আন্দোলনে। লন্ডন চিড়িয়াখানার আশেপাশে তারা অংশ নিয়েছেন বাঘ রক্ষা আন্দোলনের পদযাত্রায়। তবে তারা সবাই ছিলেন নগ্ন। তাদের গায়ে ছিল না কোনো পোশাক। বেশিরভাগ মানুষই নিজেদের শরীরকে অঙ্কিত করেছেন বাঘের নকশায়।
বৃটিশ ট্যাবলয়েড দ্য সানের খবরে বলা হয়, জিওলজিক্যাল সোসাইটি ফর লন্ডনের স্ট্রেক ফর টাইগার্স কর্মসূচিতে গত রাতে লন্ডনের অধিবাসীদের অনেকেই সামিল হয়েছেন নগ্ন শরীরে। বিশ্বব্যাপী বাঘের অস্তিত্ব হুমকির মুখে। বাঘের সুরক্ষার কারণেই তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে ছিল গত রাতের নগ্ন পদযাত্রা। তাতে নারী-পুরুষ, তরুণ-বৃদ্ধ নির্বিশেষে অংশ নিয়েছেন।
তবে নিরাপত্তার খাতিরে অনেকেই ব্যবহার করেছেন মুখোশ। কেউ কেউ অবশ্য বাকিদের মতো অতটা সাহসী হতে পারেননি। তারা নিজেদের শরীরে বাঘের নকশা অঙ্কিত করলেও পোশাক পড়ে অংশ নিয়েছেন এতে। কেবল পদযাত্রাই নয়, এই কর্মসূচির অংশ ছিল তহবিল উত্তোলনও।
জিওলজিক্যাল সোসাইটির তহবিল সংগ্রহবিষয়ক পরিচালক জেমস রেন বলেন, কিছু কিছু বাঘকে সংরক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে। কিন্তু বনভূমিতে বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে আমরা দেখছি না। নগ্ন পদযাত্রায় অংশ নিয়ে লন্ডনবাসী বাঘ রক্ষার আন্দোলনের জন্য তহবিল সংগ্রহ করেছেন। এটা বিশ্বব্যাপী বাঘ নিয়ে কাজ করতে আমাদের সহায়তা করবে।