নিউজ ডেস্ক: ঢাকা সফরে কী বার্তা দিলেন জন কেরি? রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে এ নিয়ে সরব আলোচনা। ঝটিকা, তবে গুরুত্বপূর্ণ সফর ছিল এটি। জন কেরি এখানে প্রায় ৮ ঘণ্টা ব্যস্ত সময় কাটিয়ে গেছেন।
ওই সময়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন। সংসদের বিরোধী দলের নেতা, নাগরিক সমাজ, তরুণ সমপ্রদায় এবং শ্রম-সংশ্লিষ্টদের সঙ্গেও তার মতবিনিময় হয়েছে। সব মিলে সফরটি একটি সার্বজনীন রূপ পায়। জন কেরি তার এই সংক্ষিপ্ত সফরে এক ধরনের ভারসাম্য (ব্যালান্স) নীতি অনুসরণ করেছেন বলে মনে করেন কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
এখানে তিনি বাংলাদেশের সামপ্রতিক অর্জনের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। অবশ্য বিশ্বসভায় বাংলাদেশ আরো আগে থেকেই প্রশংসিত হচ্ছে। সেই প্রশংসার কাতারে কেরিও শামিল হলেন। আন্তর্জাতিক প্রেক্ষাপটে সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনের বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে প্রধান ইস্যু। যথারীতি বাংলাদেশ সফরেও এটিকে মুখ্য এজেন্ডা হিসেবেই রাখেন জন কেরি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বৈঠকে বিষয়টি সবচেয়ে গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। প্রসঙ্গক্রমে এসেছে অন্যান্য ইস্যুও। বাংলাদেশের পক্ষ থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থান করা বঙ্গবন্ধুর এক খুনিকে দেশে ফেরত পাঠাতে। বাংলাদেশের তিন মন্ত্রীর সঙ্গে বৈঠকেও বিষয়টি উঠেছে। বাণিজ্য নিয়েও আলোচনা হয়েছে সফরকালে।
ঢাকার চাওয়ার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দিয়ে গেছেন মার্কিন প্রশাসনের দ্বিতীয় সর্বোচ্চ ওই ব্যক্তিত্ব। সরকার প্রধান ও পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন গুরুত্বপূর্ণ ৩ মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর রাজধানীর ধানমন্ডিস্থ ই এম কে সেন্টারে দীর্ঘ বক্তৃতা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সেখানে তিনি তার সফরের লক্ষ্য-উদ্দেশ্যে অনেকটাই খোলাসা করেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয়ের পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষারও তাগিদ দেন।
বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গণতন্ত্র গুরুত্বপূর্ণ বিষয়। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে প্রায় একই কথা বলা হয়েছে।
ঢাকায় দেয়া বক্তব্যে সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলা করতে গিয়ে বিরোধী দলগুলোর কণ্ঠরোধ এবং জনসমক্ষে বিতর্ক বন্ধ করার প্রলোভনের ফাঁদে পা না দিতে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জন কেরি বলেন, এখন পর্যন্ত সহিংস জঙ্গিবাদ দমনে আমাদের কাছে সবচেয়ে কার্যকর ও বিশ্বাসযোগ্য পন্থা হচ্ছে গণতন্ত্র। সন্ত্রাসীদের পরাভূত করতে হলে আমাদের অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখতে হবে।
কূটনৈতিক সূত্রের খবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখা এবং সন্ত্রাসবাদ ও সহিংস-চরমপন্থা মোকাবিলার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি তার বক্তৃতায় উল্লিখিত বিষয়গুলোর পারস্পরিক সংশ্লিষ্টতা তুলে ধরেন।
সেখানে গুলশান হামলার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ভয়াবহ ওই হামলার পেছনে জড়িত জঙ্গিদের সঙ্গে ইসলামিক স্টেটের যোগসূত্র থাকার তথ্য প্রমাণ রয়েছে। এ নিয়ে বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার আলোচনা হয়েছে উল্লেখ করে বলেন, ওই ঘটনা যারা ঘটিয়েছে তারা সবাই স্থানীয়, তবে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীগুলোর সঙ্গে তাদের যোগসূত্র থাকার বিষয়ে কোনো বিতর্ক নেই। বাংলাদেশকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে এবং দেশে বিভক্তি সৃষ্টিতে ওই হামলা চালানো হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবশ্য বার্তা সংস্থা রয়টার্সের কাছে দেয়া প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের বিরোধিতা করেন। সেগুনবাগিচার কর্মকর্তারা অবশ্য বলছেন, কেরি তার বক্তৃতায় বিষয়টি যত বিস্তৃতভাবে তুলেছেন আলোচনায় সেটি সেভাবে আসেনি।
তবে গণতন্ত্র, মানবাধিকার সমুন্নত রাখার বিষয়ে সফরের সূচনা থেকে শেষ পর্যন্ত তাগিদ ছিল বলে স্বীকার করেন কূটনীতিকরা। তাদের মতে, সরকারি পর্যায়ে আলোচনায়ও একাধিকবার বিষয়গুলো তুলেছেন তিনি। জঙ্গিবাদ বা উগ্রপন্থার উত্থান ঠেকাতে এটি জরুরি বলে মত দিয়ে গেছেন মার্কিন মন্ত্রী। বাংলাদেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করার তাগিদও ছিল তার।
এখানে সহিংস-চরমপন্থিদের অপতৎপরতা ঠেকাতে যুক্তরাষ্ট্রের তরফে গোয়েন্দা তথ্যসহ যে কোনো সহায়তার প্রস্তাবের বিষয়টিও তিনি পুনরুল্লেখ করে গেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ঢাকা থেকে দিল্লি গেছেন দু’দিন হতে চললো।
কিন্তু এখনও আলোচনায় তিনি। কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা সফরটি নিয়ে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত। সফরটি সফল করতে পেরে উচ্ছ্বসিত সরকারি মহল। বিরোধী শিবিরেও এক ধরনের স্বস্তি আছে। বিশেষ করে সংসদের বাইরে থাকা বিএনপি নেত্রীর সঙ্গে তার দেখা হবে কি-না?
এ নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল। যদিও বৈঠকটি আগে থেকেই ঠিক ছিল। কূটনীতিক ও বিশ্লেষকরা জন কেরির হাই প্রোফাইল সফর কয়েকটি ভাগে ভাগ করেছেন। প্রথমত সরকারি কর্মসূচি। দ্বিতীয়ত: নাগরিক ও তরুণ সমাজের সঙ্গে মতবিনিময় এবং বক্তৃতা। তৃতীয়ত: বিএনপি নেত্রীর সঙ্গে বৈঠক। প্রত্যেকটি পর্বেই চমক ছিল। কূটনীতিকদের বিবেচনায় বাংলাদেশ প্রশ্নে ওয়াশিংটনের যে অবস্থান সেটি কেরির আলোচনা ও বক্তব্যে অত্যন্ত স্পষ্ট হয়েছে।
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনের মধ্য দিয়ে তিনি তার ঢাকার কর্মসূচি শুরু করেন। সরকারের তরফেও সেটাই চাওয়া হয়েছিল। জাদুঘরের প্রধান ফটকে থাকা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ওই বাড়িটি ঘুরে দেখেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি পরিদর্শনের পুরো সময় মার্কিন মন্ত্রীর সঙ্গে ছিলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী গণমাধ্যমকে গতকাল বলেন, জন কেরি বঙ্গবন্ধু ভবনটি ঘুরে ঘুরে দেখেন। এ সময় তিনি বঙ্গবন্ধু সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জানতে চান। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে তিনি মর্মান্তিক বলেও আখ্যায়িত করেন বলে জানান প্রতিমন্ত্রী। সেখানে পরিদর্শন বইতে লিখে জন কেরি তার অনূভূতি প্রকাশ করেন। লিখেন- আজ বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের পথে তারই কন্যার দৃঢ় নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।
টুইট বার্তায়ও বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন তিনি। জন কেরিই প্রথম কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান। সেখান থেকে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই সাক্ষাৎ-বৈঠকটি প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। সেখানে সন্ত্রাস-জঙ্গিবাদসহ দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
এরপর তিনি বৈঠক করেন তিন মন্ত্রীর সঙ্গে। ধানমন্ডির ই এম কে সেন্টারে বক্তৃতার পর জন কেরি বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে। বৈঠকটি প্রায় ৩৫ মিনিট স্থায়ী হয়। পরে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে ব্যস্ত সফরের সফল সমাপ্তি টানেন তিনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরের বিষয়ে যুক্তরাষ্ট্রে দায়িত্বপালনকারী বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির মনে করেন ঢাকা-ওয়াশিংটন রাজনৈতিক সম্পর্কের উন্নতিতে জন কেরির সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার সফরে ভালো আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুই পক্ষের প্রতিনিধিদের শরীরী ভাষা অত্যন্ত ইতিবাচক ছিল।
এতে বোঝা যায় সহযোগিতার জন্য প্রযোজ্য প্রায় সব বিষয়েই তাদের মধ্যে কথা হয়েছে। নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সহযোগিতা আছে এবং এটি একটি চলমান প্রক্রিয়া। আগামী দিনে এ সহযোগিতা আরো বিস্তৃত হবে বলে আশা করেন জ্যেষ্ঠ ওই কূটনীতিক।