শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন থেকে কঠোর হুঁশিয়ারি পেল বৃটেন। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।
ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বৃটেনের বিরুদ্ধে মামলা করতে পারে। তাতে কোটি কোটি পাউন্ড জরিমানা করা হতে পারে বৃটেনকে। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার আগে বৃটেন অন্য কোন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা বা সমঝোতা করে তাহলে দেশটিকে আদালতে নিয়ে যাবে ইউরোপীয় ইউনিয়ন।
এতে বলা হয়েছে, এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমঝোতামুলক আলোচনা শুরু করেছে বৃটেন।
কিন্তু এ অবস্থায় তারা যদি অন্য কোন দেশের সঙ্গে একই আলোচনা শুরু করে তাহলে তাদেরকে ছেড়ে দেয়া হবে না। এমন কিছু ডকুমেন্ট দেখতে পেয়েছে দ্য সানডে টাইমস। তাতে বৃটেনের বিরুদ্ধে ওই পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে।
যদি বৃটেনের বিরুদ্ধে সত্যিই ওই আইনগত ব্যবস্থা নেয়া হয় তাহলে তাদেরকে জরিমানা করা হতে পারে। বৃটিশ সরকারের এক মুখপাত্র দ্য ইন্ডিপেন্ডেন্টকে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার বিষয়ে আমরা মন্তব্য করতে চাই না।
একই সঙ্গে আমরা বিশ্বময় আমাদের জন্য বৈশ্বিক নতুন ভূমিকা নিয়ে কাজ করবো। তিনি আরও বলেছেন, আমরা আগেই বলেছি, আমাদের দায়বদ্ধতা পূর্ণাঙ্গভাবে মেনে চলবো। ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য দেশ হিসেবে আমাদের যে অধিকার আছে তা চর্চা করবো।
ওদিকে ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডনাল্ট টাস্ক বলেছেন, গত সপ্তাহে ১০ ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী তেরেসা মের সঙ্গে তার বৈঠক হয়েছে। সেখানে তেরেসা আগামী বছর জানুয়ারি বা ফেব্রুয়ারিতে লিবসন চুক্তির ৫০ অনুচ্ছেদ সক্রিয় করার জন্য প্রস্তুতির কথা বলেছেন।
তবে ডাউনিং স্ট্রিটের এক সূত্র বলেছেন, তেরেসা মে জানুয়ারি বা ফেব্রুয়ারির কথা সুস্পষ্টভাবে উল্লেখ করেন নি। কিন্তু তেরেসা মে’র সঙ্গে বৈঠকের পর শুক্রবার সংবাদ সম্মেলনে ডনাল্ড টাস্ক বলেছেন, প্রধানমন্ত্রী মে তার সঙ্গে খোলামনে কথা বলেছেন। তিনি আমার প্রতি ছিলেন আন্তরিক।
তিনি আমাকে বলেছেন, এ বছরে অনুচ্ছেদ ৫০ সক্রিয় করা একেবারেই অসম্ভব। তবে তা আগামী বছর জানুয়ারি বা ফেব্রুয়ারিতে সক্রিয় করা হতে পারে।
ওদিকে স্লোভাকিয়ার রাজধানী ব্রাতি সভায় অনানুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয় ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন। এবারই এতে প্রথমবার বৃটেনকে বাইরে রাখা হয়। ওই সম্মেলনে বক্তব্য রাখেন ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট জ্যাঁ-ক্লাউডি জাঙ্কার।
তিনি সেখানে বলেন, ইউরোপীয় শ্রমিকদের মুক্ত চলাচলের সুবিধা না দিলে বৃটেনকে ইউরোপীয় একক বাজার (সিঙ্গেল মার্কেট) সুবিধা দেয়া হবে না।
তিনি আরও বলেন, আমরা জোর দিয়ে বলতে চাই, কে প্রধানমন্ত্রী হিসেবে চলে গেলেন এবং কে প্রধানমন্ত্রী হিসেবে আছেন তা নিয়ে এটা একটা গেম বা খেলা নয়। এ বিষয়টিতে সম্পৃক্ত ইউরোপের জনমানুষ।
এটা সাধারণ মানুষ ও শ্রমিকদের অধিকার, যারা ইউরোপে বসবাস করছে। তাই আমি এ বিষয়ে সমঝোতার কোন কিছু দেখতে পাচ্ছি না।
ব্রেক্সিট পরবর্তী বাণিজ্যিক সুবিধা খোঁজার কাজটি করছে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ট্রেড বা আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগ। আমরা সারা বৃটেনের জন্য সর্বোত্তম চুক্তি খুঁজবো।