শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্রেসিডেন্ট নির্বাচিত হলে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবেন । তার প্রচারণা শিবির থেকে এ কথা বলা হয়েছে। যদি তাই হয় তাহলে এর মধ্য দিয়ে মার্কিন নীতির বড় ধরনের একটি নাটকীয় পটপরিবর্তন হতে পারে।
অর্থাৎ তারা প্রকাশ্যে ইসরাইলের পক্ষ নিয়ে নিতে পারে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জেরুজালেমকে রাজধানী হিসেবে আগেই ঘোষণা দিয়েছে ইসরাইল। তাদের এ ঘোষণাকে যুক্তরাষ্ট্র সহ অল্প কয়েকটি দেশ মেনে নিয়েছে। তা সত্ত্বেও বেশির ভাগ দেশের দূতাবাসগুলো অবস্থিত তেল আবিবে। অন্যদিকে পশ্চিম তীর ও গাজা উপত্যাকায় ইসরাইলের পাশাপাশি পূর্ব জেরুজালেমকে রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করতে চায় ফিলিস্তিনিরা। এই পূর্ব জেরুজালেমকে ১৯৬৭ সালের যুদ্ধে দখল করে ইসরাইল।
এক ঘন্টারও বেশি সময় নিউ ইয়র্কে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন ডনাল্ড ট্রাম্প। সেখানে ইসরাইলকে ওই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পরিষ্কার করে বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে তার প্রশাসন, যুক্তরাষ্ট্র জেরুজালেমকে অবিভক্ত ইসরাইল রাষ্ট্রের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে।
এরপর রোববার ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গেও সাক্ষাত করেন নেতানিয়াহু। সে বৈঠক স্থায়ী হয় এক ঘন্টার মতো। সেখানে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কের প্রতি প্রতিশ্রুতি পুনরুল্লেখ করেন হিলারি। সম্পর্ককে আরও দৃঢ় করার জন্য হিলারি তার পরবর্তী পরিকল্পনার কথাও জানান নেতানিয়াহুকে। এ সময় তিনি ইসরাইল-ফিলিস্তিন সঙ্কটে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে প্রতিশ্রুতি দেন।
হিলারি বলেন, এর মধ্য দিয়ে ইসরাইলের ভবিষ্যত নিরাপদ হবে। গণতান্ত্রিক ইহুদি রাষ্ট্রটি তার সীমান্ত নির্ধারণ করতে পারবে এবং ফিলিস্তিনিরা পাবেন তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদা। তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ বাইরের কারো চাপিয়ে দেয়া সমাধান মেনে নেয়ার ক্ষেত্রে আপত্তির কথা জানিয়ে দিয়েছেন হিলারি।
অন্যদিকে নেতানিয়াহুকে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, তিনি নেতানিয়াহুর সঙ্গে একমত। তা হলো, ফিলিস্তিনিরা যদি ঘৃণা ও সহিংসতা পরিহার করে, ইসরাইলকে ইহুদি রাষ্ট্র হিসেবে মেনে নেয় তাহলেই শুধু মধ্যপ্রাচ্যে শান্তি অর্জিত হবে। ট্রাম্পের প্রচারণা শিবির থেকে বলা হয়েছে, নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় ইসরাইল সীমান্তে বেড়া নির্মাণের বিষয়টি প্রাধান্য পেয়েছে।