মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৮

বিধি বহির্ভূত লেনদেনে আমানতের তথ্য জানাতে ডিসিদের নির্দেশ

বিধি বহির্ভূত লেনদেনে আমানতের তথ্য জানাতে ডিসিদের নির্দেশ

এস এম আববাস: অননুমোদিত ও বিধিবহির্ভূতভাবে আমনত গ্রহণের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ ব্যাংককে তা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের। জঙ্গি অর্থায়নের বিষয়ে সরকারের বিশেষ নির্দেশনার পর ব্যাংক ও অর্থিক প্রতিষ্ঠান বিভাগের অবস্থান তুলে ধরে সরকারের পক্ষে এ নির্দেশনা দেওয়া হল। বৃহস্পতিবার শেষ হওয়া তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অবস্থানপত্রে এ নির্দেশনার বিষয়টি উঠে আসে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পাঠানো ওই অবস্থানপত্রে বলা হয়, কোনো ব্যাংকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অননুমোদিত বা বিধি বহির্ভূতভাবে আমানত গ্রহণ করার তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তা বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে জেলা প্রশাসকদের। এর আগে গত ১২ মে ইসলামী ব্যাংকসহ জঙ্গিবাদে অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দেয় সরকার। ওইদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জঙ্গি অর্থায়ন সংক্রান্ত্র বৈঠকে জামায়াত নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংক ও অন্যান্য ব্যাংকগুলোর অর্থলগ্নির ফাঁক-ফোকর খুঁজতেও নির্দেশনা দেওয়া হয়েছিল।

ওই বৈঠকে বলা হয়, জামায়াত নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংক ছাড়া অন্যান্য ইসলামী ব্যাংক লভ্যাংশ না নিয়ে অর্থ জমা রাখছে। পরবর্তীতে জমারাখা অর্থ সামাজিক কর্মকাণ্ডে ব্যয় দেখানোর নামে জঙ্গিবাদে ব্যয় করা হচ্ছে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের কাছে সব ইসলামী ব্যাংকগুলোর সুদবিহীন আমানতের তথ্য পাঠানোর জন্য নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়। জঙ্গিবাদে অর্থলগ্নিকারী এসব ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতেও নির্দেশনা দেওয়া হয় বৈঠক থেকেই।

ডিসি সম্মেলনে উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো অবস্থানপত্রে ব্যাংকের নিরাপত্তায় বলা হয়, দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ব্যাংকে চুরি-জালিয়াতির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিষয়টির উপর অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। ব্যাংকের ক্যাশ বহন করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ ক্যাশ ফিডিং শাখার আওতাধীন শাখাগুলো নগদ ক্যাশ আদান প্রদান করে। এ ক্ষেত্রে জেলা প্রশাসন আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে প্রয়োজনীয় মুহূর্তে ত্বড়িৎ সহযোগিতা প্রদান করার নির্দেশনা গ্রহণ করতে পারে।

সোনালী ব্যাংক দেশের বিভিন্ন এলাকায় বাংলাদেশ ব্যাংকের পক্ষে ট্রেজারি ফাংশনের দায়িত্ব পালন করে। সম্প্রতি সোনালী ব্যাংকের একাধিক শাখায় ডাকাতি সংঘটিত হওয়ায় ব্যাংকটির চেস্ট ও সাব-চেস্ট শাখাসহ সব শাখার রাত্রিকালীন নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে জেলা প্রশাসন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026