শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্রিন্স হ্যারি ও মেগান ম্যারকেলের বিয়ে হবে আগামী বছরের ১৯ মে। কেনসিংটন প্যালেস এ রাজকীয় বিয়ের ঘোষণা দিয়েছে। খবর বিবিসির।
ব্রিটিশ রাজপরিবারের পঞ্চম উত্তরসূরি প্রিন্স হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান গত মাসে তাঁদের বাগদানের বিষয়টি নিশ্চিত করেন। তাঁর এও জানান, উইন্ডসোর ক্যাসেলের সেন্ট জর্জেস চ্যাপেলে তাঁদের বিয়ে হবে।
গত মাসে হ্যারি-মেগানের বাগদানের ঘোষণার পর প্রিন্স হ্যারির বাবা প্রিন্স চার্লস এক বিবৃতিতে বলেন, তিনি তাঁর সন্তানের বিয়ের খবর সবাইকে জানাতে পেরে আনন্দিত। রানি দ্বিতীয় এলিজাবেথ ও তাঁর পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা প্রাথমিকভাবে বাগদানের বিষয়টি জানতেন।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে হ্যারি ও মেগান চুটিয়ে প্রেম করে আসছেন। লন্ডনে তাঁদের বাগদান অনুষ্ঠিত হয়। তখনই বিয়ের তারিখ পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণার কথা জানানো হয়।