আগামী ১৮, ১৯ জুন আরেকটি শুনানি হবে। সেই শুনানির পর দোষীদের শাস্তির রায় দেবে ট্রাইব্যুনাল। ২৬ ফেব্রুয়ারি ঘোষিত সংক্ষিপ্ত রায়ে নির্দোষ প্রমাণিত হয়েছেন জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক, বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন ও পেসার মাহবুবুল আলম। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের চেয়ারম্যান সেলিম চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব রাওয়াদ এবং ইংল্যান্ডের ক্রিকেটার ড্যারেন স্টিভেন্সও নির্দোষ প্রমাণিত হয়েছেন। ম্যাচ পাতানোর স্বীকারোক্তি দেয়া মোহাম্মদ আশরাফুল ও শ্রীলঙ্কার কৌশল লুকুয়ারাচ্চি এবং দোষী প্রমাণিত হওয়া ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরীর শাস্তি পরবর্তী শুনানির পর ঠিক করবে ট্রাইব্যুনাল।
গত ১৪ অক্টোবর আইন কমিশনের সাবেক চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আব্দুর রশিদকে ডিসিপ্লিনারি প্যানেলের চেয়ারম্যান নিয়োগ করে বিসিবি। তিনি বিধি অনুযায়ী ডিসিপ্লিনারি প্যানেলের ১০ সদস্য নিয়োগ করেন। ১০ নভেম্বর প্যানেলের চেয়ারম্যান সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক করে তিন সদস্যের দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনাল গঠন করেন। অপর দুই সদস্য হলেন আজমামুল হোসেন কিউসি ও সাবেক ক্রিকেটার শাকিল কাসেম।
গত ১৩ অগাস্ট রাজধানীর একটি হোটেলে আইসিসি ও বিসিবির যৌথ সংবাদ সম্মেলনে বিপিএলে ম্যাচ পাতানোর জন্য জড়িত থাকায় ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করার কথা জানান আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। সংক্ষিপ্ত রায়ের পর এক যৌথ বিবৃতিতে হতাশা ও বিস্ময় প্রকাশ করেছিল আইসিসি ও বিসিবি। দুটি সংস্থাই জানিয়েছিল, রায়ের বিস্তারিত পাওয়ার অপেক্ষায় করছেন তারা।