শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫

বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার মানুষ বিদ্যুৎহীন

বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলার মানুষ বিদ্যুৎহীন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সিলেটের আশুগঞ্জে বিদ্যুতের জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলা। বুধবার দিনগত রাত ১২টা ৪০ মিনিট থেকে বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলায় এ দুর্দশা শুরু হয়। এতে মধ্যরাতে দুর্ভোগে পড়েছেন এসব জেলার প্রায় আড়াই কোটি মানুষ। তবে কখন নাগাদ ফের বিদ্যুৎ সচল হতে পারে এ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারছে না সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ময়মনসিংহ কেওয়াটখালী পাওয়ার গ্রিড কোম্পানির  নির্বাহী প্রকৌশলী দীপক নন্দী জানান, আমাদের কন্ট্রোল রুম থেকে আশুগঞ্জ জাতীয় গ্রিডে যোগাযোগ করা হয়েছে। তারা বলছে ওই গ্রিডের বাসে ফল্ট করেছে। ঠিক কখন এ সমস্যার সমাধান হবে তা নিশ্চিত করে কিছু বলতে পারছে না। যোগাযোগ করা হলে ময়মনসিংহ পিডিবির প্রধান প্রকৌশলী রইস উদ্দিন সরকার জানান,  আশুগঞ্জ গ্রিডের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

ময়মনসিংহ কেওয়াটখালী পাওয়ার গ্রিড কোম্পানি সূত্র জানায়, আশুগঞ্জ জাতীয় গ্রিড থেকে প্রতিদিন শহরের কেওয়াটখালী ১৩২ কেভি গ্রিডে প্রায় দুইশ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। এছাড়া শহরের শম্ভুগঞ্জ এলাকায় প্রতিষ্ঠিত রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আর.পিসিএল) থেকে আরো কমপক্ষে ১২০ থেকে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়।

জাতীয় গ্রিড ও আরপিসিএল লিমিটেডের সরবরাহকৃত এ বিদ্যুৎ দিয়েই বৃহত্তর ময়মনসিংহের ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, নেত্রকোণা ও জামালপুর জেলায় বিদ্যুৎ সরবরাহ করে শহরের কেওয়াটখালী গ্রিড। কিন্তু বুধবার দিনগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে আশুগঞ্জ জাতীয় গ্রিডে হঠাৎ বিপর্যয় দেখা দেওয়ায় বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঘুটঘুটে অন্ধকারে ঢাকা পড়ে এসব জেলার বাসিন্দারা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026