গ্যালারী থেকে ডেস্ক: পানিয়াঙ্গারার ভেতরে ঢোকা বল কাট করতে গিয়ে বোল্ড হন তামিম ছবি: শামসুল হকচট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তামিম ইকবাল, এনামুল হক, মাহমুদউল্লাহ ও মুমিনুল হকের উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ২৬ রানেই ফিরে গেছেন দুই ওপেনার তামিম ও এনামুল।
এরপর ফিরেছেন মাহমুদউল্লাহ ও মুমিনুলও। সর্বশেষ বাংলাদেশের সংগ্রহ ২৪ ওভারে ৪ উইকেটে ৮৮ রান। রানের গড় এখনো চারের নিচে। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বেশ চাপে স্বাগতিকেরা। রান উঠছে ধীর গতিতে। প্রতিবেদন লেখার সময় ওভার-প্রতি রান ৩.৬৬। দলের বিপর্যয় সামাল দিচ্ছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সাকিব অপরাজিত ২৪ ও মুশফিক ৪ রানে।
সাজঘরে ফিরে যাওয়া বাংলাদেশের চার ব্যাটসম্যানের তিনজনই নিজের উইকেটটি বিলিয়ে দিয়ে এসেছেন প্রতিপক্ষের হাতে! তামিমের বলটি অবশ্য বেশ ভালো ছিল। তিনাশে পানিয়াঙ্গারার ভেতরে ঢোকা বল কাট করতে গিয়ে বোল্ড হন তামিম। জিম্বুাবুয়ের বিপক্ষে তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই তামিম ফিরেছিলেন মাত্র ৫ রানে। বোলার ছিলেন পানিয়াঙ্গারা। চট্টগ্রামে প্রথম ওয়ানডেতেও একই ঘটনার পুনরাবৃত্তি! তামিম ফিরলেন ওই ৫ রানেই। বোলার? সেই পানিয়াঙ্গারা!
এনামুল আউট হলেন আত্মঘাতী এক শট খেলে। টেন্ডাই চাতারার বলটি অমন অদ্ভুত শট কেন খেলতে গেলেন, তা এনামুলই ভালো বলতে পারবেন! চিগুম্বুরার হাতে ধরা পড়ার আগে করলেন ১২ রান। মাহমুদউল্লাহ আউট হলেন আত্মঘাতী শট খেলে। চাতারার বলে অহেতুক শট খেলতে গিয়ে ক্যাচ উঠিয়ে দিলেন মিড অনে দাঁড়ানো তাফাদজাওয়া কামুনগোজির হাতে। আগের দুই ব্যাটসম্যানের মতো মুমিনুলও যোগ দিলেন আত্মহননের মিছিলে! উইকেটে থিতু হয়েও কেন জন নিয়ুম্বুর অফস্টাম্পের বাইরের বল স্কুপ করতে গেলেন এ বাঁহাতি, তার উত্তর কোথায় মিলবে? ফেরার আগে মুমিনুলের সংগ্রহ ৩১ রান।