রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪৪

মাঠে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জিম্বাবুয়েকে বাংলাওয়াশ

মাঠে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জিম্বাবুয়েকে বাংলাওয়াশ

গ্যালারী থেকে ডেস্ক: বসুন্ধরা সিমেন্ট টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও সফরকারী জিম্বাবুয়েকে বাংলাওয়াশ করলো টাইগার বাহিনী। আর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সোমবার (০১ ডিসেম্বর) বিকেলে জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম ওয়ানডে ম্যাচেও বাংলাদেশের জয়ের মুহূর্ত দর্শক হিসেবে স্টেডিয়ামে উপস্থিত থেকে উপভোগ করেন প্রধানমন্ত্রী।

বিকেল  ৪টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী স্টেডিয়ামে পৌঁছে তার জন্য নির্ধারিত আসন গ্রহণ করেন। টাইগার ব্যাটসম্যানরা যখন একেকটি বাউন্ডারিতে জয়ের বন্দরে দ্রুত পৌঁছে যাচ্ছিলেন, প্রধানমন্ত্রী তখন হাততালি দিয়ে বাংলার সন্তানদের সাধুবাদ জানাচ্ছিলেন। প্রধানমন্ত্রীর স্টেডিয়াম আগমনে আরও বেশি উল্লসিত ও উচ্ছ্বসিত হয়ে ওঠেন টাইগার সমর্থকরা।

আগেই সিরিজে ৪-০ তে এগিয়ে ছিল টাইগার বাহিনী। ‘বাংলাওয়াশ’ নিশ্চিত করতে টাইগারদের পঞ্চম ম্যাচেও জয় প্রয়োজন ছিল। সে লক্ষ্যে দুপুরে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর স্টেডিয়ামে সফরকারীদের বিরুদ্ধে নামে বাংলাদেশ।

টসে জিতে ব্যাটিংয়ে নামলেও জিম্বাবুইয়ান ব্যাটিং লাইন তছনছ করে দেন বাংলাদেশের বোলাররা। অভিষেকেই হ্যাটট্রিকসহ ৪ উইকেট নেন তরুণ তুর্কি তাইজুল ইসলাম। জিম্বাবুয়ে বধ অভিযানে তার সঙ্গে জুবায়ের হোসেন লিখন (২), সাকিব আল হাসান (৩) ও মাশরাফি (১) ভাগ বসালে মাত্র ৩০ ওভার খেলেই ১২৮ রানে গুটিয়ে যায় এলটন চিগম্বুরা বাহিনী।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা কঠিন হয় বাংলাদেশেরও। মাত্র ৫৮ রান তুলতেই ৪ উইকেট খুইয়ে ফেলে টাইগার বাহিনী। তবে শেষ পর্যন্ত টাইগার শিবিরের ত্রাতা হয়ে ৫ উইকেট হাতে রেখে ২৪ ওভার ৩ বলেই জয় নিশ্চিত করেন মাহমুদুল্লাহ রিয়াদ (৫১), তার সঙ্গে ছিলেন সাব্বির রহমান (১৩)।

জয়ের পর বসুন্ধরা সিমেন্ট টেস্ট সিরিজ ও ওয়ানডে সিরিজের পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শামীম চৌধুরীর সঞ্চালনায় তার হাত থেকে একে একে পুরস্কার গ্রহণ করেন পঞ্চম ওয়ানডে ম্যাচসেরা তাইজুল ইসলাম, ওয়ানডে সিরিজসেরা মুশফিকুর রহিম ও দুই সিরিজের জয়ী দলের অধিনায়ক মুশফিকুর রহিম (টেস্ট) ও মাশরাফি বিন মর্তুজা (ওয়ানডে)।

পুরস্কার বিতরণের পর শেখ হাসিনা জয়ী টাইগার দলের দুই অধিপতিকে পাশে নিয়ে ঐতিহাসিক মুহূর্ত ফ্রেমবন্দি করেন। এরপর পুরো টাইগার বাহিনীই প্রধানমন্ত্রীর সঙ্গে দু’টি ‘বাংলাওয়াশ’ উদযাপনের সুযোগ পায়। কেবল জয়ী দলের উদযাপনের সঙ্গীই হননি, প্রধানমন্ত্রী বিজিত জিম্বাবুইয়ানদেরও সঙ্গে নিয়ে ছবি তোলেন।

পুরো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টাইগার অধিপতিদ্বয় ও ক্রিকেটারদের মাথায় হাত বুলিয়ে ও পিঠ চাপড়ে সাধুবাদ ও অনুপ্রেরণা জানান শেখ হাসিনা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রমুখ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026