গ্যালারী থেকে ডেস্ক: তিলকারত্নে দিলশান আর কুমার সাঙ্গাকারার ব্যাটে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহের পথে এগুচ্ছে শ্রীলঙ্কা। ৪৯ ওভার শেষে ১ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৩২০ রান। দিলশান ১৫৬ ও সাঙ্গাকারা ৯৯ রানে ব্যাট করছেন। দুই বার জীবন পাওয়ার পর অবশেষে আউট হন নড়বড়ে লাহিরু থিরিমান্নে।
প্রথম ওভারেই জীবন পান লাহিরু থিরিমান্নে। মাশরাফি বিন মুর্তজার বলে এনামুল হককে সহজ ক্যাচ দিয়েও বেঁচে গেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ৪৪ রানে সাব্বির রহমানের বলে আবার জীবন পান লাহিরু থিরিমান্নে। এগিয়ে এসে খেলতে গিয়ে বলে ব্যাট লাগাতে পারেননি। থিরিমান্নেকে স্টাম্পিং করার যথেষ্ট সময় পেয়েছিলেন মুশফিকুর রহিম। কিন্তু তিনি বল নিয়ন্ত্রণে নিতে না পারায় আবারো বেঁচে যান বাঁহাতি এই ব্যাটসম্যান।
রুবেল হোসেনের বল স্লিপের ওপর দিয়ে তুলে দিতে চেয়েছিলেন লাহিরু থিরিমান্নে। কিন্তু বল ব্যাটে লেগে থার্ড ম্যানে তাসকিন আহমেদের হাতে ধরা পড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান। ঠাণ্ডা মাথায় দুই হাতে ক্যাচ ধরে থিরিমান্নের (৫২) বিদায় নিশ্চিত করেন তাসকিন। বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ‘এ’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা।
বাংলাদেশ দল অপরিবর্তিত রয়েছে। এই ম্যাচেও আট ব্যাটসম্যান নিয়ে খেলছে তারা। একটি পরিবর্তন এসেছে শ্রীলঙ্কা দলে। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া জিবন মেন্ডিসের জায়গায় দলে এসেছেন দিনেশ চান্দিমাল। আফগানিস্তানকে ১০৫ রানে হারিয়ে বিশ্বকাপ অভিযানে শুভ সূচনা করে বাংলাদেশ। বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের পরের ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। নিজেদের প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে ৯৮ রান হারে শ্রীলঙ্কা। আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচে ঘাম ঝরিয়ে ৪ উইকেটে জেতে তারা।