গ্যালারী থেকে ডেস্ক: প্রথম ওয়ানডেতে ভারতকে উড়িয়ে দিয়ে এই মুহূর্তে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ। আজ দ্বিতীয় ওয়ানডে জিতলে এক ম্যাচ হাতে রেখেই ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত হবে টাইগারদের। হ্যাঁ, এটাকে ঐতিহাসিকই বলা চলে। ভারতের বিপক্ষে গত ওয়ানডেসহ এ পর্যন্ত বাংলাদেশ চার ম্যাচ জিতলেও কখনো যে সিরিজ জেতা হয়নি।
এবার সাকিব-তামিম-মাশরাফিদের সামনে সে সম্ভাবনা উঁকি দিচ্ছে। ওয়ানডেতে বাংলাদেশও যে এখন সেরাদের তালিকায় চলে এসেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগেই সে কথা বলে দিয়েছেন। ঘরের মাঠে টানা নয়টি ওয়ানডে জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে ৫-০, আর পাকিস্তানকে ৩-০ তে বাংলাওয়াশ করার পর ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে টাইগাররা।
মজার বিষয়, প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৭৯ রানে হারিয়েছিল বাংলাদেশ, এবার ভারতের বিপক্ষেও প্রথম ওয়ানডেতে জয় ৭৯ রানে! জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচটি আরেকটু বেশি রানে (৮৭) জিতেছিল বাংলাদেশ। তার মানে এবার ভারতকেও বাংলাওয়াশ?
এমন ভাবনা হয়তো একটু বাড়াবাড়ি মনে হতে পারে। তবে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে এমন সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। পূর্ণশক্তির দল নিয়ে এসেও প্রথম ওয়ানডেতে ভারত যেভাবে নাকানিচুবানি খেয়েছে, তাতে বাংলাওয়াশের স্বপ্ন দেখাই যায়। তবে প্রথমে দরকার সিরিজ জয় নিশ্চিত করা। সিরিজ জয়ের সে স্বপ্নটা অন্য সবার মতো বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহেকেও ছুঁয়ে যাচ্ছে। নিজেদের আত্মবিশ্বাসই এই স্বপ্ন দেখাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, এই মুহূর্তে আমরা ১-০ তে এগিয়ে আছি। সিরিজ জিততে আরেকটি জয় পেতে হবে। আমরা দ্বিতীয় ম্যাচে জয় পেতে মুখিয়ে আছি। আমরা ফেবারিট নই। কিন্তু আমরা আত্মবিশ্বাসী। আর এই আত্মবিশ্বাসী হওয়ার কারণেই সিরিজ জয়ের স্বপ্ন দেখছি।
প্রথম ওয়ানডেতে ৭৯ রানের জয়টি ভারতের বিপক্ষে যেমন সবচেয়ে বড় ব্যবধানের জয়, তেমনি ৩০৭ রানও বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। সেই সঙ্গে প্রথমবারের মতো উদ্বোধনী জুটিতে এসেছে শতরান। ভারতের বোলারদের পিটিয়ে ৭৯ বলেই ১০০ রান পূরণ করেন দুই বাঁহাতি ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। তার আগে এ দুজন ৫০ রানও তোলেন ৪০ বলে, যা ভারতের বিপক্ষে দ্বিতীয় দ্রুততম।