শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: অনেক কথা শুনেছেন। এবার তার জবাবে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে।
এ
রই মধ্যে দাবি উঠেছে, স্কটল্যান্ড ইউরোপীয় ইউনিয়নে একক বাজার সুবিধা চায়। তাদেরকে ব্রেক্সিট সমঝোতায় সমান অংশীদারিত্ব দিতে হবে। আবার স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে দ্বিতীয় গণভোটের প্রস্তাবও এসেছে। এসব কথা শোনার পর তেরেসা মে বলেছেন, স্কটল্যান্ড বৃটেনের সঙ্গেই থাকবে।
দ্বিতীয় গণভোটের প্রস্তাব করার জন্য স্কটল্যান্ডের ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টির উপনেতা ও হাউজ অব কমন্সের সদস্য অ্যাঙ্গাস স্ট্রাউয়ান ক্যারোলাস রবার্টসনের কড়া সমালোচনা করেছেন তেরেসা মে। প্রধানমন্ত্রী তেরেসার ব্রেক্সিট প্রক্রিয়াকে বেপরোয়া এক পরিকল্পনা বলে আখ্যায়িত করেছেন রবার্টসন। এ জন্য তিনি স্কটল্যান্ডের দ্বিতীয় গণভোট দেয়া উচিত বলে মন্তব্য করেন।
এরপরই তেরেসা মে তার বক্তব্যের পাল্টা জবাব দেন। তিনি বলেন, স্কটল্যান্ডের প্রথম ও সর্বপ্রথম ইচ্ছা থাকতে হবে বৃটেনের সঙ্গেই থাকার পক্ষে। তিনি এমপি রবার্টসনকে উদ্দেশ্য করে বলেন, তিনি যদি স্কটল্যান্ডের ভবিষ্যত অর্থনৈতিক সমৃদ্ধির নিশ্চয়তা চান তাহলে তাকে প্রকৃত বাস্তবতার দিকে তাকাতে হবে।
তাহলো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৃটেনের বাকি অংশের চেয়ে স্কটল্যান্ডের রয়েছে অধিক রপ্তানি ও বাণিজ্যিক ব্যবস্থাপনা। তাই তার (রবার্টসন) প্রথম খায়েসটা হওয়া উচিত বৃটেনের সঙ্গে থাকা।
উল্লেখ্য, স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেনও ব্রেক্সিট প্রক্রিয়া নিয়ে প্রধানমন্ত্রী তেরেসা মের সমালোচনা করেছেন। তিনিও ব্রেক্সিট সমঝোতায় স্কটল্যান্ডের অংশীদারিত্ব চান। তাদের স্বার্থ রক্ষা করার কথা বলেছেন।