শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রাশিয়ার সঙ্গে আগামী বছরে বৃটেনের যুদ্ধ হবে না বলে মনে করেন বৃটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফলঅন। তবে ভবিষ্যতে যে যুদ্ধ হবে না এমনটা মনে করেন না তিনি। কমন্স ডিফেন্স কমিটিতে এক শুনানিতে তিনি এসব কথা বলেছেন। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।
এতে বলা হয়েছে, সম্প্রতি জেনারেল স্যার রিচার্ড শিরেফ নতুন একটি বই লিখেছেন। তাতে তিনি পূর্বাভাষ দিয়েছেন যে আগামী বছর রাশিয়ার সঙ্গে যুদ্ধ হবে বৃটেনের। এ বিষয়ে কমিটির একজন সদস্য প্রতিরক্ষামন্ত্রীর কাছে জানতে চান।
জবাবে মাইকেল ফলঅন বলেন, অনেক মানুষ অনেক বই লিখেছেন, লিখছেন। তা বিক্রির চেষ্টা করেন। তবে রিচার্ড শিরেফের বইটা ভাল একটি বই। কিন্তু আগামী বছর রাশিয়ার সঙ্গে যুদ্ধ হবে এ কথার সঙ্গে আমি একমত নই।
তিনি আরও বলেছেন, এ বছর, আগের বছর আমরা রাশিয়ার অনেক বড় আগ্রাসী কর্মকান্ড দেখেছি। দূরপাল্লার বিমান চলাচল বিষয়ক কর্মকান্ড দেখেছি। সাবমেরিন বিষয়ক কর্মকান্ড দেখেছি। সিরিয়ায় রাশিয়ার ভূমিকা দেখেছি।
তবে আমি মনে করি না যে, তার ফলে আগামী বছর একটি যুদ্ধ হবে। আমি মনে করি ন্যাটো এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে এ কথা সবাই স্বীকার করবেন। (রাশিয়ার) চ্যালেঞ্জের জবাব দিতে জেগে উঠেছে ন্যাটো। তবে ভবিষ্যতে যে যুদ্ধ হবে না এমনটা মনে করেন না মাইকেল ফলঅন।