মোঃ রুবেল ইসলাম: মুন্সীগঞ্জ অনেকেরই শুঁটকি পছন্দের মাছ। প্রায় প্রতিটি জেলা ও উপজেলা শহরে এমনকি গঞ্জের হাট-বাজারেও বাণিজ্যিকভাবে তৈরি করা শুঁটকি মাছ কিনতে পাওয়া যায়।
কিন্তু অনেকেরই শুঁটকি খাওয়ার ইচ্ছে থাকলেও বাজারের শুঁকটি কিনে খেতে চান না। কারণ বাজারের শুঁটকি তৈরি ও সংরক্ষণের বিভিন্ন পর্যায়ে নানা রকম কীটনাশক মেশানো হয় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
যদিও বিষক্রিয়ার কার্যকাল সুনির্দিষ্ট থাকে এবং তা শেষ হবার পর মানুষের স্বাস্থ্যের জন্য আর ততটা ক্ষতিকর নয়। কিন্তু একজন ক্রেতার পক্ষে এত ঝক্কি-ঝামলা পোহানো সম্ভব নয়।
আবার দেশে এখনো বেশিরভাগ শুঁটকি সনাতন পদ্ধতিতে তথা রাস্তার পাশে অথবা নদী/সমুদ্রের চর এলাকায় খোলা আকাশের নীচে রোদে শুকিযয়ে তৈরি করা হয় বলে এসব শুঁটকিতে ধূলোবালি, কীট-পতঙ্গের দেহাংশ ও ক্ষতিকর জীবাণুর উপস্থিতি গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি থাকে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার পছন্দের শুঁটকি সবসময় বাজারে পাওয়া নাও যেতে পারে।
তাই শুঁটকিপ্রেমীরা যাতে বাড়িতে বসে কোনো ঝক্কি-ঝামেলা ছাড়াই শুঁটকি তৈরি করতে পারেন সে আলোচনা নিম্নে করা হল –
পরিকল্পনা ও প্রস্তুতি:
১
. সারা বছরের প্রয়োজনীয় শুঁটকি তৈরির পরিকল্পনা করলে বেছে নিতে হবে বর্ষা পরবর্তী সময়কাল। বর্ষার পানি নেমে যাবার সময় নদী ও বিলে প্রচুর মাছ ধরা পরে এবং মাছের দামও কম থাকে।
২.অল্প পরিমাণে শুঁটকি তৈরি করলে বর্ষা ছাড়া বছরের যেকোনো সময়েই তৈরি করা যায়।
৩. কাছের ফিশ ল্যান্ডিং সেন্টার (যেখানে নদী বা বিল থেকে ধরে আনা মাছ জেলেরা নিলামের মাধ্যমে পাইকারী দরে বিক্রি করে থাকে) থেকে কম দামে দেখে শুনে ভাল মাছ কেনা যায়।
৪. মাছ কেনার আগেই আগাম খোঁজ নিয়ে জানতে হবে কয়েক দিনের আবহাওয়ার খবর। কারণ শুঁটকি তৈরির জন্য কমপক্ষে ৫ থেকে ৬ দিন টাটকা রোদের খুবই দরকার। রোদের নিশ্চয়তা না থাকলে বিড়ম্বনা এড়াতে মাছ কেনা থেকে বিরত থাকতে হবে এবং ভাল আবহাওয়ার নিশ্চয়তা পাওয়া গেলে মাছ কিনে শুঁটকি তৈরি করতে হবে।
৫. বাজার থেকে বড় মাছ কিনলে মাছের আঁইশ ও নাড়ি-ভুঁড়ি ফেলে নির্দিষ্ট আকারে টুকরো করে নিয়ে আসতে হবে।
প্রয়োজনীয় উপকরণ ও বিবেচ্য বিষয়বলী:
১. প্রতি কেজি মাছের জন্য প্রয়োযজন হবে এক চা চামচ লবণ, ১/২ চা চামচ হলুদের গুঁড়া, ১/২ চা চামচ মরিচের গুঁড়া এবং চিকন জি.আই. তার (যা গুনা নামেই অধিক পরিচিত)।
২. তারের বিকল্প হিসেবে শক্ত সুতা ব্যবহার করা যেতে পারে। তার বা সুতা ব্যবহার করতে না চাইলে বাঁশের তৈরি চালুনি, ঢেউটিন, মাদুর, চাটাই ইত্যাদি লাগবে।
৩. কাক জাতীয় পাখি, পতঙ্গ, বিড়াল ইত্যাদি শুঁকটিপ্রিয় প্রাণী থেকে শুঁটকিকে রক্ষা করতে মশারী ব্যবহার করতে হবে। মশারী ধূলোবালি থেকেও শুঁটকিকে অনেকাংশেই রক্ষা করবে।
৪. বাড়ির উঠোনে বা ছাদে সহজেই শুঁটকি তৈরির কাজটি করা যেতে পারে। শুঁটকি তৈরি: প্রথমে আঁইশ ও নাড়ি-ভুঁড়ি ফেলে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। এরপর বড় মাছের ক্ষেত্রে পাতলা পাতলা ও ছোট ছোট টুকরো করতে হবে, মাঝারি থেকে ছোট মাছের ক্ষেত্রে মাথা, ধর, লেজ ইত্যাদি অংশে ভাগ করে টুকরো করে নিতে হবে।
খুব ছোট মাছের ক্ষেত্রে (যেমন-পুঁটি) গোটাই রাখতে হবে তবে দ্রুত শুকানোর জন্য চিড়ে দিতে হবে। মাছ থেকে পানি ঝরিয়ে হলুদ, মরিচ ও লবণ মাখিয়ে তারে বা শক্ত সুতায় গেঁথে রোদে শুকাতে হবে। শক্ত সুতায় গাঁথতে বড় আকারে সুই ব্যবহার করতে হবে। তার বা সুতা ব্যবহার করতে না চাইলে চালুনিতে ফাঁকা ফাঁকা করে মেলে দিতে হবে। এভাবে ৫ থেকে ৬ দিন কড়া রোদে শুকিয়ে নিতে হবে।
শুঁটকি সংরক্ষণ:
শুঁটকি ঠান্ডা করে প্লাস্টিক বা টিনের কৌটায় ভরে সংরক্ষণ করতে হবে। খেয়াল রাখতে হবে যে কৌটায় যেন কোনো ছিদ্র না থাকে। এছাড়াও শুঁটকি প্রথমে পলিথিন প্যাকেটে ভরে প্যাকেটের মুখ বন্ধ করে কৌটায়ও রাখা যায়। তবে মাঝে মাঝে কৌটা থেকে শুঁটকি বের করে রোদে দিয়ে ভাল করে শুকিয়ে নিতে হবে। রোদে শুকানোর পর আবার ঠান্ডা করে কৌটায় ভরে রাখতে হবে। কোনো অবস্থাতেই গরম শুঁটকি প্যাকেট বা কৌটায় রাখা যাবে না।
আর তা করলে শুঁটকি নষ্ট হয়ে যাবে। পোকা-মাকড়ের হাত থেকে শুঁটকিকে রক্ষা করতে হলে কৌটায় কিছু নিমের শুকনো পাতা অথবা কয়েকটি শুকনো মরিচ রেখে দিতে হবে, আর এতে তৈরি শুঁটকির সংরক্ষণকালকে দীর্ঘ করবে। শুঁটকি তৈরির বিভিন্ন কৌশল থাকলে সনাতন পদ্ধতিতেই নিজেদের প্রয়োজনের শুঁটকি নিজেরাই তৈরি করা স্বাস্থ্যসম্মত।