নিউজ ডেস্ক: জীবনমান, নিরাপত্তা ও ব্যক্তিগত শান্তির দিক বিবেচনায় লন্ডনকে বিশ্বের অনেক বড় শহরের তুলনায় অন্যতম নিকৃষ্ট শহর বলে মনে করেন সেখানে বসবাসরত প্রবাসীরা। ইন্টারনেশনস নামের একটি প্রতিষ্ঠানের এক জরিপে এ তথ্য পাওয়া গেছে।
ই
ন্টারনেশনস এক্সপ্যাট ইনসাইডার ২০১৬ শিরোনামের ওই জরিপে লন্ডনে বসবাসকারী মোট ১৪ হাজার বিদেশির অভিমত নেওয়া হয়েছে।
জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যের রাজধানীতে বসবাসরত প্রবাসীরা সেখানকার জীবনমান নিয়ে গভীরভাবে হতাশ। জরিপে বসবাসের জন্য সবচেয়ে উপযোগী বিশ্বের ৩৫টি শহরের নাম দেওয়া হয়।
জরিপের ফল অনুযায়ী, সেখানে লন্ডনের অবস্থান ২৭তম। এই ৩৫ শহরের মধ্যে লন্ডনের জীবনযাপনের মান ২৪তম, অবকাশযাপনের সুযোগ ২৬তম, ব্যক্তিজীবনের সুখ ৩৩তম, ভ্রমণ ও পরিবহন সুবিধা ১৮তম, শরীর-স্বাস্থ্য ভালো থাকা ২৪তম এবং নিরাপত্তা ও প্রতিরক্ষা ২৪তম।
তবে জরিপের ফল বলছে, এত সব নেতিবাচক দিক থাকার পরও একটি বড় গুণের কারণে বিদেশিরা লন্ডনে আসে। সেটি হলো কাজের সুযোগ।
জরিপে দেখা গেছে, বিদেশিদের কাজ পাওয়ার সুযোগের সূচকে লন্ডনের অবস্থান ১৬তম। সেখানে কর্মরত প্রবাসীদের মধ্যে কাজের ক্ষেত্রে সন্তুষ্টি ৬৯ শতাংশ, যেটিকে বেশ সন্তোষজনক বলে ধরে নেওয়া হয়।