শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিশ্ব শান্তি সূচক অনুযায়ী ভারত কম শান্তির দেশের তালিকায় আছে। ভারতের থেকে আরও পিছিয়ে পাকিস্তান। এমনকী পাকিস্তান অতি বিপজ্জনক দেশগুলোর মধ্যে রয়েছে বলেও সূচকে বলা হয়েছে। বাংলাদেশ রয়েছে মোটামুটি বা মাঝারি রকমের শান্ত দেশের তালিকায়।
২০১৬-র বিশ্ব শান্তি সূচকে ১৬৩টি দেশের মধ্যে ভারতের অবস্থান ১৪৩-এ রয়েছে। বাংলাদেশের অবস্থান ৮৩তম। তবে সূচক অনুযায়ী বাংলাদেশের চেয়েও দক্ষিণ এশিয়ার দুই দেশ নেপাল ও ভুটান এগিয়ে রয়েছে। ভুটান রয়েছে ১৩ নম্বর স্থানে। নেপাল ৭৮ নম্বরে।
আর ১৫৩তম স্থানে থাকা পাকিস্তান শান্তি ও স্থিতিশীলতার দিক থেকে খুবই খারাপ অবস্থায় বলে এতে বলা হয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি আফগানিস্তানে। যুদ্ধবিধ্বস্ত দেশটির অবস্থান ১৬০তম। যার পরেই রয়েছে সূচক অনুযায়ী সবচেয়ে খারাপ পরিস্থিতির দেশ ইরাক।
হিংসা, হত্যা, অসামরিক নাগরিকের হাতে অস্ত্র, দেশের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাত, রাজনৈতিক অস্থিরতাসহ ২১টি বিষয় মূল্যায়ণ করে ওই র্যাঙ্কিং করা হয়। এবং সূচক তৈরি করা হয়।
শান্তি ও নিরাপত্তা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ের দ্বন্দ্বের সঙ্গে সন্ত্রাসী তৎপরতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে ১৬২ দেশকে নিয়ে সূচক তৈরি করার ক্ষেত্রে।
একই সঙ্গে দেশগুলোর মধ্যে বেড়ে চলা অস্থিরতা সেই সব দেশের অর্থনীতির উপর কী ভাবে প্রভাব ফেলছে, তাও বিবেচনায় আনা হয়েছে। সার্কের অর্ন্তভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। সেখানে ভুটান ও নেপাল যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে।
শান্তির নিরিখে ভারতের থেকে বাংলাদেশ এগিয়ে। এমনকী চিনও এগিয়ে ভারতের থেকে। চিন রয়েছে ১২০তম স্থানে। দেশের শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে ১০৩ নম্বর স্থানে। জার্মানি সূচকের বিচারে বেশ শান্তিপূর্ণ। এই দেশের স্থান ১৬তম। ইংল্যান্ড রয়েছে ৪৭ নম্বরে। অন্যদিকে, স্পেন ও ফ্রান্সে শান্তি বিরাজমান। এই দু’দেশ যথাক্রমে ২৫ ও ৪৬ নম্বরে রয়েছে।