দুনিয়া জুড়ে নিউজ ডেস্ক: বিমানবাহী প্রথম রণতরী উদ্বোধন করেছে ভারত। কেরালার শিপইয়ার্ডে দেশী প্রযুক্তিতে তৈরি এ রণতরীর নাম দেয়া হয়েছে ‘আইএনএস বিক্রান্ত’। কোচিন শিপইয়ার্ডে এটি নির্মাণ করা হয়েছে।
২০১৬ সালে এটি পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু হবে। এর ওজন ৩৭ হাজার ৫০০ টন। নৌবাহিনীতে তা যোগ দেবে ২০১৮ সালে। এর মধ্য দিয়ে ভারত বিশ্বে এ ধরনের রণতরী তৈরিতে সক্ষম অন্য দেশগুলোর কাতারে চলে এলো।
বিশ্বের দেশগুলোর মধ্যে কেবল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া এবং ফ্রান্স এ ধরনের যুদ্ধবিমানবাহী জাহাজ তৈরি করতে পারে। এ খবর দিয়েছে বিডিনিউজ। এতে বলা হয়, গতকাল ভারত ‘আইএনএস বিক্রান্ত’ তৈরির প্রথম ধাপের কাজ শেষের পর এটি উদ্বোধন করে। এ তরীর বাহ্যিক ও উপরি-কাঠামোর কিছু কাজ এখনও বাকি থাকায় তা আবার ডকে ফিরিয়ে নেয়া হবে। এর দৈর্ঘ্য ২৬০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার।
এ তরী থেকে মিগ-২৯-কে, হাল্কা যুদ্ধবিমান ও ক্যামভ-৩১ মডেলের জঙ্গি বিমান উড়তে পারবে। ভারতীয় নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল আরকে ধৌআন দেশীয় প্রযুক্তিতে বানানো প্রথম বিমানবাহী রণতরী উদ্বোধনের কৃতিত্বকে এ বাহিনীর দেশের মাটিতে জাহাজ তৈরি কর্মসূচির ‘সর্বোচ্চ গৌরব’ বলে অভিহিত করেছেন।
Leave a Reply