শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইরানের সেনাবাহিনী দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিশাল সামরিক মহড়া করতে যাচ্ছে বলে খবর দিয়েছেন একজন পদস্থ সেনা কর্মকর্তা।
তিনি বলেছেন, সেনাবাহিনীর সমর প্রস্তুতি শক্তিশালী করার লক্ষ্যে এ মহড়া চালানো হবে।
ইরানের স্থলবাহিনীর নয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হায়দারি রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’কে বলেছেন, আগামী রোববার থেকে ২০০,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে তিনদিনব্যাপী এ মহড়া শুরু হবে।
তিনি বলেন, এ মহড়ার তিনটি কৌশলগত পর্যায় থাকবে এবং এখানে অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহার করা হবে।
এ ধরনের সমরাস্ত্র এর আগের মহড়াগুলোতেও পরীক্ষা করা হয়েছে উল্লেখ করে জেনারেল হায়দারি বলেন, ইরানের পদাতিক বাহিনী এসব অস্ত্রের গুণগত মান উন্নত করেছে।
ফলে আসন্ন মহড়ায় এসব যুদ্ধাস্ত্রের নয়া পাল্লা ও নির্ভুলভাবে আঘাত হানার ক্ষমতা পরীক্ষা করা হবে।
ইরানের স্থলবাহিনীর কমান্ডার বলেন, তরুণ সেনা কর্মকর্তাদের সামরিক কৌশল পর্যবেক্ষণ করাও হবে আসন্ন মহড়ার অন্যতম প্রধান উদ্দেশ্য।