শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফ্রান্সের ক্যালে জঙ্গলে আবার ফিরতে শুরু করেছে শরণার্থীরা। তারা সেখানে গোপন ক্যাম্প করে অবস্থান করছে। তাদের উদ্দেশ্য বৃটেনে প্রবেশ করা।
এর
ই মধ্যে এমন কয়েক শত শরণার্থী ওই ক্যাম্পে অবস্থান নিয়েছে। কয়েক সপ্তাহ আগে ফ্রান্স শরণার্থীদের আশ্রয়শিবির বলে পরিচিত ক্যালে জঙ্গল শিবির ভেঙে দেয়। লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট এ খবর দিয়েছে।
এতে বলা হয়, নর্ড-পাস-ডি-ক্যালে অঞ্চলের যে এলাকা গ্রামীণ সেদিকে কমপক্ষে এমন ৬টি শরণার্থী ক্যাম্প রয়েছে। এর প্রতিটিতে বসবাস করছেন শরণার্থী ও অভিবাসীরা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের সংখ্যা বাড়ছে। দু’মাস আগে ফ্রান্স কর্তৃপক্ষ ক্যালে জঙ্গল শিবির ভেঙে গুঁড়িয়ে দেয়।
এর মধ্য দিয়ে ক্যালেতে শরণার্থী পরিস্থিতির ইতি ঘটানোর চেষ্টা ছিল সরকারের। তারা ওই শিবিরের শরণার্থীদের ফ্রান্সের বিভিন্ন অভ্যর্থনা কেন্দ্রে (সিএও) পাঠায়। এর মধ্য দিয়ে সরকার তাদের অভিযানে সফল হয়েছে বলে দাবি করে। কিন্তু যেসব শরণার্থী ও অভিবাসীকে সরকার বাসে করে সিএও সেন্টারগুলোতে নিয়ে গিয়েছিল তাদের অনেকে এখন আবার ফ্রান্সের উত্তরাঞ্চলে ফেরা শুরু করেছে। এর বেশির ভাগই শিশু। এ মাসের শুরুর দিকে তাদের আশ্রয়ের দাবি প্রত্যাখ্যান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ফ্রান্সের বিভিন্ন সিএও কেন্দ্রে বসবাসের নাজুক পরিবেশের কারণে তাদের অনেকে স্বেচ্ছায় বৃটেনমুখী হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমন একটি গোপন ক্যাম্পের অবস্থান ফ্রান্সের ছোট্ট গ্রাম নরেন্ট-ফন্টেস এর কিনার ঘেঁষেই। এ স্থানটি ক্যালে বন্দর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে।
বর্তমানে এখানে অবস্থান করছেন প্রায় ১৩০ জন শরণার্থী। এ ক্যাম্পটি ২০০৮ সাল থেকে বিদ্যমান। কিন্তু সেখানে সাম্প্রতিক সময়ে জনসংখ্যা দ্রুততার সঙ্গে বেড়েছে। নরেন্ট-ফন্টেস ক্যাম্পে ত্রাণ সহায়তা পৌঁছে দেন তেরে ডি’ইরান্সে নামে ফরাসি একটি ছোট্ট দাতব্য সংস্থা। এর স্বেচ্ছাসেবী জুলিয়েন মুলার বলেছেন, অধিক থেকে অধিক মানুষ ফিরে যাচ্ছেন ওই ক্যাম্পে।
এ সপ্তাহে বেশ কয়েক ডজন শরণার্থী ফিরেছেন সেখানে। আমি মনে করছি, আগামী কয়েক মাসে এ সংখ্যা আরও বাড়বে। বৃটিশ সরকার কম বয়সী শরণার্থীদের সেদেশে হস্তান্তর বন্ধ করায় প্রচুর সংখ্যালঘু এসব ক্যাম্পে ফিরে আসছেন। এর মধ্যে অনেকে আছে বয়স অনেক কম।
কিন্তু বৃটেনে তাদের পরিবারের সদস্য আছে এটা স্পষ্ট। কিন্তু তাদেরকে বৃটেনে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এ জন্য তারা ফিরে আসছে। নিজেরা নিজেদের মতো পথ করে নিচ্ছে। জুলিয়েন মুলার আরও বলেন, সিএও কেন্দ্র থেকেও অধিক সংখ্যক প্রাপ্ত বয়স্ক মানুষ ফিরে যাচ্ছেন ওই ক্যালেতে। তাদের কেউ কেউ ফ্রান্সেই থাকতে চান। তারা দু’মাস অপেক্ষা করেছেন।
কিন্তু আশ্রয়ের আবেদন করার সুযোগটুকুও দেয়া হয় নি তাদের। তাদেরকে পরিত্যক্ত ফেলে রাখা হয়েছে। ক্যালেতে এ মাসেই এমন গোপন ক্যাম্পের সন্ধান পান গোল্ডস্মিথস ইউনিভার্সিটির প্রফেসর ও শরণার্থী বিষয়ক উপদেষ্টা সু ক্লেটন। এসব ক্যাম্পকে তিনি ‘মিনি-জঙ্গল’ বলে আখ্যায়িত করেন। বলেন, সেখানকার পরিস্থিতি করুণ।