শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: তুরস্কের পার্লামেন্টের সাংবিধানিক কমিশন একটি খসড়া সংবিধান সংস্কার আইন শুক্রবার অনুমোদন করেছে। ফলে প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত একটি বিল নিয়ে পার্লামেন্টের সাধারণ পরিষদে বিতর্ক হতে আর কোন বাধা রইলো না। এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
খবরে
বলা হয়, পার্লামেন্টে একটি ভোটাভুটির পর বসন্তে সাংবিধানিক পরিবর্তন নিয়ে গণভোট আয়োজন করতে পারে তুরস্ক। এ গণভোটে ইতিবাচক ফল আসলে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান নির্বাহী ক্ষমতাও পাবেন। অবশ্য বিদ্যমান সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের পদ তুরস্কে আলঙ্কারিক হলেও, কার্যত দেশ পরিচালনা করছেন এরদোগানই। এ সংশোধন পাশ হলে কাগজে কলমেও ক্ষমতা পাবেন তিনি।
রয়টার্সের খবরে বলা হয়, দীর্ঘ ১৭ ঘন্টা শুনানি শেষে সাংবিধানিক কমিশন এ খসড়া আইন অনুমোদন দেয়। ১০ই ডিসেম্বর ২১টি ধারা সহকারে খসড়া আইনটি কমিশনের কাছে উপস্থাপন করা হয়। তবে অনুমোদিত খসড়ায় ১৮টি ধারা রয়েছে। এ বিল নিয়ে জানুয়ারিতে পার্লামেন্টের প্রধান পরিষদে বিতর্ক শুরু হবে।
মূলত, নিজের বিপুল জনপ্রিয়তার ওপর ভর করে আলঙ্কারিক প্রেসিডেন্টের পদকে ক্ষমতাধর পদে রূপান্তর করেছেন এরদোগান। তার সমালোচকদের চুক্তি, নতুন সাংবিধানিক সংস্কারের প্রস্তাব পাশ হলে, তুরস্কে কর্তৃত্বপরায়ণ শাসন প্রতিষ্ঠিত হতে পারে।
এক দশক আগে এরদোগানের প্রতিষ্ঠিত শাসক দল একে পার্টি এ সংস্কারের জন্য জাতীয়তাবাদী বিরোধী দল এমএইচপি’র সমর্থন চায়। যেকোন সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে তুরস্কের ৫৫০ আসন-বিশিষ্ট পার্লামেন্টে কমপক্ষে ৩৩০ জন সদস্যের সমর্থন প্রয়োজন হয়। এরপর আয়োজিত হয় গণভোট।