শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪১

ব্রেক্সিট নিয়ে বৃটিশ সুপ্রিম কোর্টের রায় মঙ্গলবার

ব্রেক্সিট নিয়ে বৃটিশ সুপ্রিম কোর্টের রায় মঙ্গলবার

নিউজ ডেস্ক: বৃটিশ সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে পুরো বৃটেন ও ইউরোপ। শুধু যে বৃটেন, ইউরোপ তা-ই নয়, অধীর আগ্রহে অপেক্ষায় সারা বিশ্ব।

আর মাত্র চারদিন পরেই আগামী মঙ্গলবার বৃটিশ সুপ্রিম কোর্ট ব্রেক্সিট নিয়ে সরকারের আপিলের বিষয়ে চূড়ান্ত রায় দেবে। আদালত যদি সরকারের পক্ষে রায় দেয় তাহলে প্রধানমন্ত্রী তেরেসা মে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন।

আর যদি হাইকোর্টের রায়ই বহাল রাখে আদালত তাহলে তড়িঘড়ি করে হাতেগোনা কয়েক দিনের মধ্যে তেরেসা মে’কে ব্রেক্সিট নিয়ে লিসবন চুক্তির ৫০ অনুচ্ছেদ সক্রিয় করা নিয়ে পার্লামেন্টে ভোট দিতে বাধ্য হবেন। যদি পার্লামেন্টে এ প্রস্তাব ভোটে যায় তাহলে রায় কোন্দিকে যায় তা আরেক ক্লাইম্যাক্স হয়ে দাঁড়াতে পারে। পার্লামেন্ট তেরেসা মে’কে অনুমোদন না দিলে ব্রেক্সিট প্রক্রিয়া জটিল এক ঘূর্ণিপাকে পড়বে।

উল্লেখ্য, ব্যবসায়ী নারী গিনা মিলার ও অন্য কয়েকজন ব্রেক্সিট প্রক্রিয়া নিয়ে আদালতের শরণাপন্ন হয়েছিলেন। তারা দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতাবলে ব্রেক্সিট প্রক্রিয়া নিজে নিজেই শুরু করতে পারেন না। বৃটিশ হাইকোর্ট তার পক্ষে রায় দেয়।

হাইকোর্ট বলে, ব্রেক্সিট কার্যক্রম চালাতে হলে অবশ্যই বৃটিশ পার্লামেন্ট থেকে প্রধানমন্ত্রী বা সরকারকে অনুমোদন নিতে হবে। এমন অনুমোদন ছাড়া কোনোভাবেই ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করা যাবে না। ওই রায়ের বিরুদ্ধে আপিল করে সরকার।

সেই আপিলের বিষয়ে গত ৫ই ডিসেম্বর থেকে ৪ দিন শুনানি হয় বৃটিশ সুপ্রিম কোর্টে। তারপর আগামী মঙ্গলবার বৃটেনের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এ বিষয়ে চূড়ান্ত রায় দেয়ার কথা সুপ্রিম কোর্টের। বিষয়টির দিকে তাকিয়ে বৃটেন, ইউরোপসহ সারাবিশ্ব।

কারণ ব্রেক্সিট প্রক্রিয়ার ওপর নির্ভর করে বিশ্ব অর্থনীতির অনেকটাই। এর ওপর নির্ভর করছে ওই অঞ্চলে বিনিয়োগ, ব্যবসা, বাণিজ্য।

লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, সুপ্রিম কোর্টের রায়ে তেরেসা মে হেরে যাবেন বলেই অনেকে মনে করছে। যদি সরকার হেরে যায় তাহলে পার্লামেন্টে ব্রেক্সিট বিষয়ক বিল উত্থাপনে তেরেসা মে বিলম্ব করবেন বলে মনে হয় না।

কারণ তিনি এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন যে, তিনি হেরে গেলেও অনুচ্ছেদ ৫০ সক্রিয় করার সময়সীমা থেকে তিনি পিছপা হবেন না।

তিনি এরই মধ্যে পরিষ্কার বলেছেন, মার্চ মাস শেষ হয়ে যাওয়ার আগেই তিনি অনুচ্ছেদ ৫০ সক্রিয় করবেন। তা করা হলে ব্রেক্সিট সম্পন্ন করতে তিনি দু’বছর সময় পাবেন। উল্লেখ্য, যদি অনুচ্ছেদ ৫০ সক্রিয় করার জন্য পার্লামেন্টে ভোটের রায় দেয় সুপ্রিম কোর্ট তাহলে ইউরোপীয় ইউনিয়নপন্থি এমপিরা সরকারে তাদের প্রভাব ফেলার চেষ্টা করবেন।

লিবারেল ডেমোক্রেটরা তো বলেই দিয়েছে, তারা ব্রেক্সিট চূড়ান্ত করার আগে দ্বিতীয় আরেকটি গণভোট চায়। কিন্তু এতে সমর্থন নেই বিরোধী লেবার দলের। এক্ষেত্রে উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড সমস্যা হয়ে দাঁড়াতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, পার্লামেন্টে সর্বসম্মত সম্মতি আদায় করার বিষয়টি বৃটেনকে পুরোপুরি একটি সাংবিধানিক সংকটে ফেলতে পারে। তাতে প্রধানমন্ত্রী তেরেসা মে ব্রেক্সিটের জন্য যে সময়সীমা নির্ধারণ করেছেন তাও মিইয়ে যেতে পারে।

সুপ্রিম কোর্টের মোট ১১ জন বিচারক ৫ই ডিসেম্বর থেকে ৪ দিনের শুনানির পর বিচার বিশ্লেষণ করছেন। এরপরই মঙ্গলবার তাদের চূড়ান্ত রায় ঘোষণা করবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026