রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২১

পোপ ফ্রান্সিসের হুঁশিয়ারি: লোকরঞ্জনবাদের উত্থানে নতুন হিটলারের জন্ম হতে পারে

পোপ ফ্রান্সিসের হুঁশিয়ারি: লোকরঞ্জনবাদের উত্থানে নতুন হিটলারের জন্ম হতে পারে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস বিশ্বে লোকরঞ্জনবাদ বা পপুলিজমের উত্থানের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি বলেছেন, জনসাধারণের আবেগ-অনুভূতি কিংবা ভয়কে পুঁজি করে গড়ে ওঠা সরকার বা রাজনীতি সমর্থনের মধ্যে হিটলারের মতো স্বৈরাচারীর উত্থানের ঝুঁকি থাকে। স্পেনের পত্রিকা এল পাইসকে দেওয়া এক সাক্ষাৎকারে পোপ এই হুঁশিয়ারি দেন।

পোপ এমন সময় এই কথা বললেন যখন পপুলিস্ট নেতা হিসেবে পরিচিতি পাওয়া ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সদ্যই শপথ নিয়েছেন। একই সঙ্গে ইউরোপের কট্টর ডানপন্থী নেতারা জার্মানিতে বৈঠক করে কড়া ভাষায় অভিবাসনবিরোধী ও জাতীয়তাবাদী কথাবার্তা বলেছেন।

বিদেশিদের কোনো দেশে প্রবেশ ঠেকাতে সীমান্তে দেয়াল তোলা কিংবা কাঁটাতারের বেড়া দেওয়ার নিন্দা জানান পোপ। ট্রাম্পের বিষয়ে জিজ্ঞাসা করা হলে পোপ বলেন, এ বিষয়ে এখনই তিনি কোনো মন্তব্য করতে চান না। তিনি ট্রাম্পের কাজ দেখতে অপেক্ষা করবেন এবং সে অনুযায়ী তাঁকে মূল্যায়ন করতে চান।

ট্রাম্প প্রসঙ্গে পোপ বলেন, আমি আগ বাড়িয়ে কথা বলতে কিংবা নির্ধারিত সময়ের আগেই মার্কিন জনগণের বিষয়ে সিদ্ধান্তমূলক মন্তব্য করতে রাজি নই। আমরা দেখব ট্রাম্প কী কী পদক্ষেপ নেন, কী কী কাজ করেন। তারপর আমি আমার অভিমত দিতে পারব।

যুক্তরাষ্ট্র ও ইউরোপে পপুলিজমের উত্থানের বিষয়ে মূল্যায়ন জানতে চাইলে পোপ ফ্রান্সিস বলেন, এটি আতঙ্কের। তাঁর মতে, ১৯৩৩ সালে জার্মানিতে পপুলিজমের উত্থানের বিষয়টি এর সর্বনাশা দিকের একটি বড় উদাহরণ।

পোপ বলেন, ওই সময় জার্মানি ভেঙে পড়েছিল। তখন মানুষ একজন নেতা খুঁজছিল। অ্যাডলফ হিটলার নামের এক তরুণ তখন আমি পারব, আমি পারব! বলছিল। জার্মানরা সেই হিটলারকে ভোট দিল। সে কিন্তু ক্ষমতা দখল করেনি। জনগণ তাকে ভোট দিয়েছিল এবং সে তার সেই জনগণকেই ধ্বংস করে দেয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026