এম এ বাছিত: নবীগঞ্জে গ্রামীণ ঐতিহ্য আর ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিয়ে করেছেন ব্রাজিলিয়ান সুন্দরী সেওমা বিজেরা। বাঙালি যুবকের প্রেমের টানে এদেশে এসে বিয়ে করেন ওই নারী। পেশায় স্কুলশিক্ষিকা। বিয়ের আনন্দ আর বাসর শেষে আজ নিজ দেশে ফিরে যাচ্ছেন সেওমা বিজেরা। ধর্ম, সমাজ, রাষ্ট্র ও সংস্কৃতিসহ সকল বাধা অতিক্রম করে সুদূর ব্রাজিল থেকে প্রেমের ডাকে সাড়া দিয়ে আলোড়ন সৃষ্টি করেন তিনি।
সক
ল প্রতিবন্ধকতা ডিঙ্গিয়ে ঘর বেঁধেছেন নবীগঞ্জ উপজেলার হালিতলা গ্রামের আসকান উদ্দিনের বড় ছেলে মো. আবদুর রকিবের সঙ্গে। প্রায় এক মাস স্বামীর সঙ্গে বসবাসের পর ২৮শে জানুয়ারি নিজ দেশে চলে যাচ্ছেন।
প্রেমিক স্বামী ও পরিবারের অতিথেয়তা তাকে মুগ্ধ করেছে। ঘুরে বেড়িয়েছেন গ্রামীণ জনপদ। ভালো লেগেছে বাঙালি সংস্কৃতি। বাংলা শেখার চেষ্টা করেছেন। ভিনদেশি এ ললনার আচরণে মুগ্ধ প্রেমিক রকিবের পরিবার। গ্রামের লোকজনও মহাখুশি। শিগগিরই রকিবকে ব্রাজিলে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রাজিলিয়ান বধূ সেওমা বিজেরা।
প্রেমিক রকিবের পারিবারিক সূত্র জানায়, ফেসবুকে প্রেমের সূত্র ধরে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা বারৈইকান্দি গ্রামে ছুটে আসেন ৪৭ বছর বয়সী ব্রাজিলিয়ান নাগরিক সেওমা বিজেরা। রকিব মৌলভীবাজার সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। খবর পেয়ে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছেন আবদুর রকিবের বাড়িতে।
ইতিমধ্যেই আবদুর রকিব ও সেওমা বিয়ে করেছেন। প্রেমের টানে সুদূর ব্রাজিল থেকে বাংলাদেশের ছোট্ট একটি গ্রামে এক বয়স্ক মহিলার এভাবে ছুটে আসা সত্যিই বিরল ঘটনা। কথা হয় রকিব ও তার প্রেমিকা সেওমার সঙ্গে। খুবই আন্তরিকতার সঙ্গে সেওমা তাদের সম্পর্ক নিয়ে কথা বলেন। প্রেমিক রকিব বলেন, ১ বছর পূর্বে তিনি ফেসবুকে সেওমার আইডিতে লাইক দেন। সেওমাও তাকে লাইক দেন। এভাবেই শুরু হয় বন্ধুত্বের পর্ব।
একপর্যায়ে তাদের টেক্সট বিনিময় থেকে শুরু হয়। প্রায় প্রতিদিনই তাদের কথা হতো। মুখোমুখি সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন সেওমা বিজেরা। প্রেমিক তাতে সাড়া দেন। পরে ব্রাজিলিয়ান ওই নারী বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন। ২০১৬ সালের ডিসেম্বর মাসের প্রথমদিকে সেওমা ব্রাজিলে বাংলাদেশ দূতাবাসে গিয়ে ভিসা সংগ্রহ করেন।
গত বছরের ৩১শে ডিসেম্বর তিনি বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বাংলাদেশে আসেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রেমিক মো. আবদুর রকিব। চলে আসেন নবীগঞ্জে। রকিবের পরিবারের আপত্তি না থাকায় ৩রা জানুয়ারি হবিগঞ্জের নোটারি পাবলিকের কার্যালয়ে হাজির হয়ে বিয়ের কাজ সম্পন্ন করেন। পরে ইসলাম ধর্মমতে ২ লক্ষ টাকার কাবিন রেজিস্ট্রি করেও বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
আবদুর রকিব বলেন, ফেসবুকের সূত্রেই আমাদের পরিচয় ও প্রেম। শেষ পর্যন্ত এখন আমরা সুখে-শান্তিতে সংসার করছি। সেওমা বাংলা বলতে শিখছে। রকিবের পরিবারের সকল সদস্য এখন খুবই খুশি।
রকিব আরো জানান, সেওমা ব্রাজিলে পেশায় একজন শিক্ষক। বর্তমানে সেওমা আইন বিষয়ে লেখাপড়া করছেন। সেওমার সঙ্গে আলাপকালে জানা যায়, এর আগে তার বিয়ে হয়েছে এবং ওই সংসারে ৩টি সন্তান রয়েছে। এক ছেলে ও দুই মেয়ে। ছেলের নাম ইদুওয়ারদু এবং মেয়ে দেবুরা ও ব্রুনা।
সেওমা জানান, আগের স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে অনেক আগেই। ২৬ বছর বয়সী রকিবের কাছে প্রশ্ন ছিল ৪৭ বছরের ব্রাজিলিয়ান মেয়ের সঙ্গে প্রেম করে বিয়ে করার কোনো উদ্দেশ্য আছে কিনা।
উত্তরে রকিব জানান, সত্যিকারের ভালোবাসায় বয়স কোনো ব্যাপারই না। আজ ২৮ জানুয়ারি সেওমা নবীগঞ্জ থেকে তার নিজ দেশ ব্রাজিলের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে গিয়ে তার স্বামীকে ব্রাজিলে নেয়ার কাগজপত্র পাঠাবেন।