শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুসলিম ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন বিপুল সংখ্যক মানুষ। তারই একটি চিত্র ফুলে উঠেছে বৃটেনের ভিক্টোরিয়া ক্রস প্রাপ্ত জনসন বেহারির ঘটনায়।
তিনি বৃটেনের একজন ওয়ার হিরো বা যুদ্ধ করা সেনা কর্মকর্তা। তাকে এশিয়ানদের মতো দেখা যায় বলে নিউ ইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরে আটকে রাখা হয়েছিল কমপক্ষে ৩ ঘন্টা। যেহেতু তিনি যুদ্ধ করতে ইরাকে গিয়েছিলেন সে জন্য তাকে নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের সন্দেহ ঘনীভূত হয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মুসলিম প্রধান ৭টি দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ করেন সে সময়ে তিনি জন এফ কেনেডি বিমানবন্দরে অবমাননার শিকার হন।
এতে বলা হয়, জনসন বেহারির পাসপোর্টে ইরাকের একটি স্ট্যাম্প বা সিল ছিল। সে কারণেই তাকে নিয়ে তাদের যত আপত্তি। তাই তার পাসপোর্ট নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়। একটি দাতব্য সংস্থার সম্মানীত অতিথি হিসেবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে এ ঘটনা ঘটে বেহারির জীবনে।
এক সময় ওই দাতব্য সংস্থাকে সহায়তা দিতেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করার পরও যখন বেহারিকে নিয়ে যুক্তরাষ্ট্রে এমন অবস্থা তখন তার মাঝে তীব্র ক্ষোভ দেখা দেয়। বেহারি যুদ্ধের কারণে বৃটিশ ও কমনওয়েলথ বাহিনীর তরফ থেকে সর্বোচ্চ সামরিক সম্মান ভিক্টোরিয়া ক্রস অর্জন করেন। এসব নিয়ে শনিবার তিনি ডেইলি মেইলের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, আমি অপমানিত বোধ করেছি। আমার পাসপোর্টে ইরাকের সিল ছিল বলে হয়তো বিমান বন্দর কর্তৃপক্ষের সন্দেহ জেগেছিল। হতে পারে আমাকে কিছুটা এশিয়ার মানুষের মতো দেখা যায়। তার অর্থ এই নয় যে, আমাকে একজন সন্ত্রাসী হিসেবে সন্দেহ করা উচিত।
আমি বিমানবন্দরে কর্মকর্তাদের বলেছিলাম যে, আমি বৃটিশ সেনাদের হয়ে ইরাকে যুদ্ধ করেছি। কিন্তু তারা যেন আমার কথা শুনতেই পেলেন না। যখন আমি এ নিয়ে হইচই শুরু করি শুধু তখনই অফিসাররা আমাকে ভিতরে প্রবেশ করতে দিলেন।
তিনি বলেন, ওই বিমানবন্দরে আমাদেরকে দুটি ভাগে ভাগ করা হলো। একটি হলো, যারা যুক্তরাষ্ট্রের নাগরিক তাদের একটি লাইন। যারা যুক্তরাষ্ট্রের নাগরিক নন তাদেরকে আরেকটি লাইনে দাঁড় করানো হলো। অন্যরা যখন লাইনে দাঁড়িয়ে ছিলেন তখন কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিকরা অবলীলায় ভিতরে প্রবেশ করে যার যার কাজে চলে গেছেন। অভিবাসনের এক কর্মকর্তা মধ্যপ্রাচের মানুষের মতো মনে হয় এমন ব্যক্তিদের আলাদা করলেন।
তিনি বলেন, এ সময় আমরা জানতে চাইলাম কি ঘটতে যাচ্ছে। কিন্তু তারা আমাদের কোনো প্রশ্নের উত্তর দিলেন না।