মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৪

ইসরাইলি নিরাপত্তা সংস্থার কয়েদিদের ওপর কিভাবে নির্যাতন চালায় তা প্রকাশ পেয়েছে

ইসরাইলি নিরাপত্তা সংস্থার কয়েদিদের ওপর কিভাবে নির্যাতন চালায় তা প্রকাশ পেয়েছে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইসরাইলি নিরাপত্তা সংস্থা শিন বেটের জিজ্ঞাসাবাদকারীরা তাদের কয়েদিদের ওপর কিভাবে ও কেমনতর নির্যাতন চালায় তা প্রকাশ পেয়েছে।

ইসরাইলি পত্রিকা হারেৎসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নাক, ঠোঁট, কানের মতো সপর্শকাতর জায়গায় আঘাত হানার জন্য মাথায় চড় দেয়া, হাতে হাতকড়া পরা অবস্থায় দীর্ঘ সময়ের জন্য দাঁড়িয়ে থাকা, হাত ও পায়ে হাতকড়া পরা অবস্থায় চেয়ারের ওপর দিয়ে নিজের শরীরকে পেছন দিকে বাঁকানো- ইত্যাদি উপায়ে কয়েদিদের ওপর নির্যাতন চালানো হয়।

আর এসব সাবেক এক জিজ্ঞাসাবাদকারী নিজেই প্রকাশ করেছেন। এ খবর দিয়েছে আল-জাজিরা অনলাইন। খবরে বলা হয়, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি ও ইসরাইলি মানবাধিকার কর্মীরা যে ধরনের নির্যাতনের ঘটনা নথিবদ্ধ করেছেন, তার সঙ্গে এসবের মিল রয়েছে। কয়েদিদের অধিকারবিষয়ক এনজিও অ্যাড্ডামিরের এক মুখপাত্র বলেন, এ ধরনের নির্যাতন মূলত ফিলিস্তিনি বন্দিদের ওপর করা হয়।

তিনি আরো বলেন, এগুলো ছাড়াও ফিলিস্তিনি বন্দিদের ঘুমোতে না দেয়া, পরিবারের সদস্যদের নিয়ে হুমকি দেয়ার মতো নির্যাতনও চালানো হয়। পাবলিক কমিটি এগেইন্সট টর্চার (পিসিএটিআই)-এর নির্বাহী পরিচালক র্যাচেল স্ট্রোমসা বলেন, তার এনজিওর কাছে এ ধরনের শ’ শ’ অভিযোগ রয়েছে।

তিনি আরো বলেন, এ ধরনের নির্যাতনগুলো শুধু ভবিষ্যৎ পরিকল্পনা সমপর্কে জানার জন্যই করা হয় না। তারা পূর্বে কি কি করেছে সেসবের স্বীকারোক্তি বের করার জন্যও করা হয়।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত বছরের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করে যে, শিন বেট কর্মীরা ফিলিস্তিনি বন্দিদের অত্যাচার করেছে। এসব বন্দিদের মধ্যে শিশুরাও রয়েছে।

নির্যাতনের জন্য লাঠি দিয়ে আঘাত করা, চপেটাঘাত করা, শ্বাসরোধ করা, টুঁটি চেপে ধরা, ঘুমোতে না দেয়া, হুমকি দেয়া, কষ্টদায়ক উপায়ে বসিয়ে রাখা, দীর্ঘ সময়ের জন্য শেকলে বেঁধে রাখা- ইত্যাদি উপায় ব্যবহার করা হয়।

ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল-প্যালেস্টাইনের এক প্রতিনিধি বলেন, সংস্থাটির এক জরিপে দেখা যায় যে, দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলের হাতে বন্দি ফিলিস্তিনি শিশুদের দুই-তৃতীয়াংশই গ্রেপ্তারের পর শারীরিক সহিংসতার শিকার হয়েছে। সংস্থাটির জবাবদিহিতা কার্যক্রমের পরিচালক আবু কাতাইশ বলেন, স্বীকারোক্তি বের করার জন্য ফিলিস্তিনি শিশুদের ওপর কঠোর ও নিষ্ঠুর উপায়ে নির্যাতন চালানো হয়।

নির্যাতনের মধ্যে কষ্টদায়ক অবস্থানে বসিয়ে রাখা, হুমকি ও নির্বাসন উল্লেখযোগ্য। ইসরাইলি বিচারকরা খুব কমই জোরজবরদস্তি করে আদায় করা এসব স্বীকারোক্তি প্রত্যাখ্যান করেছেন। অপর এক গবেষণা অনুসারে, শিন বেট পশ্চিম তীরের যেসব ফিলিস্তিনি বন্দিকে জিজ্ঞাসাবাদ করেছে তাদের ৯১ শতাংশই জিজ্ঞাসাবাদের পুরো বা আংশিক সময় নির্জন কারাবাসে থাকে। সামরিক আদালতে কোনো ফিলিস্তিনিকে ৬০ দিনের জন্য কোনো আইনজীবী ছাড়াই ধরে বন্দি করে রাখার নিয়ম আছে। যুক্তরাষ্ট্রে এই সময় ১৬ ঘণ্টা।

উল্লেখ্য, সামরিক আদালতে দোষী সাব্যস্ত হওয়ার হার ৯৯ শতাংশ। আবু কাতাইশ এ বিষয়ে বলেন, যেভাবে ফিলিস্তিনি শিশুরা দুর্ব্যবহারের সম্মুখীন হচ্ছে এবং তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তা থেকে সপষ্টভাবে বলা যায় যে, সামরিক আদালতে ন্যায়বিচার নিয়ে কোনো মাথাব্যথা নেই। এনজিও আড্ডামির জানায়, নির্যাতনের পাশাপাশি ফিলিস্তিনিদের দিয়ে প্রায়ই হিব্রু ভাষায় লেখা পাতায় স্বীকারোক্তির জন্য স্বাক্ষর নেয়া হয়। ফিলিস্তিনিদের অনেকেই হিব্রু জানে না।

মানবাধিকার কর্মীরা বলছেন, ইসরাইলের এই নির্যাতনের ওপর জরুরিভিত্তিতে আন্তর্জাতিক দৃষ্টি দেয়া উচিত। যদিও ইসরাইলের সুপ্রিম কোর্ট ১৯৯৯ সালে জিজ্ঞাসাবাদের জন্য শারীরিক উপায়ের ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছে, তবুও শিন বেট বিচারহীনতা ভোগ করছে। ২০০১ সাল থেকে শিন বেট ইন্টারোগেশন কর্মীদের বিরুদ্ধে শত শত অভিযোগ করা হয়েছে। তবে এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি তদন্ত হয়নি।

স্ট্রোমসা বলেন, আমি মনে করি আন্তর্জাতিক চাপের দরকার আছে। কিছু বিষয়ে এই চাপে ফল এসেছে। তিনি আরো বলেন, ইসরাইলের জন্য বাইরের দেশগুলোর অর্থনৈতিক ও রাজনৈতিক সমর্থন অত্যধিক বেশি। সেজন্যই নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়া আন্তর্জাতিক সমপ্রদায়ের দায়িত্ব।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026