শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৮

বাংলার ভালোবাসায় বিদেশিনী

বাংলার ভালোবাসায় বিদেশিনী

উৎপল রায়: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হালিতলা গ্রামের আসকান উদ্দিনের ছেলে আব্দুর রকিব (২৬)। মৌলভীবাজার সরকারি কলেজে মাস্টার্স শেষ বর্ষে পড়ছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার পরিচয় হয় সুদূর ব্রাজিলের ৪৭ বছর বয়সী নারী ও তিন সন্তানের জননী সেওমা বিজেরার সঙ্গে। একপর্যায়ে মন দেয়া নেয়া থেকে ভালোবাসায় জড়িয়ে পড়েন দুজনে। এমনই ভালোবাসা যে রকিবকে বিয়ে করার জন্য সুদূর ব্রাজিল থেকে গত ৩১শে ডিসেম্বর বাংলাদেশে ছুটে আসেন সেওমা। ইতিমধ্যে রকিব ও সেওমা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

বাংলাদেশি তরুণের ভালোবাসার টানে মধ্যবয়সী নারীর ব্রাজিল থেকে ছুটে আসা এবং বিয়ে সংসার করার ঘটনায় চাঞ্চল্য ও আলোচনার খোরাক যোগায়। শুধু ব্রাজিলের সেওমা বিজেরাই নন বাংলাদেশিকে ভালোবেসে আমেরিকা, ভারত, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশের অনেক তরুণী হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছেন ঘর সংসার করতে। ভালোবাসার টানে সব কিছু ফেলে আসা এসব বিদেশিনীরা এখন ‘বাংলার বধূ’।

নবীগঞ্জের রকিব জানান, কয়েকমাস আগে ফেসবুকে সেওমার আইডিতে লাইক দেন তিনি। সেওমাও তাকে লাইক দেন। এভাবেই তাদের মধ্যে যোগাযোগ শুরু হয়। একপর্যায়ে যা গড়ায় ভালোবাসার সম্পর্কে। রকিব জানান, গত বছরের ডিসেম্বরের প্রথম দিকে সেওমা ব্রাজিলে বাংলাদেশের দূতাবাসে গিয়ে ভিসা সংগ্রহ করেন। পরে ৩১শে ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন তিনি।

ওইদিন বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভালোবাসার মানুষ আব্দুর রকিব। গত ৩রা জানুয়ারি হবিগঞ্জে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করেন দুজন। পরে ইসলাম ধর্মের রীতি ও নিয়ম অনুযায়ী দু’লাখ টাকার কাবিন রেজিস্ট্রির মাধ্যমে সেওমা ও রকিবের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রকিব আরো জানান, সেওমা ব্রাজিলে শিক্ষকতা করছেন। পাশাপাশি আইন বিষয়েও পড়াশুনা করছেন তিনি।

স্থানীয়রা জানান, তার (সেওমা) থেকে ২১ বছরের কম বয়সী একজন তরুণের ভালোবাসার টানে সুদূর ব্রাজিল থেকে এভাবে ছুটে আসা বিরল ঘটনা। ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় এলাকার অনেকেই সেওমা ও রকিবকে সাধুবাদ জানান।

সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের তরুণী এলিজাবেথের সঙ্গে বন্ধুত্ব হয় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামের যুবক মিঠুন বিশ্বাসের। তাদের বন্ধুত্ব রূপ নেয় ভালোলাগা ও ভালোবাসায়।

একপর্যায়ে ভালোবাসার এক অনন্য নজির স্থাপন করেন মিঠুন ও মার্কিন তরুণী এলিজাবেথ। গভীর ভালোবাসার টানে এলিজাবেথ ঘুচিয়ে ফেলেন সাত সমুদ্র তের নদীর ওপারের আমেরিকার ওয়াশিংটনের সঙ্গে বাংলাদেশের দূরত্ব। তাদের ভালোবাসার সফল পরিণতি হয় বিয়ের মাধ্যমে। মিঠুন বিশ্বাস বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত।

২০১৪ সালের মাঝামাঝিতে ফেসবুকে মিঠুনের সঙ্গে পরিচয় হয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটর সিটির রয় এমলিকের কন্যা এলিজাবেথের সঙ্গে। দুই বছরের বেশি সময় প্রেমের সম্পর্কের পর দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নেন। বিষয়টি দুজনের পরিবারকেও জানানো হয়। কিন্তু এলিজাবেথকে বিয়ের ব্যাপারে তার (মিঠুন) পরিবার থেকে তেমন কোনো আপত্তি না উঠেলেও

এলিজাবেথের পরিবার আপত্তি জানায়। মিঠুন জানান, তার সঙ্গে পরিচয়ের আগে বাংলাদেশ বলে পৃথিবীতে কোনো দেশ আছে সেটাই এলিজাবেথের জানা ছিল না। এমনকি বাংলাদেশ সম্পর্কে এলিজাবেথের পরিবারের ছিল বিভিন্ন নেতিবাচক ধারণা। একপর্যায়ে হতাশ হয়ে পড়েন মিঠুন।

কিন্তু কঠিন ভালোবাসা বলে কথা। একজন আরেকজনকে ছেড়ে থাকতে কোনোমতেই রাজি নন মিঠুন ও এলিজাবেথ। পরিবারের সদস্যদের সকল নিষেধ, আদেশ, ভয়ভীতি অগ্রাহ্য করে জীবনের কঠিন সিদ্ধান্ত নিয়ে নেন এলিজাবেথ। গ্র্যাজুয়েশন সম্পন্ন করা এলিজাবেথ বিখ্যাত ওয়ালমার্টে চাকরি শুরু করেন। এমনকি নিজের ভবিষ্যৎ ও বাংলাদেশে আসার জন্য কিছু অর্থও সঞ্চয় করেন তিনি।

একপর্যায়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেন এলিজাবেথ। একসময় ভিসাও পেয়ে যান। গত ২রা জানুয়ারি চলে আসেন বাংলাদেশে। দুই পরিবারের সম্মতিতে ৪ঠা জানুয়ারি বাগদান সম্পন্ন হয় মিঠুন-এলিজাবেথের। পরে ৯ই জানুয়ারি খুলনার শালক এজি চার্চে বিয়ে বন্ধনে আবদ্ধ হন দুজনে।

বাংলাদেশি যুবকের জন্য ভালোবাসার টানে সুদূর মার্কিন তরুণীর এভাবে বাংলাদেশের ঝিনাইদহের ছোট্ট গ্রামে ছুটে আসায় আলোড়ন শুরু হয় মিঠুনের এলাকায়। এলিজাবেথকে দেখতে তখন ভিড় লেগে যায় তাদের বাসায়।

মাগুরার কলেজপাড়ার তরুণ কাজী মারুফুজ্জামান চন্দন। থাকেন অষ্ট্রেলিয়ায়। সেখানে মেলবোর্নের একটি বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা গ্রহণ করছেন তিনি। পড়াশোনার সুবাদে একই বিশ্ববিদ্যালয়ের তরুণী ক্যাথরিনা ক্যাথির সঙ্গে পরিচয় তার।

একসময় পরিচয় গড়ায় প্রেমে এবং তা এমনই প্রেম যে সুদূর অস্ট্রেলিয়ায় পরিবার পরিজন ছেড়ে ক্যাথি চলে এসেছেন বাংলাদেশের মাগুরায়। গত বছরের ডিসেম্বরে চন্দন ও ক্যাথরিনা বিয়ে করেন। ইতিমধ্যে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে সংসার শুরু করেছেন ক্যাথরিনা। বাংলাদেশে এসে তার (ক্যাথরিনা) যে ভালো লেগেছে এটিও বলেছেন স্থানীয় গণমাধ্যমকর্মী, তার আত্মীয় পরিজন ও প্রতিবেশীদের। বাংলাদেশিদের আতিথেয়তা ও ভালোবাসায় মুগ্ধ ক্যাথরিন।

একই সঙ্গে তার স্বামীর পাশাপাশি পরিবারের সকল সদস্য ও প্রতিবেশিরাও যে তাকে আদর ভালোবাসায় ভরিয়ে রেখেছে বলতে ভুলেননি সেটিও।

ছাত্র ভিসা নিয়ে ২০০৯ সালে আয়ারল্যান্ডে পাড়ি জমান সিলেটের বিয়ানী বাজারের ঘুঙ্গাদিয়া (হিলু টিলা) গ্রামের বাসিন্দা তাজউদ্দিনের পুত্র মাহবুবুর রহমান। সেখানে কিলকেনি থমাস টাউন এলাকার অধিবাসী জন রায়ানের মেয়ে ইফা রায়ানের সঙ্গে পরিচয় হয় মাহবুবের। মাহবুবুর রহমান আয়ারল্যান্ডের ওই এলাকায় একটি ব্যাংকে কর্মরত। আর ইফা রায়ান চিকিৎসা পেশায় জড়িত রয়েছেন। ভালোলাগা থেকে দুজনে জড়িয়ে পড়েন গভীর ভালোবাসায়। দুজনে সিদ্ধান্ত নেন বিয়ের।

২০১৫ সালে ইফা সপরিবারে মাহবুবুর রহমানের সঙ্গে চলে আসেন বাংলাদেশে। ওই বছরের ২০শে আগস্ট ভালোবাসার মানুষের সঙ্গে বসেন বিয়ের পিঁড়িতে। বাঙালি নারীর বিয়ের চিরায়িত রূপ লাল বেনারসি শাড়ি পরে হাতে মেহেদি লাগিয়ে স্বামীকে বরণ করে নেন তিনি।

দুবাইয়ের কোটিপতি বাবার কন্যা ভারতের রাজস্থানের শিকড় জেলার ফতেপুর থানার তারঙ্গা গ্রামের তরুণী উর্মিলা সিং থৌরি। বাংলাদেশের ফেনীর দাগনভূঞার চন্দ্রপুর গ্রামের টেম্পোচালক পিতার ছেলে মহিউদ্দিন। উর্মিলার বাবা সিসফুল সিং থৌরীর ব্যবসা রয়েছে দুবাইয়ে। মা সন্তোষ থৌরী। রাজস্থানের একটি বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করার পর উর্মিলা দুবাইয়ে বাবার পারিবারিক ব্যবসা দেখাশোনা করতে চলে যান দুবাইয়ে। মহিউদ্দিনের সঙ্গে সেখানেই পরিচয়। মহিউদ্দিন মেকানিক হিসেবে কাজ করতেন তারই বাবার ব্যবসা প্রতিষ্ঠানে। প্রথমে ভালোলাগা। তারপর দুজনের কাছে আসা।

এরপর একটু একটু প্রেম। একসময়ে গভীর ভালোবাসার সমুদ্রে ভাসতে থাকেন মহিউদ্দিন ও উর্মি। একসময় ছুটিতে মহিউদ্দিন চলে আসেন বাংলাদেশে। কিন্তু এমনই কঠিন ভালোবাসা তাদের, যার জন্য তাদের ঠিকানা হয়েছিল চট্টগ্রাম কারাগার। ঘটনাটি ২০১৪ সালের। প্রেমিকের সঙ্গে অনেকদিন দেখা নেই, কথা নেই। তাই উর্মিলা বেছে নেন দুঃসাহসী পথ।

প্রিয় মানুষটিকে একনজর দেখার জন্য ওই বছরের ৬ই মে আগরতলা সীমান্ত পাড়ি দিয়ে চলে আসেন বাংলাদেশে। মহিউদ্দিন তখন চট্টগ্রামের বাকলিয়ায়। উর্মিলা সিদ্ধান্ত নেন মহিউদ্দিনকে বিয়ে করবেন। কিন্তু একদিকে বাবা, মা এ বিয়ে কিছুতেই মেনে নেবেন না। অন্যদিকে প্রেমিক মহিউদ্দিনকেও ছাড়া যাবে না। একসময় জীবনের কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেন উর্মিলা। নিজ ধর্ম ত্যাগ করে ১৮ই মে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন মহিউদ্দিনকে।

এদিকে উর্মিলার বাবা সিসফুল সিং থৌরি দুবাই থেকে মেয়ের খোঁজে রীতিমত দিশাহারা। যোগাযোগ করেন ঢাকার একটি গোয়েন্দা সংস্থার সঙ্গে। তিনি জানতে পারেন তার মেয়ে অবস্থান করছেন বাংলাদেশের চট্টগ্রামে। বিয়েও করে ফেলেছেন তারই ব্যবসা প্রতিষ্ঠানের মেকানিক মহিউদ্দিনকে।

এরপর নানা বিপত্তি। বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মামলা করা হয় উর্মিলার বিরুদ্ধে। মামলা থেকে রেহাই পাননি তার ভালোবাসার মানুষ মহিউদ্দিনও। বাকলিয়া থানার পুলিশ কর্মকর্তারা জানান, অদ্ভুত প্রেম ভালোবাসা হলেও তারা আইন লঙ্ঘন করেছেন। ২০১৪ সালের জুনে চট্টগ্রামের একটি আদালত দু’জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ১৩ই জুন উর্মিলাকে উদ্ধারের জন্য বাকলিয়া থানা পুলিশের কাছে চিঠি পাঠান ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা।

ষোড়শী বৈশাখী কাণ্ডার (১৬)। পশ্চিম বঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা থানার ভাটিরামপুর গ্রামের তরুণ কান্ডারের মেয়ে। বৈশাখী গত বছরের ২২শে জুন স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি।

ওই দিনই বৈশাখীর মা নিবেদিতা কান্ডার স্থানীয় গোসাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজ হওয়ার এক মাস পর বৈশাখীকে বরিশালের উজিরপুর উপজেলার প্রত্যন্ত কালবিলা গ্রাম থেকে উদ্ধার করে র্যাব-৮। জানা যায় নিখোঁজের আসল রহস্য। আসলে ভালোবাসার টানে বৈশাখী বরিশালের উজিরপুরের কালবিলা গ্রামের মনীন্দ্র মল্লিকের ছেলে স্বপন মল্লিকের সঙ্গে চলে আসে বাংলাদেশে।

র‌্যাব’র কর্মকর্তা জানান, মানব পাচারবিরোধী একটি সংগঠনের মাধ্যমে বৈশাখীর বিষয়ে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতিকে জানানো হয়। পরে মহিলা আইনজীবী সমিতি বৈশাখীকে উদ্ধারে র্যাবের সাহায্য চায়।

বৈশাখী জানায়, পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার গোসাবা থানার ভাটিরামপুরে তাদের গ্রামের বাড়িতে রং মিস্ত্রীর কাজ করতো স্বপন মল্লিক। একপর্যায়ে তাদের মধ্যে মন দেয়ানেয়া শুরু হয়। গভীর ভালোবাসায় জড়িয়ে পড়ে দুজন। পরে দুজনে বিয়ে করে চলে আসে বাংলাদেশে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026